পাহাড় কেটে প্লট তৈরি, চলছে বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গম পাহাড়ের জমির মালিক সরকার। কিন্তু পাহাড় কেটে ও পাহাড়ি জমিতে ছোট ছোট প্লট করে তা বিক্রি করছে স্থানীয় কিছু ভূমিদস্যু। এসব জমির কোনো নিবন্ধন হয় না। জমি হাতবদলের জন্য কিছু কার্ড বানানো হয়। এ কার্ড কিনে নিচ্ছেন শহরের কিছু বিত্তবান লোক। কোনো দিন সেখানে রাস্তাঘাট হলে ভালো দাম পাওয়া যাবে, তোলা যাবে দালানকোঠা—এ আশায় কার্ড কিনছেন তাঁরা। আপাতত সেখানে থাকতে দেওয়া হচ্ছে ছিন্নমূল আর নিম্ন আয়ের মানুষকে।জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ওই এলাকায় ছিন্নমূলদের নামে সরকারি খাসজমিতে বসতি স্থাপন করা হলেও অনেক বিত্তবান সেখানে সস্তায় প্লট কিনছেন। জেলা পুলিশ সূত্র জানায়, অবৈধ বসতি স্থাপনকারীদের দ্রুত উচ্ছেদের তাগিদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু প্রভাবশালীদের তদবিরের কারণে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো সিদ্ধান্ত আসছে না।জানা গেছে, ছিন্নমূলদের সামনে রেখে এভাবে সরকারি জমি দখল-বেদখল চলছে সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায়। সড়ক যোগাযোগবিচ্ছিন্ন জঙ্গল সলিমপুর ও ইসলামপুরের ওই অঞ্চল পড়েছে সীতাকুণ্ড, হাটহাজারী এবং বায়েজিদ থানার সীমান্ত এলাকায়। এক থানা অন্য থানার এলাকা বলে দায় এড়ানোর কারণে গত ১০ বছরে দুই থেকে আড়াই হাজার একরের ওই পাহাড়ি অঞ্চল দখল হয়ে গেছে। সেখানে অন্তত ২০ হাজার প্লট তৈরি করে বিক্রি করা হয়েছে।পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পাহাড়ি এলাকায় দখল-বেদখলে ছিন্নমূলদের পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন কিছু প্রভাবশালী। এখন এখানে ন্যূনতম ৩০ হাজার টাকায় মিলছে খাসজমির প্লট। একাধিক প্লট কিনে সেখানে ছিন্নমূলদের বসিয়ে দিচ্ছেন প্রভাবশালীরা। ছিন্নমূলদের অনেকে আবার নিজের নামেও প্লট কিনছে। নোয়াখালী, বরিশাল, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলের লোকজন এখানে বসতি গড়েছে।সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, ‘১০-১৫ বছর ধরে প্রায় দুই হাজার একর সরকারি জমি দখল করে রেখেছে ছিন্নমূলেরা। পাহাড় কেটে তৈরি হচ্ছে বাড়ি। এ দখল নিয়ে একটি প্রতিবেদন আমরা জেলা প্রশাসকের কাছে দিয়েছি।’সরকারি জমি দখল করতে দখলদারেরা নানা কৌশল নেয়। দখল নির্বিঘ্ন করতে তারা কোথাও মসজিদ, মন্দির ও বৌদ্ধ মন্দির তুলেছে। এ ছাড়া সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা তাদের ছিন্নমূল সংগঠনের নামও পরিবর্তন করে। দখলদারেরা সব সময় সরকারি দলে: সলিমপুরের দখলদার আলী আক্কাস, আকতার, ধামা জাহাঙ্গীর, জানে আলম, লোকমান আগে বিএনপির ছত্রছায়ায় থাকলেও এখন তাঁরা আওয়ামী লীগের নাম ব্যবহার করছেন। অভিযোগ রয়েছে, এঁরা জঙ্গল সলিমপুরে বাস্তুহারা লীগ, কো-অপারেটিভ সোসাইটি, ছিন্নমূল বস্তি সমন্বয় সংগ্রাম পরিষদ ও ইসলামপুরে সমাজকল্যাণ সমিতির নামে সরকারি জায়গা দখল করছেন। ইসলামপুরের নেতৃত্বে রয়েছেন শাহজাহান বাদশা, আবদুল মালেক প্রমুখ।তবে আলী আক্কাস বলেন, ‘এটা সরকারি জায়গা ঠিক আছে। আমি ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক। আমি সলিমপুর থেকে কোনো জায়গা নিইনি, বিক্রিও করিনি। কিন্তু আমার নামে সব দখলের অভিযোগ। অথচ জানে আলম, লোকমানরা সরকারি জমি প্লট বানিয়ে বিক্রি করছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিএনপি-আওয়ামী লীগ দুই দলেরই সমর্থক। আমি দু দলের মঞ্চে বক্তব্য দিই।’জানা গেছে, জমি দখল নিয়ে অতীতে জঙ্গল সলিমপুর এলাকায় রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সর্বশেষ গত সোম ও মঙ্গলবার সংঘর্ষ হয়। সলিমপুরে বর্তমানে প্রায় ৫০ হাজার লোক বসবাস করে। এখানে প্রায় ২০ হাজার ভোটারও আছে। ইসলামপুর অংশে রয়েছে প্রায় দেড় হাজার পরিবার।সরেজমিনে দেখা গেছে, জঙ্গল সলিমপুরের প্রবেশমুখে লোহার গেট নির্মাণ করে সেখানে ছিন্নমূল বস্তিবাসীর পক্ষে আক্কাসের লোকজন পাহারা বসিয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। ভেতরে চলছে নির্বিচারে পাহাড় কেটে বাড়ি নির্মাণ। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, সলিমপুর ও ইসলামপুর এলাকায় পাহাড় কেটে সমান বানিয়ে ফেলা হচ্ছে। সরকারি জমির অবাধ বেচাকেনা চলছে সেখানে। দখলদারের সংখ্যা ক্রমশ বাড়ছে। ইসলামপুর সমাজকল্যাণ ও আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সহসভাপতি আবদুল মালেক বলেন, এখানে সবাই জমি কিনেছে। কেউ দখল করেনি। দখল চলছে সলিমপুর অংশে।