পাসপোর্ট করতে নানা ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাসপোর্ট’ শব্দটির সঙ্গে জড়িয়ে আছে নানা ভোগান্তি, আতঙ্ক, হয়রানি, দালালের খপ্পর, অতিরিক্ত টাকা খরচ ও তিক্ত অভিজ্ঞতা। পাসপোর্ট করতে গিয়ে ভোগান্তি ও হয়রানিতে পড়তে হয়নি, এমন লোকের সংখ্যা খুবই কম। কথা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসান কবিরের সঙ্গে। তিনি জানান, ‘আমার স্থায়ী ঠিকানা ময়মনসিংহে বলে যোগাযোগ করি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে। সেখানে গিয়ে বুঝতে পারলাম, আমার পক্ষে পাসপোর্ট করাটা সম্ভব হবে না। শেষ পর্যন্ত এক দালালের সঙ্গে চুক্তি করি। তিন হাজার টাকা ফি এবং তাঁকে দিতে হবে আরও তিন হাজার। এক মাসের মধ্যে পাসপোর্ট হাতে দেবেন। আরও বলে দেন, থানায় একটু খোঁজ রাখতে। প্রায় ১৫-২০ দিন পর যোগাযোগ করি। থানায় তো তদন্তের জন্য আসেনি।’ দালাল জানান, ‘আমি তো এখান থেকে পাঠিয়ে দিয়েছি অনেক আগে।’ শেষ পর্যন্ত তা থানায় আসে। পুলিশকে প্রতিবেদন দাখিলের জন্যও দিতে হয় ৫০০ টাকা। এহসানের এক মাস পর পাসপোর্ট হাতে পাওয়ার কথা থাকলেও মেলে দেড় মাস পর। পাসপোর্ট করতে গিয়ে মানুষের ভোগান্তির নানা চিত্র খুঁজতে সম্প্রতি পরপর তিন দিন ঢাকার আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে বের হয়ে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ভোগান্তির চিত্র। এখন হাতে-লেখা পাসপোর্টের বদলে এসেছে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি)। কিন্তু নতুন পাসপোর্টের সঙ্গে পুরোনো ভোগান্তি কমেনি, বরং তা যেন বেড়েছেই। সাধারণ মানুষ না জানার কারণে তাদের প্রতারিত করছে সংশ্লিষ্ট ব্যক্তিরাই। আনসারদের হয়রানিগাজীপুর থেকে এক বৃদ্ধ এসেছেন পাসপোর্ট করতে। সাহায্য চাইলেন এক আনসার সদস্যের। আনসার সদস্যের আচরণটা সন্দেহজনক মনে হওয়ায় না শোনার ভান করে তাঁর কথা শুনি। ওই আনসার বৃদ্ধকে দুই বছরমেয়াদি হাতে-লেখা পাসপোর্ট করে দিতে চান। এ জন্য সরকারি ফি দুই হাজার টাকা ও তাঁকে দিতে হবে এক হাজার ৫০০ টাকা। তিনি বৃদ্ধকে জানান, ১৬ দিন পর পাসপোর্ট পাবেন। কিন্তু বর্তমান নিয়মানুযায়ী পুলিশ তদন্ত প্রতিবেদন না পেলে যত দিনই লাগুক না কেন, পাসপোর্ট দেওয়া যাবে না। আর এক আনসার সদস্য কীভাবে পাসপোর্ট করিয়ে দেবেন, তা স্পষ্ট হয় আরেকটু পরে। বৃদ্ধ যখন বলেন কিছু টাকা কম নেন, তখন তিনি হিসাবটা বুঝিয়ে দেন। বলেন, ‘ভেতর থেকে পাসপোর্ট বের করতে খরচ হয়। আমার থাকবে মাত্র ২০০ থেকে ৩০০ টাকা।’ তাঁর মতো আরও চার-পাঁচজন আনসার সদস্যকে দেখা যায় এভাবে টাকা নিয়ে পাসপোর্ট করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে। পাসপোর্ট করতে আসা বেশ কয়েকজনকে দেখা যায়, হয়রানি ও ভোগান্তি থেকে রক্ষা পাওয়ার আশায় ওই দালালদের খপ্পরে পড়ছেন। তাঁরা প্রকাশ্যেই এসব কাজ সগর্বে করে যাচ্ছেন। তাঁদেরই একজন বলেন, ‘প্রতিদিন চার-পাঁচটি বই (পাসপোর্ট) আমি বের করছি। আয়ও বেশ ভালো। কোনো দিন ১০ হাজার টাকাও পকেটে আসে।’ পুলিশের ব্যবসাঅধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পাসপোর্ট অফিসের ভেতরে বিশেষ প্রয়োজন ছাড়া নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ভেতরে ঢোকার অনুমতি নেই। তবে তাই বলে কি আর ব্যবসা করা যাবে না! তাঁরাও বের করেছেন পন্থা। এখানে যেসব পুলিশ দীর্ঘদিন কাজ করে, তারাও আনসারদের সঙ্গে যোগসাজশে এ কাজে নেমে পড়ে। কাজ করে আনসারদের সঙ্গে যোগসাজশে। এসব পুলিশ গ্রাহক ধরে এনে দেয় আনসারকে। এরপর বিনিময়ে তারা পায় কমিশন। দপ্তরের নিজস্ব দালালপাসপোর্ট অধিদপ্তরের তথ্যকেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় এক মহিলা এসে জিজ্ঞেস করলেন, ‘ভাই, পাসপোর্ট করাবেন।’ বললাম, হ্যাঁ। তিনি সব ধরনের তথ্য আমাকে জানান। তাঁকে জিজ্ঞেস করি, আপনি কে? তাঁর পরিচয়, ওই দপ্তরেরই একজন অফিস সহকারী। নাম ও মোবাইল ফোন নম্বর দিয়ে বলেন, ‘যদি আমাকে দিয়ে পাসপোর্ট করাতে চান, তবে ফোন দিয়েন।’ সরকারি ফি বাদে তাঁকে দিতে হবে এক হাজার টাকা। পরে তথ্যকেন্দ্রের এক কর্মকর্তা ওই মহিলার পরিচয় নিশ্চিত করেন। সময়মতো পাচ্ছেন নাপাসপোর্ট অফিসে অনেককেই বলতে দেখা যায়, তদন্ত প্রতিবেদনের সমস্যার কারণে পাসপোর্ট সময়মতো হাতে পাওয়া যাচ্ছে না। তাই জরুরি প্রয়োজনের সময় তা কাজে আসছে না। এতে করে অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, পুরান ঢাকার অয়ন বিশ্বাস নামের একজন জানান, ‘দুই হাজার টাকা জমা দিয়ে জরুরি পাসপোর্টের জন্য আবেদন করেছি। কিন্তু পুলিশ প্রতিবেদন না আসায় এখনো পাচ্ছি না।’ আবার পুলিশ বলছে, প্রতিবেদন পাঠিয়ে দিয়েছি। অনেকটা কষ্ট নিয়ে বলেন, ‘এখন কী করব বুঝতে পারছি না। পাসপোর্টের কপি জরুরি ভিত্তিতে দুবাই পাঠাতে হবে।’ সময়মতো আবেদনকারীরা কেন পাসপোর্ট পাচ্ছেন না? উত্তরে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট ও ভিসা) মো. সিরাজুদ্দীন বলেন, ‘নিয়ম মোতাবেক আমরা এখন আর পুলিশ প্রতিবেদন ছাড়া কোনো পাসপোর্ট দিতে পারছি না। এ জন্য মানুষের কিছু ভোগান্তি হলেও আমাদের কিছু করার নেই।’ তিনি আরও বলেন, ‘১৯৮২ থেকে ২০০৩ সালের শেষ নাগাদ বিভিন্ন মেয়াদের জন্য আবেদনকারীদের পুলিশ প্রতিবেদন নির্ধারিত সময়ে না এলেও একটা সময় পর আমরা দিতে পারতাম। যেমন জরুরি পাসপোর্ট যেটা প্রতিবেদন-সাপেক্ষ ১১ দিন পর পাওয়া যেত প্রতিবেদন না পেলে ২১ দিন পর প্রদান করা যেত। আবার অতি জরুরি পাসপোর্ট প্রতিবেদন ছাড়াই দেওয়া যেত। ২০০৪ সালে তা বন্ধ করা হয়। পুলিশ প্রতিবেদন ছাড়া পাসপোর্ট দেওয়ার বিধান স্থগিত হয়। ২০০৭ সালে আবার পুরোনো রীতি। গত বছরের শেষের দিক থেকে পুলিশ প্রতিবেদন আবার বাধ্যতামূলক করা হয়।’ মহাপরিচালকের বক্তব্যএ বিষয়গুলো অবহিত করে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল মাবুদের কাছে জানতে চাইলে তিনি অনুসন্ধান করে এসব গুরুত্বপূর্ণ তথ্য বের করার জন্য প্রতিবেদককে ধন্যবাদ দেন। বিষয়গুলো তাঁর জানা ছিল না বলে মন্তব্য করেন এবং দালালদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান। পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত করার সব প্রচেষ্টা তিনি চালাবেন বলে জানান। তদন্ত প্রতিবেদন সময়মতো না পাওয়ায় পাসপোর্ট পেতেও দেরি হচ্ছে প্রশ্নে মহাপরিচালক বলেন, ‘পুলিশের তদন্ত না এলে আমাদের কিছু করার নেই। বিষয়টি আপনি পুলিশের সংশ্লিষ্ট বিভাগে জিজ্ঞেস করেন। আমি এর কোনো উত্তর দিতে পারব না।’