পাসের হার বেড়েছে, রেকর্ড জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ২০১১ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে গত বছরের তুলনায় জিপিএ-৫ বেড়েছে আট হাজার ৮৭৩। বেড়েছে গড় পাসের হারও। মোট পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার পাশাপাশি অনুত্তীর্ণ পরীক্ষার্থীর হার কমেছে। সব মিলিয়ে শিক্ষায় মান বৃদ্ধির সব সূচকের উন্নতি হয়েছে।এইচএসসিতে গ্রেড পদ্ধতি চালুর পর একবার বাদে প্রতিবছরই জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার তা উঠেছে রেকর্ড-ভাঙা রেকর্ডের পর্যায়ে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩৪ হাজার ৩৮৫ জন, যা গত বছরের চেয়ে আট হাজার ৮৭৩ জন বেশি। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২৫ হাজার ৫১২ জন। এ বছর আট বোর্ডের মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার ৫ দশমিক ৫৩ শতাংশ।এ বছর আট বোর্ডে গড় পাসের হার ৭২ দশমিক ৩৬ শতাংশ। এ হার গতবারের চেয়ে শূন্য দশমিক ৫৪ শতাংশ বেশি। গতবার আট বোর্ডে গড় পাসের হার ছিল ৭১ দশমিক ৮২ শতাংশ। এবার সর্বোচ্চ পাসের হার রাজশাহীতে এবং সর্বনিম্ন যশোর বোর্ডে। এইচএসসির ফলে ঢাকা শিক্ষা বোর্ডে সবার শীর্ষে অবস্থান করছে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ।গতকাল বুধবার একযোগে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। এ বছরই প্রথম সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে ফল প্রকাশ করা হয়েছে।গত ৫ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।গতকাল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে, গতকাল সকালে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করেন।এ সময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর সরকারি মহিলা কলেজে ফল পাঠিয়ে সেখানকার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এইচএসসির ফলাফলে সন্তোষ প্রকাশ করে এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই শতভাগ শিক্ষার্থীই পাস করুক।’ এ জন্য তিনি শ্রেণীকক্ষে আরও যত্নবান হতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন: শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার আটটি সাধারণ বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ডে গড় উত্তীর্ণের হার ৭৫ দশমিক শূন্য ৮ শতাংশ। গতবার এই হার ছিল ৭৪ দশমিক ২৮ শতাংশ। এবার এই হার শূন্য দশমিক ৮০ শতাংশ বেড়েছে। ১০টি বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৩৯ হাজার ৭৬৯ জন, যা গতবারের চেয়ে ১০ হাজার ৭৬৫ জন বেশি। এ বছর ১০ বোর্ডে মোট সাত লাখ ৬৪ হাজার ৮২৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন পাঁচ লাখ ৭৪ হাজার ২৬১ জন। এর মধ্যে ছাত্র তিন লাখ ১০ হাজার ৮৪৯ জন ও ছাত্রী দুই লাখ ৬৩ হাজার ৪১২ জন।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে মোট ছয় লাখ ২২ হাজার ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন চার লাখ ৫০ হাজার ২৫৪ জন।সংবাদ সম্মেলনে ফলাফলের চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এর পাঁচ দিন আগেই প্রকাশ করা হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, এবার পাঁচটি মানদণ্ডে প্রতিটি শিক্ষা বোর্ডের ২০টি সেরা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। তা ছাড়া একই মানদণ্ডে প্রতিটি জেলাতেও সেরা পাঁচটি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। আগে চারটি মানদণ্ডে এই তালিকা করা হতো।শিক্ষামন্ত্রী কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে যাঁরা উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের হতাশ না হয়ে নতুন উদ্যমে পূর্ণ প্রস্তুতি নিয়ে আগামী পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুর নুরসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর সারা দেশের ৮৯২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন। তবে ২৪টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি।গতকাল বেলা দুইটা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশিত হতে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ওয়েবসাইট থেকে এবং মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েও ফল জানা গেছে। আগে মোড়কে করে কাগজে ছাপানো ফল পাঠানো হলেও এবার সব প্রতিষ্ঠানে ই-মেইলে ফল পাঠানো হয়েছে। অবশ্য বিকল্প ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাপানো ফলাফলেরও কপি রাখা হয়। সর্বোচ্চ পাসের হার রাজশাহী বোর্ডে: এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি রাজশাহী বোর্ডে। ওই বোর্ডে এ বছর পাসের হার ৭৯ দশমিক শূন্য ১ শতাংশ। রাজশাহী বোর্ডের ৭৭ হাজার ৬৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ৫৮৮ জন। সর্বনিম্ন যশোর বোর্ডে: এ বছর সর্বনিম্ন পাসের হার যশোর শিক্ষা বোর্ডে, ৬৩ দশমিক ৩৭ শতাংশ। ওই বোর্ডে এ বছর ৮৬ হাজার ৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫৪ হাজার ৫৫০ জন। জিপিএ-৫ পেয়েছেন তিন হাজার ৩৭০ জন।ঢাকা বোর্ড: ঢাকা শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৭৬ দশমিক ৮৯ শতাংশ। এ বোর্ডে মোট দুই লাখ আট হাজার ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৬০ হাজার ২৭ জন। ওই বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সারা দেশে সর্বাধিক, ১৭ হাজার ৭৮৬ জন। গতবারও ঢাকা বোর্ডের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশিসংখ্যক জিপিএ-৫ পেয়েছিলেন। কুমিল্লা বোর্ড: এ বছর এই বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৬৮ শতাংশ। এখানে ৬২ হাজার ৩৭৫ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪২ হাজার ৮৩৭ জন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩৮৯ জন।চট্টগ্রাম বোর্ড: এই বোর্ডে ৪৭ হাজার ৭৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৩ হাজার ৯৩১ জন। পাসের হার ৭১ দশমিক শূন্য ৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৭৯৫ জন।বরিশাল বোর্ড: পাসের হার ৭১ দশমিক ১২ শতাংশ। এই বোর্ডে ৩৫ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৫ হাজার ৪৬৪ জন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩১০ জন।সিলেট বোর্ড: ৩০ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৩৮১ জন। পাসের হার ৭৫ দশমিক ৬৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৮৭ জন।দিনাজপুর বোর্ড: ৭৩ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৬৮৫ জন। পাসের হার ৬৬ দশমিক ১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ২৬০ জন।বিদেশের কেন্দ্রের ফল: ঢাকা বোর্ডের অধীন বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬৭ জন। পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন।ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী: আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার নামীদামি স্কুলের শিক্ষাদান পদ্ধতি সরাসরি টিভিতে প্রচার করা হচ্ছে, যাতে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফল করতে পারে।শেখ হাসিনা বলেন, ‘এবার যারা পাস করেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। ভালোভাবে পড়াশোনা করে আগামীতে ভালো ফল করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, সরকার শিক্ষার্থীদের জন্য শিক্ষাসহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছে, যার মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের অনুদান দেওয়া হবে। এই ফান্ডে সরকার এক হাজার কোটি টাকা অনুদান দিয়েছে।ভিডিও কনফারেন্সে চাঁদপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ, শিক্ষার্থী নাজিফা ইসলাম, সোনিয়া সুলতানা ও নাবিলার সঙ্গে কথা বলেন।এইচএসসি ও সমমানের ফলবোর্ড জিপিএ-৫ পাসের হারঢাকা ১৭,৭৮৬ ৭৬.৮৯রাজশাহী ৫,৫৮৮ ৭৯.০১কুমিল্লা ১,৩৮৯ ৬৮.৬৮যশোর ৩,৩৭০ ৬৩.৩৭চট্টগ্রাম ১,৭৯৫ ৭১.০৩বরিশাল ১,৩১০ ৭১.১২সিলেট ৮৮৭ ৭৫.৬৮দিনাজপুর ২,২৬০ ৬৬.১৮মাদ্রাসা বোর্ড ৪,২৭৬ ৮৯.৫৭কারিগরি শিক্ষা বোর্ড ৭২৮ ৮৪.০৫ঢাকা ডিআইবিএস ৩৮০ ৮৩.৯৫ মোট = ৩৯,৭৬৯ গড় = ৭৫.০৮