পাসপোর্ট দালালের কারাদণ্ড
মোটা অঙ্কের টাকা নিয়ে পাসপোর্ট না দেওয়ার অভিযোগে রাজধানীর আগারগাঁও থেকে সাতজন দালালকে আটক করেছে র্যাব। আটকের পর তাঁদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। আজ মঙ্গলবার দুপুর ১২টায় র্যাব-২-এর উপ-অধিনায়ক মেজর মো. আনোয়ারুল হকের নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল দালালদের আটক করে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানায়, বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে পাসপোর্ট না দিয়ে প্রতারণা করছিল। র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে এই সাত দালালকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন জাকির হোসেন (৩৪), নায়েব আলী (৩০), জুয়েল আহমেদ (১৯), মহাসিন শিকদার (২২), এস এম টুটুল (২৯), মো. ছাদেক (৪৮) ও মো. আতিকুর রহমান (৬০)। পরে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এই সাত দালালের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।