পাসপোর্ট ‘ছিনতাই চক্রের’ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে পাঁচ সদস্যের একটি দলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানীর মতিঝিল, ফকিরাপুলসহ বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে র‌্যাব-৩-এর টিকাটুলি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেজর সাব্বির আহমেদ সিদ্দিকী এ তথ্য জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাইফুল, সোহেল হোসেন, আ. রহিম, আবদুল্লাহ আল কাইয়ুম ও শাহজাহান।সংবাদ সম্মেলনে সাব্বির আহমেদ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চক্র রাজধানীর বিভিন্ন জায়গায় বিদেশগামী লোকজনের কাছ থেকে পাসপোর্ট ছিনতাই করছিল। ছিনতাইয়ের পর এসব চক্র পাসপোর্টধারীর কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে পাসপোর্ট ফেরত দিত। ১৯ এপ্রিল একটি চক্র মতিঝিল এলাকা থেকে জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির কাছ থেকে একটি ভিসা-সংবলিত পাসপোর্ট, সৌদি আরবগামী বিমানের একটি টিকিট, মুঠোফোন সেট ও কিছু টাকা ছিনতাই করে। পরে চক্রের সদস্যরা জাহাঙ্গীরের কাছে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। জাহাঙ্গীর আলমের এই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩-এর একটি অভিযান দল গতকাল বিকেল পাঁচটা থেকে গভীর রাত পর্যন্ত ফকিরাপুল, মিরপুর ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। চক্রের কাছ থেকে ছয়টি ভিসা-সংবলিত পাসপোর্ট ও ১০টি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব-৩-এর উপপরিচালক (টুআইসি) মেজর এমারত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জমান ও অভিযোগকারী জাহাঙ্গীর আলম।