পাসপোর্ট নিয়ে ভোগান্তি নিরসনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রে পাঠযোগ্য (মেশিন রিডেবল) পাসপোর্ট চালুর পর থেকে কর্মসংস্থানের জন্য সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশের লোকজন ভোগান্তি পোহাচ্ছেন। গত মে মাসে ওই পাসপোর্ট চালুর পর থেকে তেলসমৃদ্ধ ওই দেশটি হাতে লেখা পাসপোর্ট আমলে নিচ্ছে না।আবার অনেক আগে থেকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী বাংলাদেশিদের কাছে হাতে লেখা পাসপোর্ট থাকায় তাঁদের ভিসা নবায়ন করা হচ্ছে না। একইভাবে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট চালুর আগে যাঁরা তিন বছর মেয়াদি হাতে লেখা জরুরি পাসপোর্ট নিয়েছিলেন, তাঁদেরও ভিসা দেওয়া হচ্ছে না। কূটনৈতিক সূত্র ও জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, এ বিষয়টির দ্রুত সুরাহা না হলে জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি করে এমন ১১টি দেশের ঢাকায় অবস্থানরত রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার বৈঠক করেছেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের পাশাপাশি হাতে লেখা পাসপোর্ট জমা নেওয়ার জন্য আমরা জনশক্তি আমদানিকারক দেশগুলোকে অনুরোধ জানিয়েছি।’ বৈঠক সূত্র জানায়, ওই কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (আইসিএও) সদস্য হিসেবে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট চালুর বিধান কার্যকর করেছে মাত্র দুই মাস হলো। কাজেই অনেকের কাছেই এখনো হাতে লেখা পুরোনো পাসপোর্ট আছে। রাতারাতি সবার হাতে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট তুলে দেওয়া সম্ভব নয়। তবে যত দ্রুত সম্ভব তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে দুই ধরনের পাসপোর্টই আমলে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের নতুন ভিসা পাওয়া ও ভিসা নবায়নে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা দূর করতে আজ সোমবার দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত দেশটির বহির্গমন বিভাগের সঙ্গে বৈঠক করবেন।এ প্রসঙ্গে জানতে চাইলে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘বহির্গমন বিভাগের প্রধানের সঙ্গে আগামীকাল (সোমবার) আলোচনার কথা রয়েছে। আমি তাঁকে দুই ধরনের পাসপোর্টই নিতে অনুরোধ জানাব। আশা করছি, ইতিবাচক সাড়াই পাব।’দুবাই ও আবুধাবির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক লোক তাঁদের ভিসা-জটিলতার বিষয়ে বাংলাদেশে যোগাযোগ করছেন। সেখানে কয়েক বছর ধরে অবস্থান নেওয়া ওই সব লোক ভিসা নবায়ন নিয়ে আশঙ্কায় রয়েছেন। কারণ যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট চালুর পর থেকেই সে দেশের কর্তৃপক্ষ হাতে লেখা পাসপোর্টে ভিসা নবায়ন করতে রাজি হচ্ছে না। এ বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে নাজমুল কাউনাইন বলেন, ‘এ ব্যাপারে আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে অনুরোধ জানাচ্ছি। ঢাকায় চিঠি লিখে জানিয়েছি, বিষয়টি সুরাহার জন্য সরকার যেন পদক্ষেপ নেয়। তাহলে সমস্যাটির দ্রুত সমাধান হবে।’ জানতে চাইলে বাংলাদেশ জনশক্তি রপ্তানিকারক সমিতির (বায়রা) সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী বলেন, ‘বিষয়টির দ্রুত সমাধান করা না হলে জনশক্তি রপ্তানিতে ধস নামবে। এ ব্যাপারে নিয়মিত খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছি, কয়েক দিনে নতুন কোনো ভিসা নবায়ন হয়নি। নতুন করে ভিসা নিতে গেলে জটিলতা সৃষ্টি হচ্ছে।’গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, কাতার, দক্ষিণ কোরিয়া, লিবিয়া, মালদ্বীপ, মিসর, ইরান ও ইরাকের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, পাসপোর্ট ও বহির্গমন বিভাগের মহাপরিচালক আবদুল মাবুদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি অণুবিভাগের মহাপরিচালকেরা।পাসপোর্ট ও বহির্গমন বিভাগের মহাপরিচালক আবদুল মাবুদ প্রথম আলোকে জানান, দেশে প্রায় ৮০ লাখ হাতে লেখা পাসপোর্ট রয়েছে। আর গত এপ্রিল মাসে প্রকল্পের কাজ শুরুর পর থেকে প্রায় ২১ হাজার লোকের কাছে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বিলি করা হয়েছে। প্রতিদিন প্রায় দুই হাজার যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বিলি করার ক্ষমতা তাঁদের আছে বলে তিনি জানান।