পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার সামগ্রিকভাবে পাসের হার কমেছে। তবে গত বছরের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার তিন বিভাগের মধ্যে ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার বেশি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ০৩ শতাংশ। গত বছরের চেয়ে ১ দশমিক ৬২ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৬৫ শতাংশ।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, ‘পাসের হার কমার সুনির্দিষ্ট কারণ নেই। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় পাসের হারে কিছুটা তারতম্য ঘটেছে। এবার সবচেয়ে বড় অর্জন হচ্ছে, পাসের হার শূন্য থেকে দশের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই।’চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭৯৫ জন। ২০১০ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক হাজার ৬১৮ জন। এবার ৪৭ হাজার ৭৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৩ হাজার ৯৩১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেন ছয় হাজার ২৩৩ জন। মানবিক থেকে আট হাজার ৯৬৫ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১৮ হাজার ৭৩৩ জন। এ ছাড়া বহিষ্কৃত হন ৪৭ জন।ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার বাড়ার বিষয়ে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে বিজ্ঞানের চেয়ে ব্যবসায় শিক্ষার প্রতি বেশির ভাগ শিক্ষার্থীর আগ্রহ বেশি। তাঁরা মনে করেন, বিজ্ঞান পড়ার চেয়ে ব্যবসায় শিক্ষায় ভবিষ্যতে কাজের সুযোগ বেশি। অভিভাবকেরাও সন্তানদের সেভাবে উৎসাহিত করে থাকেন। এ ছাড়া বিজ্ঞানের পাঠ্যসূচিও তুলনামূলকভাবে কঠিন বলে ব্যবসায় শিক্ষার দিকে ছুটছেন শিক্ষার্থীরা।’অধ্যক্ষ দস্তিদার ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী করতে শিক্ষার্থীদের ব্যাপকভাবে উদ্বুদ্ধ করা এবং পাঠ্যসূচিকে যুগোপযোগী করে তোলার ওপর গুরুত্ব দেন। বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বোর্ডে সেরা ২০ কলেজের তালিকায় এবারও শীর্ষে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজ।অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শীর্ষ ১০ কলেজের তালিকায় প্রথমই রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। এ কলেজের ৭৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৪ জন জিপিএ-৫ পেয়েছে। এরপর সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজ ও সরকারি কমার্স কলেজ। মুহসিন কলেজ থেকে এক হাজার ৩৫৭ জনের মধ্যে ৩১০ জন এবং বাণিজ্য কলেজ থেকে ৭৫১ জনের মধ্যে ২১৪ জন জিপিএ-৫ পান। জিপিএ-৫ পাওয়া সেরা ১০ কলেজের মধ্যে বাকিগুলো হচ্ছে: সরকারি কমার্স কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কক্সবাজার সরকারি কলেজ ও চট্টগ্রাম নৌবাহিনী কলেজ। বোর্ড সূত্র জানায়, এ বছর চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮১ দশমিক ১৫ শতাংশ, মহানগর বাদে চট্টগ্রাম জেলায় ৬৪ দশমিক ৬২ শতাংশ। জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে আছে চট্টগ্রাম। চট্টগ্রাম নগর ও জেলায় সম্মিলিতভাবে পাসের হার ৭৩ দশমিক ১৯ শতাংশ। কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পাসের হার যথাক্রমে ৭০ দশমিক ৫৯, ৫০ দশমিক ৮২, ৫৫ দশমিক ৯৮ ও ৫৯ দশমিক ০২ শতাংশ।