পাসপোর্ট পেতে দুর্ভোগের শেষ নেই
স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে নিয়ে পাসপোর্টের ফরম জমা দিতে এসেছেন আকবর হোসেন। ছোট বাচ্চা কোলে নিয়ে সারিতে দাঁড়িয়ে থাকতে পারছেন না। তাই পালা করে একবার স্ত্রী আরেকবার তিনি নিজেই দাঁড়াচ্ছেন। স্বামী-স্ত্রীর চোখে-মুখে চরম বিরক্ত। কথা বলতে চাইলে বললেন, ‘দেখছেন না কত বড় লাইন, কিন্তু দালাল ধরেন এক মিনিটেই সব হয়ে যাবে।’ তাঁর মতো একই অভিমত সারিতে দাঁড়ানো আরও অনেকেরই। ঢাকার পাসপোর্ট অফিসে আবারও ফিরে এসেছে দালাল চক্র। তাদের হাতে জিম্মি হয়ে পড়ছেন সাধারণ মানুষ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আগারগাঁওয়ে পাসপোর্ট ভবনে অবস্থান করে এ চিত্রই দেখা গেছে। দুপুর ১২টার দিকে দেখা গেছে, পাসপোর্টের ফরম জমা দেওয়ার জন্য আধাকিলোমিটারেরও বেশি লম্বা সারিতে দাঁড়িয়ে আছেন পাঁচ শতাধিক নারী-পুরুষ। সারিতে দাঁড়ানো মফিজুর রহমান বলেন, দেড় ঘণ্টা হয়ে গেলেও মাত্র চার-পাঁচ হাত এগিয়েছেন তিনি। অথচ সারিতে দাঁড়ায়নি এমন অনেকের কাছ থেকে টাকা নিয়ে দালালেরা তাঁদের এগিয়ে দিচ্ছে। ভবনের দুই নম্বর ফটকে তখন আনসার, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন আনসার ও পুলিশ সদস্যকে টাকা নিয়ে লোকজনকে এগিয়ে দিতে দেখা যায়। পাসপোর্ট ভবনসংলগ্ন একটি সাইনবোর্ডে দালাল চক্র থেকে সাবধান থাকার জন্য জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তথ্য জানাতে দুটি মুঠোফোন নম্বরও দেওয়া আছে। দুপুরে ওই সাইনবোর্ডের নিচে কয়েকজনকে কী যেন বোঝাচ্ছিলেন মধ্যবয়সী এক লোক। বলছিলেন, ‘কিছু টাকা দেন, অন্য লাইনে কাজ করে দিচ্ছি।’ এরপর মশিউর রহমান নামের এক ব্যক্তি তাঁর হাতে কাগজপত্রসহ এক হাজার টাকা গুঁজে দেন। পরিচয় না দিয়ে এ প্রতিবেদক পাসপোর্ট করার কথা বললে ওই ব্যক্তি বলেন, ‘কইরা দেওয়া যাইব। হাওয়া (টাকা) একটু বেশি লাগব আর কি।’ তিনি পাসপোর্ট করে দেওয়া বাবদ এ প্রতিবেদকের কাছে ১১ হাজার টাকা দাবি করেন। পরে সেই লোকটির ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেল নাম বাচ্চু মিয়া। তাঁর মতো শতাধিক দালাল রয়েছে পাসপোর্ট ভবন ঘিরে। এত টাকা চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ঘাটে ঘাটে ট্যাহা দিতে অইব। সারদেরও কিছু দিতে অইব। বাড়িতে “ইনকুয়ারি” করা ছাড়াই কাজ কইরা দিমু।’ সাইনবোর্ডে থাকা ফোন নম্বর দুটিতে যোগাযোগ করার চেষ্টা করা হলে একটি বন্ধ পাওয়া যায়। অপরটিতে বেশ কয়েকবার রিং হলেও কেউ তা রিসিভ করেননি।