ইংরেজিতে বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হলে তা সামগ্রিক পাসের হার বাড়িয়ে দেয়। ঢাকা বোর্ডের কথাই ধরা যাক। গত বছর গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ২১ শতাংশ। এবার এ বোর্ডে ইংরেজিতে পাসের হার ৮২ দশমিক ৮৯ শতাংশ।ঢাকা বোর্ডে পাসের হার গত বছরের তুলনায় প্রায় ৫ শতাংশ বেড়েছে। আবার ইংরেজিতেও পাসের হার বেড়েছে প্রায় ৫ শতাংশ। একই চিত্র রাজশাহী বোর্ডের ক্ষেত্রেও। ওই বোর্ডে পাসের হার আট বোর্ডের মধ্যে বেশি, ৭৯ শতাংশ। ইংরেজিতেও পাসের হার গত বছরের তুলনায় বেড়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষ সঠিক পরিসংখ্যান তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, কমিউনিকেটিভ ইংরেজি বইয়ের পাঠ্যক্রম, বিষয়বস্তু এবং প্রশ্নপত্র তুলনামূলক সহজ। তাই এখনকার ছেলেমেয়েরা কঠিন বলে বিবেচিত ইংরেজিতে পাস নম্বর সহজে তুলতে পারে। এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান আরও বলেন, নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। তবে প্রশ্নপ্রণেতা কে হবেন, তা তদারক করা হয়। একজন অধ্যক্ষ বা অধ্যাপক কিংবা অভিজাত প্রতিষ্ঠানের শিক্ষক প্রশ্ন করবেন কি না অথবা বিষয় সম্পৃক্ত নন—এমন কোনো শিক্ষককে প্রশ্ন করতে দেওয়া হবে কি না সেগুলো মাথায় রাখা হয়। এর কারণ হিসেবে তিনি বলেন, প্রশ্নকর্তা অভিজাত প্রতিষ্ঠানের হলে সবার কথা তাঁর মাথায় না-ও থাকতে পারে।ইংরেজির ফল খারাপ, তাই পাসের হার কম: ইংরেজিতে পাসের হার কম হলে তা সামগ্রিক পাসে নেতিবাচক প্রভাব ফেলে। যশোর বোর্ডে পাসের হার এবার সর্বনিম্ন ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এর কারণ ওই বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৭ দশমিক ২ শতাংশ। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রথম আলোকে জানিয়েছেন, যশোর বোর্ডে ইংরেজির প্রশ্ন কঠিন হয়েছিল, তাই ওই বিষয়ে পাসের হার কমেছে এবং এর প্রভাব পড়েছে সামগ্রিক ফলের ওপর।রাজধানী এগিয়ে: সারা দেশের মধ্যে রাজধানী ঢাকার ফল সবচেয়ে ভালো হবে, এটাই স্বাভাবিক। ভালো শিক্ষাপ্রতিষ্ঠান, সেরা শিক্ষক, সচেতন অভিভাবকের বেশির ভাগই ঢাকায় অবস্থান করেন। ঢাকার অধিকাংশ শিক্ষার্থীর মান দেশের অন্য এলাকার চেয়ে ভালো। এর প্রমাণ পাওয়া যায় ফল দেখে। আটটি শিক্ষা বোর্ডে পাসের গড় হার ৭২ দশমিক ৩৬ শতাংশ। কিন্তু ঢাকা বোর্ডে ৭৬ দশমিক ৮৯ শতাংশ। আর ঢাকা মহানগরে পাসের হার ৮৭ দশমিক ৮৫ শতাংশ। গত বছর ঢাকা মহানগরে পাসের হার ছিল ৮৪ দশমিক ৭১ শতাংশ। খুব ভালো বেশি, খুব খারাপ কম: এইচএসসি পরীক্ষার্থীদের মোট ৫ দশমিক ৫৩ শতাংশ জিপিএ-৫ পেয়েছেন। জিপিএ-১ থেকে ২ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ দশমিক ৪ শতাংশ। এই চিত্র প্রমাণ করে, খুব ভালোর সংখ্যা বেশি, খুব খারাপের সংখ্যা কম। এবার জিপিএ-৪ থেকে ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৮ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে জিপিএ-৩ থেকে ৪ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৮ শতাংশের কাছাকাছি। এ ছাড়া ২ থেকে ৩ পেয়েছেন প্রায় ১৭ শতাংশ শিক্ষার্থী।তিন শাখায় ছাত্রীদের পাসের হার বেশি: ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৪৮ শতাংশ, ছাত্রদের পাসের হার ৭২ দশমিক ৭৮ শতাংশ। মানবিক শাখায় ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ২৪ শতাংশ, ছাত্রদের পাসের হার ৬২ দশমিক ৮৭ শতাংশ।আবার ব্যবসায় শিক্ষা শাখায় ৮৪ দশমিক ৪৫ শতাংশ ছাত্রী পাস করেছেন, ছাত্রদের পাসের হার এই শাখায় ৮০ দশমিক ৪৯ শতাংশ।বিশ্লেষণে দেখা গেছে, তিনটি শাখায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের হার তুলনামূলক বেশি। তবে সংখ্যার দিকে থেকে এগিয়ে আছেন ছাত্ররা।পাসের হার ৬৪ থেকে ৭২ শতাংশ: ২০০৬ সালে পাসের হার ছিল ৬৩ দশমিক ৯২ শতাংশ। ২০০৭ সালে ছিল ৬৪ দশমিক ২৭ শতাংশ। আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়ে ২০০৮ সালে পাসের হার দাঁড়ায় ৭৪ দশমিক ৮৫ শতাংশ। ২০০৯ সালের পর থেকে পর্যায়ক্রমে পাসের হার বেড়ে দাঁড়ায় ৭০ দশমিক ৪৩ এবং ৭১ দশমিক ৮২ শতাংশ। চলতি বছর পাসের হার ৭২ দশমিক ৩৬ শতাংশ ।জিপিএ-৫ বাড়ছেই: ২০০৪ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ৪৭ জন। সাত বছর পর এবার ১০টি শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ হাজার ৭৬৯ জন। এই সংখ্যা গতবারের চেয়েও ১০ হাজার ৭৬৫ জন বেশি। ২০১০ সালে আগের বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুই হাজারের মতো কমে গিয়েছিল। শিক্ষা কর্মকর্তারা বলেছেন, পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণ, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি। ফেল করলে এর পরিণতি সম্পর্কে তাঁরা সচেতন। আবার নামমাত্র পাস করলেও ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় না, মেলে না ভালো চাকরি। এসব বিষয় বিবেচনা করে সংশ্লিষ্ট সবার মধ্যে পড়াশোনায় বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে।