পাস হলো পারিবারিক সহিংসতা আইন
অবশেষে জাতীয় সংসদে পাস হলো পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০। আইনে বলা আছে, এমন কোনো ব্যক্তির মাধ্যমে পরিবারের কোনো নারী বা শিশুসদস্য শারীরিক, মানসিক, যৌননির্যাতনের সম্মুখীন হলে এবং আর্থিক ক্ষতি হলে তা পারিবারিক সহিংসতার পর্যায়ে পড়বে। পরিবার ও পারিবারিক সম্পর্ক বলতে রক্তসম্বন্ধীয়, বৈবাহিক সম্পর্ক, দত্তক বা যৌথ পরিবারের সদস্যরা একসঙ্গে বাস করছে বা করত তাদের বোঝাবে।যেকোনো বয়সের নারী এবং ১৮ বছরের কম বয়সের যেকোনো শিশু এ আইনের সুবিধা ভোগ করতে পারবে। আইনে প্রতিপক্ষ বলতে যার বিরুদ্ধে কোনো আবেদন বা প্রতিকার চাওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়স্থান বলতে সরকার অনুমোদিত বা আদালতের বিবেচনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য নিরাপদ বলে বিবেচিত এমন কোনো আশ্রয় বা বাসা, যা কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। কোনো নারী বা শিশু পারিবারিক সম্পর্কের ভিত্তিতে অন্য কোনো সদস্যের মাধ্যমে সহিংসতার শিকার হয়েছে বা হচ্ছে বা সহিংসতার ঝুঁকির মধ্যে আছে, তাকে সংক্ষুব্ধ ব্যক্তি বলা হয়েছে।মৌখিক নির্যাতন, অপমান, অবজ্ঞা, ভয় দেখানো ও এমন কোনো কথা বলা, যার মাধ্যমে অন্য ব্যক্তির মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষতিগ্রস্ত হয়, হয়রানি, স্বাভাবিক চলাচল, যোগাযোগ ও ব্যক্তিগত ইচ্ছা বা মতামত প্রকাশের ওপর হস্তক্ষেপকে আইনে মানসিক নির্যাতন বলা হয়েছে।পুলিশের কর্মকর্তা পারিবারিক সহিংসতার খবর পাওয়া মাত্র সহিংসতার শিকার ব্যক্তিকে আইন অনুসারে প্রতিকার, চিকিৎসাসেবা, যদি প্রয়োজন হয় তাহলে বিনা খরচে আইনি পরামর্শ ও সহায়তা প্রাপ্তিতে সহযোগিতাসহ অন্যান্য দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।আইনে প্রতিটি উপজেলা, থানা, জেলা বা মেট্রোপলিটন এলাকার জন্য এক বা একাধিক প্রয়োগকারী কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়েছে। প্রয়োগকারী কর্মকর্তা আদালতকে সহযোগিতা, আদালতের কাছে প্রতিবেদন উপস্থাপন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটি জানানো, সংক্ষুব্ধ ব্যক্তির অনুরোধে আদালতের কাছে সুরক্ষা আদেশের জন্য আবেদন, সংক্ষুব্ধ ব্যক্তিকে আশ্রয় নিবাসে পাঠানো, স্বাস্থ্যগত পরীক্ষা, ক্ষতিপূরণ আদেশ প্রতিপালনের বিষয়টি নিশ্চিতকরণসহ বিভিন্ন দায়িত্ব পালন করবেন। প্রয়োগকারী কর্মকর্তা তাঁর দায়িত্ব পালন না করলে বা অবহেলা করলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।আইনে সেবাদানকারী সংস্থা, আশ্রয় নিবাসের দায়িত্ব এবং যাঁরা চিকিৎসাসেবা দেবেন, তাঁদেরও দায়-দায়িত্বের কথা বলা হয়েছে। সংক্ষুব্ধ ব্যক্তির পারিবারিক সম্পর্ক থাকার কারণে অংশীদারের সঙ্গে একই বাড়িতে থাকার অধিকার থাকবে। আবেদনকারী বা প্রতিপক্ষের বসবাসের জায়গা, যে জায়গায় ঘটনাটি ঘটেছে বা সংক্ষুব্ধ ব্যক্তি যেখানে অস্থায়ীভাবে থাকে, সেই জায়গার আদালতে আবেদন দাখিল করা যাবে।আবেদন পাওয়ার পর তা পর্যালোচনা করে আদালত যদি মনে করেন যে প্রতিপক্ষের প্ররোচনায় পারিবারিক সহিংসতা ঘটেছে বা ঘটার সম্ভাবনা রয়েছে, তাহলে আদালত প্রতিপক্ষের বিরুদ্ধে একতরফাভাবে অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ দিতে পারবেন এবং কেন স্থায়ী সুরক্ষা আদেশ দেওয়া হবে না, নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে তার কারণ দর্শানোর জন্য প্রতিপক্ষকে নির্দেশ দিতে পারবেন।সংক্ষুব্ধ ব্যক্তি ও প্রতিপক্ষকে শুনানির সুযোগ দিয়ে আদালত যদি সন্তুষ্ট হন যে সহিংসতা ঘটেছে বা ঘটার সম্ভাবনা আছে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে সুরক্ষা আদেশ দিতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিপক্ষকে সহিংসতামূলক কেনো কাজ না করা, প্ররোচনা না দেওয়া, নির্যাতনের শিকার ব্যক্তির কর্মস্থল, ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য কোন জায়গায় যেখানে সচরাচর যাতায়াত করে, সেখানে না যাওয়া, টেলিফোনসহ যেকোনো মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা, স্থাবর-অস্থাবর সম্পত্তি, মূল্যবান বস্তু, দলিল, ব্যাংক লকার, যা সংক্ষুব্ধ ব্যক্তি একা বা প্রতিপক্ষের সঙ্গে যৌথভাবে পরিচালনা করে, তা হস্তান্তর বা পরিচালনা না করা এবং সংক্ষুব্ধ ব্যক্তির আত্মীয় বা সে যার ওপর নির্ভরশীল বা সহায়তা করছে তার ওপর নির্যাতন করতে পারবেন না।সংক্ষুব্ধ ব্যক্তি যে অংশীদারি বাসায় বা তার যে অংশে থাকবে, সেখানে প্রতিপক্ষের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করবেন আদালত। আদালত যদি মনে করেন, সুরক্ষা আদেশ বলবৎ থাকা অবস্থায় অংশীদারি বাসা সংক্ষুব্ধ ব্যক্তি বা তাঁর সন্তানদের জন্য নিরাপদ নয়, তা হলে আদালত আইন প্রয়োগকারী কর্মকর্তার তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে থাকার ব্যবস্থা করবেন। বিকল্প বাসার ভাড়া দেওয়ার জন্য প্রতিপক্ষকে নির্দেশ, সংক্ষুব্ধ ব্যক্তি যে যানবাহন ব্যবহার করতেন, তা অব্যাহত রাখার জন্যও নির্দেশ দেবেন। আদালত যদি মনে করেন, সংক্ষুব্ধ ব্যক্তির নিরাপত্তার জন্য প্রতিপক্ষকে অংশীদারি বাসা থেকে সাময়িকভাবে উচ্ছেদেরও আদেশ দিতে পারবেন। প্রতিপক্ষকে জামানতসহ বা জামানত ছাড়া মুচলেকা দেওয়ার আদেশ দেবেন, যাতে প্রতিপক্ষ বা তাঁর পরিবারের কোনো সদস্য ভবিষ্যতে আর সহিংসতামূলক কাজ করবে না।সংক্ষুব্ধ ব্যক্তির ব্যবহার করা মূল্যবান কোনো জিনিস, সম্পত্তি তাকে ফেরত দেওয়ার জন্য প্রতিপক্ষকে আদেশ দিতে পারবেন।সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবে। আঘাত, ভোগান্তি, শারীরিক ও মানসিক ক্ষতির প্রকৃতি ও পরিমাণ, চিকিৎসার খরচ, স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রভাব, সহিংসতার জন্য ব্যয় করা অর্থের পরিমাণ বিবেচনা করে প্রতিপক্ষকে ক্ষতিপূরণের আদেশ দেবেন আদালত। আবেদন পাওয়ার ছয় মাসের মধ্যে আদালত তা নিষ্পত্তি করবেন। সংক্ষুব্ধ ব্যক্তি ও তাঁর সন্তানদের ভরণপোষণের জন্য তারা যে পরিবেশে অভ্যস্ত, সেই ধরনের জীবনধারণের জন্য প্রতিপক্ষকে আদেশ দেবেন। আদালত উপযুক্ত মনে করলে এককালীন বা মাসিক পরিশোধযোগ্য ভরণপোষণেরও আদেশ দিতে পারবেন। প্রতিপক্ষ সরকারি, বেসরকারি বা যেকোনো ধরনের প্রতিষ্ঠানে চাকরিজীবী হলে ক্ষতিপূরণ আদেশের অনুলিপি তাঁর প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও পাঠানো হবে। প্রতিপক্ষ ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে তিনি যাঁর অধীনে কর্মরত, তাঁকে প্রতিপক্ষের মজুরি, বেতন বা অন্য কোনো পাওনা থেকে সংক্ষুব্ধ ব্যক্তিকে সরাসরি বা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন। আবেদন বিবেচনার যেকোনো পর্যায়ে সংক্ষুব্ধ ব্যক্তির সন্তানকে তাঁর কাছে বা তাঁর পক্ষে আবেদনকারীর জিম্মায় অস্থায়ীভাবে সাময়িক নিরাপদ হেফাজতে রাখার আদেশ দেবেন। প্রয়োজনে এ আদেশে প্রতিপক্ষকেও সন্তানের সঙ্গে দেখা করার বিষয়টি উল্লেখ করতে পারেন।ক্ষতিপূরণ আদেশ ছাড়া অন্যান্য নোটিশ জারির তারিখ থেকে অনধিক ৬০ কার্যদিবসের মধ্যে আদালত নিষ্পত্তি করবেন। প্রয়োজনে আরও সময় বাড়ানো যাবে, তবে সময় বাড়ানোর বিষয়টি আপিল আদালতকে অবহিত করতে হবে। আইনের অধীনে দাখিলকৃত আবেদন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করবেন। আবেদন বা কার্যধারা নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে।আদালত প্রয়োজন মনে করলে বিচারকাজ রুদ্ধদ্বার কক্ষে (ট্রায়াল ইন ক্যামেরা) করতে পারবেন। সরেজমিন তদন্ত, প্রতিপক্ষ উপস্থিত না হলে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। আদেশের বিরুদ্ধে যেকোনো সংক্ষুব্ধ পক্ষ আদেশ দেওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবে।এ আইনের অধীনে সংঘটিত অপরাধ আমলযোগ্য, জামিনযোগ্য ও আপসযোগ্য হবে। সুরক্ষা আদেশের শর্ত না মানলে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধের পুনরাবৃত্তি ঘটলে অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আদালত উপযুক্ত মনে করলে প্রতিপক্ষকে শাস্তি না দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজ করার জন্যও আদেশ দিতে পারবেন। কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কাজটি তত্ত্বাবধান করবে। এ কাজ থেকে যে অর্থ আয় হবে, তা থেকে সংক্ষুব্ধ ব্যক্তি ও তাঁর সন্তানদের দেওয়ার জন্যও আদালত আদেশ দিতে পারবেন।কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য মিথ্যা আবেদন করলে অনধিক ১ বছর কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।অংশীদারি বাসগৃহ বলতে যেখানে সংক্ষুব্ধ ব্যক্তি থাকে, পারিবারিক সম্পর্ক থাকায় প্রতিপক্ষের সঙ্গে একসঙ্গে বা আলাদাভাবে থাকত, যেকোনো একজনের বা উভয়ের মালিকানা বা ভাড়া ছিল অথবা যৌথ পরিবারের সদস্য হিসেবে সেই বাড়িতে অধিকার ছিল। নির্যাতনের শিকার বা তার পক্ষের কোনো ব্যক্তি প্রতিকারের জন্য আবেদন করতে পারবেন।অভিমতআয়েশা খানমসভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ আড়াই দশকের বাস্তব কাজের অভিজ্ঞতায় এবং আইনজীবীদের তত্ত্বগত জ্ঞান নিয়ে তৈরি পারিবারিক সহিংসতা রোধে খসড়াটি আইন হিসেবে পাস হয়ে গেছে। এ রকম একটি আইন প্রকাশ পাওয়ায় আমাদের শ্রম একটু হলেও সার্থক হয়েছে আর আইনের প্রয়োগ যথার্থ হলে আমাদের শ্রম পুরোটা সার্থক হবে। মূলত আইনটি হবে একটি সুরক্ষা আইন, যা নারী ও শিশুকে পারিবারিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ পরিবারে সুস্থ সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা রাখবে।