পাহাড়ে বৈসাবি উৎসব শুরু
পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিজু) আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে আদিবাসীদের প্রতিটি গ্রামে ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা।ভোরে শিশু-কিশোর ও তরুণীদের ফুল সংগ্রহ করে নদীতে ভাসিয়ে দেওয়ার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। নদীর পানিতে ফুল যেভাবে ভেসে যায়, সেভাবে যেন পুরোনো বছরের গ্লানি, দুঃখ-বেদনা দূর হয়ে যায়—এ কামনায় ফুল ভাসানো হয় এবং নতুন বছরকে স্বাগত জানানো হয়।খাগড়াছড়ি সদরের পেরাছড়ার জামতলা এলাকায় সর্বজনীন বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে ফুল ভাসানো হয়। এরপর সকাল নয়টায় খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকা থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পানখাইয়াপাড়া, স্লুইসগেট, বাজার, মহাজনপাড়া, নারানখিয়া হয়ে স্বনির্ভর এলাকায় গিয়ে শেষ হয়। শত শত আদিবাসী তরুণ-তরুণী ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় যেমন আনন্দ-উল্লাস হয়েছে, তেমনি আদিবাসী মানুষ তাঁদের অস্তিত্ব ও অধিকারের কথা তুলে ধরতে ভোলেননি। শোভাযাত্রা থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।