পাহারাদারের গুলিতে যুবক নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় চিংড়িঘেরের পাহারাদারদের গুলিতে মোহাম্মদ সলিমউল্লাহ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।সলিমউল্লাহ উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটার বাসিন্দা ছিলেন।মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে পার্শ্ববর্তী সিরাজুল ইসলামের মালিকানাধীন মাইল্যারঘোনা চিংড়িঘেরের পাহারাদারদের গুলিতে ঘটনাস্থলে সলিমউল্লাহ নিহত হন। আহত হন তাঁর দুই সহযোগী ফজলে করিম (৩২) ও আবদুল আজিজ (২৮)। এই তিনজন ওই ঘেরে মাছ ধরতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পাহারাদারেরা পালিয়ে যান।খবর পেয়ে আজ ভোররাত চারটার দিকে চিংড়িঘেরের পাশে বাহারঘোনার খালের পাড় থেকে সলিমউল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য সকাল সাড়ে ১০টায় সলিমউল্লাহর লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।