পাহাড়তলী চালের বাজার এলাকায় সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও লোকজনকে আটকে রাখার প্রতিবাদে গতকাল রোববার সকালে চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় চালের বাজারের ব্যবসায়ী ও শ্রমিকেরা ঢাকা ট্রাংক রোড (ডিটি রোড) অবরোধ করে রাখেন।ব্যবসায়ী ও শ্রমিকেরা সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত দোকানপাট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন। পুলিশ এসে আটক লোকজনকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চালের বাজার এলাকায় চালবোঝাই একটি ট্রাক থামার পর স্থানীয় সন্ত্রাসী ইকবাল ও তাঁর সহযোগীরা তা ঘিরে ধরেন। তাঁরা এসব চাল অবৈধ বলে ট্রাকচালক, সহযোগী ও শ্রমিকদের কাছাকাছি একটি বাড়িতে জিম্মি করে রাখেন এবং চাঁদা দাবি করেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রথমে ট্রাকচালকের সহযোগী ও শ্রমিকদের উদ্ধার করেছি। সন্ত্রাসী ইকবাল হোসেন ও তার লোকজন দীর্ঘদিন ধরে এভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। আমরা তাকে না পেয়ে তার সহযোগী তৌহিদুর রহমানকে আটক করেছি।’