পাসের হার এবং জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি—দুটিই কমেছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মতো গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা বোর্ডের এসএসসি সমমানের দাখিল পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়।এ বছর দাখিল পরীক্ষায় সারা দেশ থেকে দুই লাখ ৩৭ হাজার ৫২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৯৭ হাজার ৬৯৯ জন। পাসের হার ৮৩ দশমিক ২৩, যা গত বছর ছিল ৮৬ দশমিক ৭০। এ বছর মাদ্রাসা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৫৬ জন, যা বছর ছিল ২০ হাজার ৭৫৫ জন। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মাদ্রাসা বোর্ডে প্রথমবারের মতো দুটি বিষয়ে চালু করা সৃজনশীল পদ্ধতির প্রভাবে ফলাফল এ রকম হয়েছে।মাদ্রাসা বোর্ডের ফল এবার তুলনামূলক খারাপ হওয়ার কারণ জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সাংবাদিকদের বলেন, হয়তো যথেষ্ট জোর দেওয়া যায়নি। এ ছাড়া প্রথমবারের মতো এখানে দুটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্র হয়েছে। তবে এ কারণেই খারাপ হয়েছে, সেটা বলা যাবে না। সার্বিকভাবে মাদ্রাসা বোর্ডে পাসের হার কমেছে, এটা ঠিক। তবে সেটা সাধারণ গড় পাসের হারের কাছাকাছি। পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ার কারণ খুঁজে বের করা হবে।২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রতি বছরই মাদ্রাসা বোর্ডে পাসের হার বেড়েছে। ২০০৭ সালে পাসের হার ছিল ৬৫ দশমিক ৮৭। পরের বছর ছিল ৮২। ২০০৯ সালে ছিল ৮৫ দশমিক ৮৫। গত বছর এ হার ছিল ৮৬ দশমিক ৭০।মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবদুর নূর মনে করেন, সাফল্যের গতি হঠাৎ নিম্নমুখী হওয়ার কারণ নতুন পদ্ধতির প্রভাব। তিনি বলেন, এ বছর প্রথম মাদ্রাসায় ইসলামের ইতিহাস ও বাংলা বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সৃজনশীল ও নৈর্ব্যত্তিক উভয় অংশে আলাদাভাবে পাস করতে হয়েছে। এটি পাসের হারে প্রভাব ফেলেছে।মাদ্রাসা বোর্ডের ফলাফলে এবার ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে পড়েছে। দাখিল পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে এক লাখ ১২ হাজার ৫৩০ জন ছাত্রী। তাদের মধ্যে পাস করেছে ৯০ হাজার ৭৮৭ জন। পাসের হার ৮০ দশমিক ৬৮। আর এক লাখ ২৪ হাজার ৯৯৪ জন ছাত্রের মধ্যে পাস করেছে এক লাখ ছয় হাজার ৯১২ জন। পাসের হার ৮০ দশমিক ৬৮। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে নয় হাজার ১০ জন ছাত্র, আর ছাত্রী তিন হাজার ৭৪৬ জন।মাদ্রাসা বোর্ডে সাধারণ বিভাগে দুই লাখ নয় হাজার ১০৫ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৭১ হাজার ৭০৬ জন। জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৪৮ জন।বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ২১৭ জন অংশ নিয়ে পাস করেছে ২৫ হাজার ৯২ জন। জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৬৮৯ জন। মুজাব্বিদ বিভাগের এক হাজার ১৮৯ জনের মধ্যে ৮৯২ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। হিফজুল কোরআন বিভাগের ১৩ জনের মধ্যে নয়জন পাস করেছে। একজন পেয়েছে জিপিএ-৫।