রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাস না করেও ওই বিভাগে ভর্তি হয়েছেন এক শিক্ষকের ছেলে। জানা গেছে, বিশ্ববিদ্যালয় ভর্তি উপকমিটি ‘বিশেষ বিবেচনায়’ তাঁকে ভর্তির অনুমতি দেয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ফার্মেসি বিভাগ সূত্রে জানা গেছে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মুহিবউল্লাহ ছিদ্দিকীর ছেলে আরবার আল মাহমুদ ছিদ্দিকী চলতি শিক্ষাবর্ষে ফার্মেসি বিভাগের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। ওই বিভাগে ভর্তির শর্ত হিসেবে ভর্তি পরীক্ষায় ২৫ নম্বরের মধ্যে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে। কিন্তু মাহমুদ ছিদ্দিকী পান ৯ দশমিক ২৫ নম্বর। তারপরও মুহিবউল্লাহ ছিদ্দিকী তাঁর ছেলেকে ওই বিভাগে ভর্তি করানোর জন্য ভর্তি উপকমিটি বরাবর আবেদন করেন। এরপর ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের সভাপতিত্বে ভর্তি উপকমিটির সভা হয়। সভায় মুহিবউল্লাহ ছিদ্দিকীর আবেদনের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং মাহমুদ ছিদ্দিকীকে ফার্মেসি বিভাগে ‘বিশেষ বিবেচনায়’ ভর্তির অনুমতি দেওয়া হয়। গত ১০ জানুয়ারি তিনি ফার্মেসি বিভাগে ভর্তি হন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘ভর্তি উপকমিটি ইচ্ছে করলে ভর্তির শর্ত শিথিল করে যে কাউকে ভর্তির জন্য অনুমতি দিতে পারে।’ফার্মেসি বিভাগের সভাপতি মারুফ আহমেদ বলেন, সংশ্লিষ্ট বিভাগ বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য। তবে ফার্মেসি বিভাগ ভর্তির শর্ত শিথিল করে কাউকে ভর্তি করায়নি বা কাউকে ভর্তি করার অনুমতি দেয়নি বলে তিনি উল্লেখ করেন।ফার্মেসি বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর কোনো অকৃতকার্য প্রার্থীর জন্য ভর্তির শর্ত শিথিল করে ভর্তির অনুমতি দেওয়ার বিষয়টি বিধিসম্মত হতে পারে না। যেটা করা হয়েছে তা স্বেচ্ছাচারিতা বলে তাঁরা মন্তব্য করেছেন।