পাহাড় কাটার সময় দুই শ্রমিকের মৃত্যু
বান্দরবান জেলা শহরে অবৈধভাবে পাহাড় কাটার সময় গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নয়জন শ্রমিককে আটক করেছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, ঈদের ছুটির মধ্যে কয়েক দিন ধরে গভীর রাতে জেলা শহরের অক্ষ্যংঝিড়ি এলাকায় পাহাড় কাটা চলছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ১৫ থেকে ২০ জন শ্রমিক পাহাড় কাটছিলেন। গতকাল রাতে পাহাড় কাটার সময় আকস্মিকভাবে মাটি ধসে পড়ে। এতে মোহাম্মদ ইসমাইল (৫৫) ও আবদুল মান্নান (৩২) নামের দুজনের মৃত্যু হয়। তাঁদের বাড়ি পটুয়াখালী।পাহাড়ধসের খবর পাওয়ার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে সড়ক ও জনপথ বিভাগের বুলডোজার দিয়ে মাটি সরিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বান্দরবান সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) রুমা বড়ুয়া বলেছেন, ঘটনাস্থল থেকে নয়জনকে আটক করে নিয়ে আসা হয়েছে।