পাহাড় ধসের ঘটনায় সিসিসির চার প্রকৌশলী বরখাস্ত
চট্টগ্রামে বাটালি পাহাড় ধসের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের চারজন প্রকৌশলীকে আজ শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া পাহাড় ধসের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বরখাস্ত হওয়া ওই প্রকৌশলীরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সাবেক প্রধান প্রকৌশলী ও বর্তমান তদারককারী প্রকৌশলী মোখতার আলম, নির্বাহী প্রকৌশলী আবু সালেহ, সহকারী প্রকৌশলী রফিক উদ্দিন সিদ্দিকি ও উপসহকারী প্রকৌশলী এজাজুল হায়দার।আজ সিটি করপোরেশন কার্যালয়ে চট্টগ্রামের মেয়র মনজুরুল আলম, ওয়ার্ড কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের টানা তিন ঘণ্টার বৈঠক শেষে ওই চারজন প্রকৌশলীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।বাটালি পাহাড় ধসের ঘটনা তদন্তের জন্য আজ পূর্ত বিভাগের স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর এস এম ইকবাল হোসেনের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।প্রসঙ্গত, গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে বাটালি পাহাড়ের বড় আকারের একটি মাটির খণ্ড পাশের সীমানা দেয়ালে আছড়ে পড়ে। এরপর মাটি আর দেয়াল ২৫টি বস্তিঘর চাপা দেয়। এতে গতকাল গভীর রাত পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আজ সকালে উদ্ধার করা হয় আরও দুজনের মৃতদেহ। টানা ২৫ ঘণ্টারও বেশি সময় পর সকাল আটটার দিকে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।