পাহাড়ে ইটভাটা তৈরির সুপারিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য এলাকায় ইটভাটা তৈরি বেআইনি। তা সত্ত্বেও পার্বত্য এলাকার তিন জেলায় জরুরি ভিত্তিতে ইটভাটা তৈরির অনুমতি দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আজ মঙ্গলবার এই সুপারিশ করা হয়। বৈঠকে পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নবিষয়ক কাজ তদারকির দায়িত্ব পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের পরিবেশগত ক্ষতি অনেক কারণেই হচ্ছে। ইঁদুরও পাহাড় কাটে, জমি নষ্ট করে। সীমিত আকারে ইটভাটা তৈরির অনুমতি দিলে পরিবেশের তেমন কোনো ক্ষতি হবে না।’ তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় ইটভাটা না থাকায় স্থানীয় উন্নয়নকাজের জন্য চট্টগ্রাম থেকে ইট আনতে হয়। এতে ব্যয় অনেক বেড়ে যায়। যে কারণে সেখানকার অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। অনেক স্কুলভবন নির্মাণের টেন্ডার দেওয়া যাচ্ছে না। সভাপতি বলেন, পাহাড়ি এলাকার গ্রামের ভেতর গোপনে কিছু ইটভাটা তৈরি হয়েছে। কিন্তু সেগুলো স্থানীয় চাহিদা পূরণ করতে পারছে না। এ জন্য ওই এলাকায় ইটভাটা তৈরি করা দরকার। তবে ইটভাটা করার ফলে পার্বত্য এলাকার পরিবেশের ওপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়বে, সেটা কমিটির বৈঠকে পরে আলোচনা হবে। ইটভাটার নীতিমালা-২০০৮ অনুযায়ী বাংলাদেশের পাহাড়ি এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ। সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটির আগের বৈঠকে পার্বত্য এলাকায় ইটভাটা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তখন এ বিষয়ে লিখিত মতামত উপস্থাপনের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকে মন্ত্রণালয় থেকে লিখিত মতামত উপস্থাপন করা হয়। উপসচিব মো. মনিরুল হুদা স্বাক্ষরিত মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, পাহাড়ের প্রতিবেশ-ব্যবস্থার কাছের ইটভাটাগুলো কাঁচামাল হিসেবে পাহাড় ধ্বংস করে মাটি সংগ্রহ করবে। প্রাকৃতিক পাহাড় একবার ধ্বংস হলে, তা আবার তৈরি করা যাবে না। তাই সেখানে ইটভাটা তৈরির অনুমতি দেওয়া হলে পাহাড়ের পরিবেশ, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিবেশগত উপযোগিতা নষ্ট হয়ে যাবে। এর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব দেশের সামগ্রিক পরিবেশের জন্য ভয়াবহ হতে পারে।শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বীর বাহাদুর, যতীন্দ্র লাল ত্রিপুরা ও মো. আবু জাহির বৈঠকে অংশ নেন।