পাহাড় কেটে মাটি আনতে গিয়ে কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করার কাজ আবারও আটকে গেছে। ঠিকাদারেরা অবৈধভাবে পাহাড় কেটে মাটি আনতে শুরু করলে পরিবেশ অধিদপ্তর বাধা দেয়। তাই প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ছিল, নদী খনন করে এ প্রকল্পের মাটি সংগ্রহ করতে হবে। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় এক কোটি ঘনমিটার মাটি সংস্থানের বিষয়ে কোনো পরিকল্পনা না করেই প্রকল্পের কাজ শুরু করে। মন্ত্রণালয়ের গাফিলতির এখন খেসারত দিচ্ছে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্পটি।কাজ শুরুর প্রস্তুতিতে ঘাটতি থাকলেও এক বছর আগেই ঠিকাদারদের অগ্রিম হিসাবে ১৬৫ কোটি টাকা দিয়ে বসে আছে প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।সরেজমিনে দেখা গেছে, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, মিরসরাই ও সীতাকুণ্ড এলাকায় মহাসড়কের ডান পাশের ঢাল কেটে সমান করা হচ্ছে। মাটি না পাওয়ায় নতুন রাস্তা তৈরির কাজ বন্ধ। এই অবস্থায় ১৯২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ সময়মতো সম্পন্ন করার বিষয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ২০১৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার কথা। প্রকল্পের আওতায় দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত বিদ্যমান মহাসড়কের পাশে এর সমপরিমাণ চওড়া আরেকটি সড়ক করা হবে। মাঝখানে থাকবে বিভাজক (ডিভাইডার)। ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এক হাজার ৬৫০ কোটি টাকায়।বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে এই চার লেন প্রকল্প অন্যতম। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও এই প্রকল্পটি বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে চার লেন প্রকল্প নেওয়া হয়। দুর্নীতির অভিযোগে দুই দফা দরপত্র বাতিল হলে প্রকল্পটি আটকে যায়।জানা গেছে, শুরুতে বিদ্যমান মহাসড়কের পাশের জমি কেটে মাটি সরবরাহের কথা ছিল। কিন্তু ২০০৯ সালের ডিসেম্বর মাসে সংশোধিত প্রকল্প প্রস্তাব একনেকে অনুমোদনের সময় প্রধানমন্ত্রী জমি থেকে মাটি না কেটে নদী খনন করে মাটি সরবরাহের নির্দেশ দেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও কৃষিজমি থেকে মাটি নিতে বারণ করেন। কিন্তু মাটির উৎস কী হতে পারে এবং কীভাবে নদী খনন করা হবে, সে বিষয়ে কার্যকর কোনো পরিকল্পনা নেয়নি মন্ত্রণালয়। শেষ মুহূর্তে এসে গত জানুয়ারি মাসে অবৈধভাবে পাহাড় কেটে মাটি সরবরাহের কাজ শুরু হয়।প্রকল্প বাস্তবায়নে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োজিত। এগুলো হচ্ছে, চীনা কোম্পানি সিনো হাইড্রো করপোরেশন, বাংলাদেশি রেজা কনস্ট্রাকশন ও আল আমিন-তাহের ব্রাদার্স (যৌথ)। এই তিনটি প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, পাহাড় কেটে মাটি সংগ্রহ করা যাবে—এই আশায় তারা নদী খনন করার কথা ভাবেইনি।রেজা কনস্ট্রাকশনের খান মো. আফতাব উদ্দিন ও তাহের ব্রাদার্সের আবুল বাশার প্রথম আলোকে বলেন, মাটির অভাবে তাঁরা পুরোদমে কাজ শুরু করতে পারছেন না। তাঁরা আশা করে বসে আছেন, পরিবেশ অধিদপ্তর থেকে শিগগিরই পাহাড় কাটার অনুমোদন দেওয়া হবে। এ জন্য মন্ত্রণালয়, সওজ ও ঠিকাদারেরা মিলে ‘প্রধানমন্ত্রীর অগ্রাধিকার’ বলে পরিবেশ অধিদপ্তর থেকে এটির অনুমতি নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আর এতে নদী খনন করে মাটি সংগ্রহে খোদ প্রধানমন্ত্রীর নির্দেশই চাপা পড়ে যাচ্ছে।চার লেন প্রকল্পের কাজ শুরুর আগে যন্ত্রপাতি সংগ্রহ ও প্রস্তুতির জন্য ঠিকাদারদের মোট প্রকল্প ব্যয়ের ১০ শতাংশ অগ্রিম দেওয়ার বিধান রাখা হয়। সে অনুযায়ী, ঠিকাদারেরা অগ্রিম হিসাবে ২০১০ সালের শুরুতেই ১৬৫ কোটি টাকা উঠিয়ে নিয়েছেন। কিন্তু সময়মতো পরামর্শক নিয়োগ না হওয়ায় প্রকল্পের কাজ শুরু হয় ঠিকাদার নিয়োগের এক বছর পর। প্রকল্প শুরুর সময় ঠিকাদারদের অগ্রিম দেওয়ার বিষয়ে সমালোচনা হয় বিভিন্ন মহলে।