পাসপোর্টের জন্য অপেক্ষারত লোকজন জানালেন, পাসপোর্ট ভবনে তিন ধরনের দালাল আছে। একদল কিছু কাগজপত্র হাতে নিয়ে ঘুরে বেড়ায়। তারা পাসপোর্ট করতে আসার কথা বলে আরেক দলকে কাজ করিয়ে দিতে বলে। এটা করে সাধারণ মানুষকে আকৃষ্ট করে। আরেকটি দল থাকে যারা দালালদের কাছে জোর করে পাসপোর্টপ্রত্যাশীদের নিয়ে যায়। তেমনই একজন শিমুল নামের এক কিশোর। সে জানাল, তার কাজ বিভিন্ন লোককে এক ভাইয়ের কাছে নিয়ে যাওয়া। বিনিময়ে জনপ্রতি ২০ টাকা দেওয়া হয় তাকে। খোঁজ নিয়ে জানা গেল, পাসপোর্ট করতে এসে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারীরা। নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই। দালাল চক্র এ সুযোগ নিচ্ছে। নারীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাদের নারী দালালও রয়েছে।বেলা দেড়টার দিকে দেখা গেল, আপন ভাইয়ের পাসপোর্ট করাতে ঢাকার আল-রাজী হাসপাতাল থেকে এসেছেন এক নারী চিকিৎসক। তিনি এক নারী দালালকে তাঁর সব কাগজপত্র দিয়ে ভেতরে পাঠিয়ে বাইরে অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘কী করব, অন্যায় করা ছাড়া উপায় নেই। দালাল চক্রকে তিন হাজার টাকা দিতে হবে।’দালালদের কার্যালয়: শেরেবাংলা নগর থানার পাশে কম্পিউটার গলিতে ফটোকপি ও কম্পিউটারের দোকানগুলোকে ‘কার্যালয়’ হিসেবে ব্যবহার করছে দালালেরা। দালাল বাচ্চু মিয়া জানালেন, ‘আপনি আমারে যে কাগজ দিলেন, এটার তো সিকিউরিটি লাগব। এ জন্য অফিস করছি।’ সেখানে গিয়ে দেখা যায়, ফটোকপি ছাড়াও দেদারছে চলছে পাসপোর্টের সব কার্যক্রম। কাছে গেলে একজন বলেন, ‘পাসপোর্ট করবেন?’। জানা গেল, ফরম পূরণ থেকে শুরু করে তাঁরা পাসপোর্ট হাতে দেওয়ার আগ পর্যন্ত সব কাজই করে দেন। প্রত্যেকের কাছ থেকে সুযোগ বুঝে সর্বনিম্ন পাঁচ হাজার থেকে ১৫ হাজার করে নেন। পাসপোর্ট ভবনে যে স্থানটিতে পাসপোর্ট দেওয়া হয়, সেখানে গিয়ে দেখা গেল কোনো নিয়মশৃঙ্খলা নেই। কেউ সারিতে দাঁড়িয়ে আছেন। কেউ বা সারি ভেঙে ভিড় করে আছেন। এ ক্ষেত্রে ব্যবস্থাপনার জন্য কাউকে দেখা যায়নি। নারীরা আর ভিড়ের কারণে ভিড়তে পারছেন না। পাসপোর্ট নেওয়ার জন্য পাশে ‘স্লিপ’ জমা দিতে হয়। এ স্লিপ জমা দেওয়া বাবদও দালালেরা টাকা নিচ্ছেন। আবার পাশে ব্যাংকে টাকা জমা করে দেওয়ার জন্যও টাকা নেওয়া হচ্ছে। আরও অভিযোগ: পাসপোর্ট করতে আসা কয়েকজন অভিযোগ করেন, ফরম জমা দিতে ভেতরে গেলেই কর্মকর্তারা ভুল আছে বলে ঠিক করে নিয়ে আসতে বলেন। কিন্তু কোথায় ভুল তা বলে দেন না। ফলে বাইরে এসে যেকোনো দালালের আশ্রয় নিতে হচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্য: বাংলাদেশ পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবদুল মাবুদ বলেন, ‘পুলিশ, র্যাব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দালালদের উৎপাত ঠেকাতে নিয়মিত টহল দিচ্ছেন। আশা করি, অচিরেই এগুলো বন্ধ হয়ে যাবে।’