‘এবারই প্রথম সৃজনশীল প্রশ্নপত্রে উত্তর দিতে হয়েছে শিক্ষার্থীদের। বাংলা প্রথমপত্র ও ধর্মশিক্ষা বিষয়ে ছিল সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীদের উত্তর দিতে হয়েছে নিজের জ্ঞান থেকে। এতে তার প্রকৃত মেধার প্রকাশ ঘটেছে। তা ছাড়া পদ্ধতিগত পরিবর্তনে ফল ঘোষিত হয়েছে। সব মিলিয়ে পুরো বিষয়টিকেই সৃজনশীলতায় পূর্ণ ফল বলে অভিহিত করছি। এর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।’সিলেট শিক্ষা বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে এসএসসির ফল ঘোষণার সময় এসব কথা বলেন পরীক্ষা নিয়ন্ত্রক মনিরউদ্দিন। এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের ফলকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন।সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই শিক্ষা বোর্ডে এবার পাসের হার গতবারের চেয়ে কম হলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। এসব শিক্ষার্থীর মধ্যে ছাত্রীরা আগের চেয়ে আবার এগিয়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৯৭৭ জন। এর মধ্যে ছাত্রী ৮২৯ জন। বিভাগভিত্তিক ফলে গতবারের তুলনায় পাসের হার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শতভাগ পাসের হারও বেড়েছে। ঝরে পড়া শিক্ষার্থীর হার গতবারের তুলনায় কমেছে।সৃজনশীলতার জয়: পরীক্ষা শুরুর আগে এবারই প্রথম প্রবর্তিত সৃজনশীল প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল। পরীক্ষার পর এ ব্যাপারে অনেক শিক্ষার্থীর উদ্বেগ দূর হয়ে যায়। অভিভাবক যাঁর দুরু দুরু মনে ফলের জন্য অপেক্ষা করছিলেন, তাঁরাও এখন দুর্ভাবনামুক্ত। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘ওই দুটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের একটু ভয় ছিল। সার্বিক ফলে দেখা গেছে, এ দুটি বিষয়ে শিক্ষার্থীরা ভালো করেছে। পরীক্ষার ফলে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটেছে। একই সঙ্গে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমায় সিলেট বিভাগে এবারের ফল ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে।’সিলেট শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধাতালিকার ২০টি বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির আহমদ বলেন, ‘সৃজনশীল পদ্ধতি শুরু হওয়ার আগে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নে আমরা ব্যতিব্যস্ত ছিলাম। তবে শিক্ষার্থীরা যাতে এই পরীক্ষা দুটি ভালোভাবে দিতে পারে, সেভাবে তাদের প্রস্তুত করা হয়। এতে পরীক্ষায় ভালো করার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী ছিল। এখন সৃজনশীল প্রশ্নের সুফল দেখে অভিভাবকেরাও খুশি।’ওই শিক্ষাপ্রতিষ্ঠানে মানবিক শাখায় একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী সজীব দাস জানায়, পরীক্ষায় বিষয়ভিত্তিক উত্তর লিখতে গিয়ে সে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করেছে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। উত্তর দিয়েছে মনের মতো করে, নিজের জ্ঞান থেকে। সজীব জানায়, এমন প্রশ্ন হলে প্রকৃত মেধা যাচাই হবে।সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রশংসা করে সজীবের বাবা রামকৃষ্ণ দাস বলেন, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না।তুলনামূলক ফল: গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৭১ ভাগ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল এক হাজার ৮৯৬ জন। এবার পাসের হার ৭৮ দশমিক ৪২ ভাগ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে এক হাজার ৯৭৭ জনে দাঁড়িয়েছে। এই বোর্ডে মোট ৪১ হাজার ২৩৩ জন পরীক্ষা দিয়ে ৩২ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী পাস করেছে। গতবার ৩৭ হাজার ৪০৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছিল ২৯ হাজার ৪৪৩ জন। ঝরে পড়া শিক্ষার্থীর হার গতবার ছিল ৫৮ শতাংশ, এবার তা কমে ৪৫ শতাংশ হয়েছে।এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগেও পাসের হার বেড়েছে। বিজ্ঞানে গতবার পাসের হার ছিল ৬৪ দশমিক ৮২ শতাংশ, এবার ৯১ দশমিক ৫ শতাংশ। মানবিকে গতবার পাসের হার ছিল ৩৯ দশমিক ৬২ শতাংশ, এবার ৭৩ দশমিক ৯১ শতাংশ। ব্যবসায় শিক্ষায় গতবার পাসের হার ছিল ৫৯ দশমিক ৪৩ শতাংশ, এবার তা ৮৫ দশমিক ৩৮ শতাংশ। শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৪৩টি, গতবার ছিল ৩৯টি।ফল শূন্য: একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফল এবার শূন্য। বিদ্যালয়টি হচ্ছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একতা উচ্চবিদ্যালয়। বোর্ড সূত্র জানায়, সম্প্রতি এমপিওভুক্ত ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই বিদ্যালয়ও রয়েছে। এই বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষার্থীর একজনও পাস করেনি। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মনিরউদ্দিন বলেন, ফল শূন্য হওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।দূরত্ব কমছে: সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৯ সালে। ২০০১ সাল থেকে ফল ঘোষণা শুরু হয়। জিপিএ-৫ প্রবর্তনের পর থেকে এবারই সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ পেয়েছে ছাত্রীরা। এবার মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৯৭৭, এর মধ্যে ৮২৯ জন ছাত্রী। ২০০৬ সালে মোট ৩৮৫ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিল ১৪৭ জন। ২০০৭ সালে জিপিএ-৫ পেয়েছিল ৭১৩ জন, ছাত্রী ছিল ২৮৩ জন। ২০০৮ সালে ৬২৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিল ২৪৯ জন। ২০০৯ সালে জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৮৯৬ জন। এর মধ্যে ছাত্রী ৭৪৫ জন।