পাসের হার বাড়ার পেছনে জেএসসি পরীক্ষা
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। এবারও পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবছর নতুন নতুন মাইলফলক সৃষ্টি করছে শিক্ষার্থীরা। তবে এবারের পাসের হার বাড়াকে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার সুফল হিসেবে দেখছেন তাঁরা।আজ বৃহস্পতিবার এসএসসির ফল ঘোষণা করা হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক শূন্য ৩ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ৭১ শতাংশ বেশি। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৬ দশমিক ৩২ শতাংশ। ২০১১ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ১৬ শতাংশ।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতবারের চেয়ে এবার সেরা মেধাবীর সংখ্যা, অর্থাত্ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৫ হাজার ৯৭৪। এবার জিপিএ-৫ পেয়েছে ৯১ হাজার ২২৬ জন। ২০১২ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬৫ হাজার ২৫২ জন। ২০১১ সালে পেয়েছিল ৬২ হাজার ৭৮৮ জন।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা একটি ছাঁকনির ভেতর দিয়ে এসেছে। সবাইকে অষ্টম শ্রেণীতে জেএসসি পরীক্ষায় পাস করে আসতে হয়েছে। এবার পাসের হার বাড়ার এটি একটি বড় কারণ। অন্যান্যবার দেখা যেত, অনেক শিক্ষার্থী পাস না করলেও বিভিন্ন চাপের কারণে নবম শ্রেণীতে ভর্তি করতে হতো। এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য নির্বাচিত না হলেও তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হতো। এবার সে সুযোগ ছিল না বললেই চলে। কারণ, ২০১০ সালে প্রথমবারের মতো সারা দেশে একসঙ্গে শিক্ষা বোর্ডের অধীনে হয়েছে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা। ওই পরীক্ষায় যারা পাস করেছিল, তারাই কেবল নবম শ্রেণীতে ওঠার সুযোগ পেয়েছিল। নবম শ্রেণীতে ওঠা শিক্ষার্থীরা ছিল পরীক্ষিত। তাই এসএসসি পরীক্ষার আগে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় খারাপ করা শিক্ষার্থী ছিল তুলনামূলক কম। আর এরই ইতিবাচক প্রভাব পড়েছে সারা দেশের এসএসসি পরীক্ষায়।ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রথম আলো ডটকমকে বলেন, এবারে ভালো ফলের মূল কারণ পরীক্ষার্থী কমেছে। যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা সবাই জেএসসি (অষ্টম শ্রেণী) পরীক্ষায় পাস করে এসেছে। আগে গ্রামাঞ্চলে পাস না করলেও অনেক শিক্ষার্থীকে ওপরের শ্রেণীতে ভর্তি করানো হতো, এসএসসি পরীক্ষার অনুমতি দেওয়া হতো। এ কারণে অনেক জায়গায় পাসে ধস নামত। এবার তা হয়নি। তিনি বলেন, এবারের ফলাফলের একটি লক্ষণীয় দিক হলো, সব বোর্ডের ফলাফল মোটামুটি ভালো ও কাছাকাছি। এর কারণ যারা এবার এসএসসি দিয়েছে, তারা একটি ছাঁকনির মধ্য দিয়ে এসেছে।দিনাজপুরের চিরিরবন্দরের আমেনা বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানও ভালো ফলাফলের অন্যতম কারণ হিসেবে দেখছেন ওই জেএসসি পরীক্ষাকে। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ২০১০ সালে যারা প্রথমবারের মতো জেএসসি পরীক্ষা দিয়েছিল, তারাই এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। জেএসসি পাস করা শিক্ষার্থীদের মধ্যে একটি ধারাবাহিকতা ছিল। এ কারণে এবার ফলাফল ভালো হয়েছে।