বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০০৯ সালের (পরীক্ষা ২০১০ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠিত) এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল গত রোববার প্রকাশিত হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ২৩। আজ সোমবার বাউবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ শিক্ষাকেন্দ্র থেকে পরীক্ষার ফল জানতে পারবেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের তালিকাভুক্ত শিক্ষার্থী ছিলেন এক লাখ ৫৯ হাজার ৬১১ জন। দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ৬৬ হাজার ৫৩৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩৮ হাজার ৭৪৩ জন পাস করেছেন। এর মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন। পরীক্ষায় অংশ নেওয়া ২০ হাজার ২৫০ ছাত্র ও ১৮ হাজার ৪৯৩ ছাত্রী পাস করেছেন।অন্যদিকে, প্রথম বর্ষের পরীক্ষায় ৮৮ হাজার ৫৭০ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তবে কতজন শিক্ষার্থী পাস করেছেন, তার কোনো পরিসংখ্যান বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।