পাহাড় কাটার সময় কেইপিজেডের ১০ বুলডোজার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় কেটে সমতল করার সময় আজ শনিবার সকালে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (কেইপিইজেড) থেকে ১০টি বুলডোজার জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় কেইপিজেডের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ।অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এর আগে গত ২২ জানুয়ারি মুনীর চৌধুরী কেইপিজেডে প্রথম দফা অভিযান চালান। ওই সময় কর্তৃপক্ষকে পাহাড় কাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তিনি। পাশাপাশি ওই সময় কেইপিজেড কর্তৃপক্ষকে কারণ দর্শানো নোটিশও দেওয়া হয়।এর পরও আবার পাহাড় কাটা শুরু করায় আজ অভিযান চালানো হয়। অভিযানের সময় কেইপিজেড এলাকার ভেতরে বিভিন্নস্থানে বুলডোজার দিয়ে কাটা পাহাড়ের মাটি সমান করতে দেখা যায়। এ সময় র্যাব ও পুলিশের সহায়তায় পাহাড় কাটায় জড়িত সাত শ্রমিককে আটক করা হয়। পরে তাঁদের আবার ছেড়ে দেওয়া হয়। তবে ১০টি বুলডোজার জব্দ করে লরির সাহায্যে আনোয়ারা উপজেলা প্রশাসনের জিম্মায় পাঠিয়ে দেওয়া হয়।এ প্রসঙ্গে মুনীর চৌধুরী বলেন, ‘কেইপিজেড কর্তৃপক্ষকে আমরা জানুয়ারিতে পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলাম। কিন্তু তারা ওই নিষেধাজ্ঞা না মেনে পুনরায় পাহাড় কাটছে। আজ হাতেনাতে এর প্রমাণ পেয়েছি। আমরা তাদের আগের ছাড়পত্র বাতিল করব। পাহাড় কাটার অপরাধে মামলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া পরিবেশের ক্ষতিসাধনের জন্য জরিমানাও আদায় করা হবে।’জানা যায়, পশ্চিম পটিয়া ও আনোয়ারা উপজেলার মধ্যবর্তী স্থানে আড়াইহাজার একর পাহাড়ি ভূমিতে কেইপিজেড এলাকা। পরিবেশ অধিদপ্তর থেকে ২০০৯ সালের ২৩ নভেম্বর ৩৩টি শর্ত সাপেক্ষে কেইপিজেডকে পাহাড় কাটার অনুমতি দেওয়া হয়। পরে গত ২৪ নভেম্বর ওই অনুমতিপত্র নবায়ন করা হয়। শর্তে লেখা রয়েছে, ‘অনুমোদিত নকশা অনুযায়ী পাহাড় কর্তন ও মোচন করা যাবে। পাহাড় টিলা কাটার আগে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করতে হবে।’পাহাড় কাটার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কেইপিজেডের মহাব্যবস্থাপক লে. কর্নেল (অব.) মো. শাহজাহান বলেন, ‘আমরা পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নিয়েই এখানে শিল্পায়নের জন্য প্লট তৈরি করছি। তবে নিষেধাজ্ঞার পর যেসব এলাকায় কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল, সেখানে বন্ধ রেখেছি।’