পাহাড় কাটা: গত মাসে চট্টগ্রামের মিরসরাইয়ের বড় তাকিয়া রেলস্টেশনের ভূঁইয়া গ্রামে একটি পাহাড় কেটে মাটি সরবরাহ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো। পরিবেশ আইনে এ ধরনের পাহাড় কাটা অবৈধ। এ কারণে পরিবেশ অধিদপ্তর আপত্তি জানালে পাহাড় কাটা বন্ধ হয়ে যায়। মিরসরাই থেকে চট্টগ্রাম পর্যন্ত পাহাড়ি এলাকা থেকে অন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশন ও তাহের ব্রাদার্সও পাহাড় কেটে মাটি নিতে চেয়েছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তরের আপত্তিতে তাদের সেই চেষ্টা আটকে যায়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মিরসরাইয়ের বড় তাকিয়ার অক্ষত পাহাড়ের অর্ধেকটাই কেটে ফেলা হয়েছে। পাহাড়ের কাটা অংশের গাছপালাও ধ্বংস করা হয়েছে। কেটে ফেলা গাছের গুঁড়ি এখনো সেখানে পড়ে আছে।এলাকাবাসী জানান, বড় তাকিয়া রেলস্টেশনের পাশের পাহাড়টি ব্যক্তিমালিকানাধীন। পরিবেশ আইন অনুযায়ী, ব্যক্তিগত মালিকানাধীন পাহাড়ও অনুমোদন ছাড়া কাটা যাবে না।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০-এর ৪ ধারার (৬খ)-তে বলা আছে, ‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন/বা মোচন করা যাইবে না।’জানা গেছে, বড় তাকিয়ায় পাহাড় কাটার দায়ে পরিবেশ আইনে জমির মালিক জিয়াউর রহমান, মাটি কাটায় জড়িত আবুল হাসেমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বাদী পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিদর্শক মো. সাইফুল আশ্রাফ। তবে সাইফুল আশ্রাফ অভিযোগ করেন, মিরসরাই থানায় লিখিত অভিযোগ করলেও তা মামলা হিসেবে নেয়নি থানা। ৮ মার্চ ওই একই অভিযোগ রেজিস্ট্রি ডাকযোগেও থানায় পাঠানো হয়েছে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির দাবি করেন, তিনি পরিবেশ অধিদপ্তরের কোনো এজাহার পাননি। তবে মিরসরাই থানার সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বলে মামলা না নিতে সওজ থেকে থানায় চাপ দেওয়া হয়েছে।অভিযুক্ত জিয়াউর রহমান দাবি করেন, মাটি কেটেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তাঁরা আশ্বাস দিয়েছিলেন, পাহাড় কাটলে মামলা হবে না। তাই পাহাড়ের মাটি বিক্রি করেছেন তিনি।পাহাড় কাটায় জড়িত মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, এক দিন মাটি কেটেছেন তাঁরা। এখন মাটি কাটা বন্ধ। তিনি জানান, পাহাড় কাটার জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে আবার কাটা হবে।পরিবেশ ও বনসচিব মেসবাহ উল আলম প্রথম আলোকে বলেন, পাহাড় কাটার বিষয়ে তাঁদের আপত্তি আছে। যোগাযোগ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ একটি দল সরেজমিনে পরিদর্শন করেছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।জানা গেছে, নব্বইয়ের দশকেও সওজ কুমিল্লার লালমাই পাহাড় কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মেরামতের উদ্যোগ নিয়েছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তরের বাধার কারণে সেবার তারা পিছু হটে এবং মেঘনা-গোমতী নদী খনন করে মাটি আনা হয়।চার লেন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, প্রকল্পের কাজ যথাসময়েই শেষ হবে। ২০০৯ সালে ফসলি জমি থেকে মাটি না কাটার সিদ্ধান্ত হলেও এত দিন কেন বিকল্প চিন্তা করা হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা এটা নিয়ে ভাবেননি। আমি মাঠে কাজ করতে এসে এখন সমস্যাটা বুঝতে পারছি।’যোগাযোগমন্ত্রীর বক্তব্য: যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল বৃহস্পতিবার রাতে টেলিফোনে প্রথম আলোকে বলেন, সাগর, নদী ও কিছু মরা টিলা থেকে মাটি সংগ্রহের বিষয়ে একটি পরিকল্পনা করা হয়েছে। এক বছর আগে প্রধানমন্ত্রী নদী খনন করার নির্দেশ দিলেও সে বিষয়ে পরিকল্পনা না করার বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পের পরামর্শক নিয়োগ নিয়ে জটিলতার কারণে কিছুটা সময় নষ্ট হয়েছে। প্রথম দিকে দায়িত্ব পাওয়া প্রকল্প কর্মকর্তাদেরও কিছু গাফিলতি ছিল।মন্ত্রী বলেন, সাগর, নদী ও মরা টিলা থেকে মাটি পেলে কাজে আর ব্যাঘাত ঘটবে না। সময়মতো প্রকল্প শেষ হবে।