পাহাড় কাটা হচ্ছে ‘অনুমতি’ নিয়ে!
পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কাটা নিষিদ্ধ। তবে কুমিল্লার লালমাই পাহাড়ের মাটি কাটা হচ্ছে অনুমতি ছাড়াই, তা-ও আবার রাতের বেলায়।মাটি কাটায় নিয়োজিত ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পে মাটি সরবরাহের জন্য তাঁরা পাহাড় কাটছেন। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের অনুমতিও নিয়েছেন।তবে ওই অনুমতিপত্র যাচাই করে দেখছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।গত রোববার লালমাই পাহাড়ের চৌধুরীখলা এলাকায় গেলে লোকজন বলে, গত বুধবার রাত থেকে চৌধুরীখলার পাহাড়ি টিলা কেটে মাটি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সদর দক্ষিণ উপজেলা প্রশাসন মাটি কাটায় বাধা দিলেও কাজ হয়নি। গত কয়েক দিনে একটি বড় টিলা কেটে সাবাড় করা হয়েছে।ঘুরে দেখা যায়, ওই টিলাটি পরিণত হয়েছে সমতল ভূমিতে। মাটি কাটার জন্য পাহাড়ে বিকো মেশিন রাখা হয়েছে। মাটি নেওয়ার জন্য সড়কে ছিল পাঁচটি বড় ট্রাক।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা শাখার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৪(১) ধারা অনুযায়ী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক যদি মনে করেন কোনো কার্যক্রম পরিবেশ বিধ্বংসী, তবে তিনি যেকোনো কার্যক্রমকে নিষেধ করতে পারবেন। এরই পরিপ্রেক্ষিতে পরে অধিদপ্তর থেকে একটি পরিপত্র জারি করে বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনোভাবেই পাহাড় কাটা যাবে না।এদিকে ১৯৯২ সালের পরিবেশ নীতি ও বাস্তবায়ন কার্যক্রমের ৬(৪) ধারায় স্পষ্ট বলা আছে, ‘পাহাড়ি অঞ্চলে মাটি কেটে সমান করা, মাটি খোদাই ও অপসারণ করে কোনো এলাকার ভূমির প্রাকৃতিক অবস্থা বিনষ্ট করা, পাহাড় থেকে যথেচ্ছভাবে মাটি ও পাথর আহরণ করে এমন প্রাকৃতিক ভারসাম্যহীনতা সৃষ্টির কার্যক্রম বন্ধের ব্যবস্থা নিতে হবে।’কিন্তু লালমাই পাহাড়ে এর কোনোটাই মানা হয়নি। বরং পাহাড় কাটা বৈধ করতে চৌধুরীখলা এলাকার একটি কড়ইগাছে সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড ঝুলানো হয়েছে। এতে লেখা আছে, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়ন করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৪-১২-২০১০ ইং তারিখের সভায় পথ/ছাড়পত্র ৩০৪১/২০০৮/৫৮ নং স্মারকের অনুমতিক্রমে লালমাই পাহাড় হইতে মাটি সরবরাহের কাজ চলিতেছে।— প্রকল্প বাস্তবায়ন প্রতিষ্ঠানের নাম সিনো-হাইড্রো করপোরেশন লিমিটেড, মাটি সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স দিপা কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লাইয়ার্স।’চৌধুরীখলার বাসিন্দারা বলেছেন, ওই সাইনবোর্ডের কারণে তাঁরা প্রতিবাদ করতে পারছেন না। যদি অনুমতিই থাকে, তবে দিনের বেলায় মাটি না কেটে রাতের বেলায় কাটা হচ্ছে কেন? মাটি পরিবহনের কারণে ইতিমধ্যে বিজয়পুর-বাতাইছড়ি সড়কের বিভিন্ন অংশে দেবে গেছে।এক ট্রাকচালকের সহকারী সাজ্জাদ হোসেন বলেন, প্রতিদিন রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত মাটি কাটা হয়। ওই মাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেওয়া হচ্ছে।এদিকে নির্বিচারে পাহাড় কাটার ফলে বিপাকে পড়েছে সেখানে থাকা লোকজন। এমনই একজন জয়ফুল নেছা (৫২)। সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর লালমাই পাহাড়ের উঁচু টিলার এক টুকরো জায়গায় তিনি চার ছেলে ও চার মেয়েকে নিয়ে বাস করছেন। তাঁর ঘরের চারদিকে মাটির দেয়াল আর ওপরে টিন। বুধবার রাতে হঠাৎ জয়ফুলের ঘুম ভেঙে যায়। কুপির বাতি জ্বেলে তিনি দেখেন, তাঁর ঘরের পাশে বিকো মেশিন এনে দেদারসে পাহাড় কাটা হচ্ছে। পরদিন বৃহস্পতিবার তিনি গ্রামবাসীকে বিষয়টি জানান।মাটি কাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জয়ফুলকে দুটি নতুন টিনের ঘর করে দেওয়ার আশ্বাস দেন। তবু জয়ফুলের এখন আর ঘুম আসে না। এই বুঝি পাহাড় ধসে তাঁর ঘর পড়ে যাবে। বিকো মেশিন ও ভারী যানবাহনের শব্দে তিনি রাতের বেলায় ঘুমাতেও পারেন না।লালমাই পাহাড় থেকে মাটি কাটার ব্যাপারে ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের ব্যবস্থাপক-২ মাসুম সারওয়ার বলেন, ‘সরকারের অনুমতি নিয়ে পাহাড় কাটা হচ্ছে। এ ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ঢাকা থেকে অনুমোদন নেওয়া হয়েছে।’প্রকল্পে পাহাড় থেকে মাটি কাটার বিষয় নেই, এমন প্রশ্ন করলে মাসুম বলেন, ‘প্রকল্পে বলা আছে, সুইটেবল জায়গা থেকে মাটি নেওয়া যাবে। তাই আমরা কাছাকাছি লালমাই পাহাড় থেকে মাটি নিচ্ছি।’জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের কুমিল্লা কার্যালয় থেকে পাহাড় কাটার কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। এমনকি ঢাকা থেকে অনুমোদন পাওয়ার কোনো অনুলিপিও পাইনি।’ এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘লালমাই পাহাড়ের টিলা কাটার খবর শুনে বৃহস্পতিবার আমরা বাধা দিই। পরে চার লেন কর্তৃপক্ষ একটি কাগজ দেখায়। আমরা সেটির সত্যতা যাচাই করছি।’কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, দেশের বৃহত্তর স্বার্থে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিলে সে ক্ষেত্রে পাহাড় কাটতে পারবে। এমনিতে পরিবেশ ক্ষতি করে পাহাড় কাটার নিয়ম নেই।