পাহাড়তলীর বধ্যভূমিতে গড়ে উঠছে বিশ্ববিদ্যালয় ভবন
চট্টগ্রামের পাহাড়তলীতে প্রায় দুই একর জায়গাজুড়ে বধ্যভূমি ছিল। এই বধ্যভূমিতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-চট্টগ্রামের (ইউএসটিসি) জিয়া বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট ভবন নির্মাণ করছে। আর বর্তমানে যেখানে সরকারের নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভটি রয়েছে, সেখানে ছিল একটি পাহাড়ি ঝরনা।সরকার গঠিত পাহাড়তলী বধ্যভূমি এলাকার স্থান নির্ধারণ কমিটির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। কমিটি ওই বধ্যভূমির স্থান সংরক্ষণ করে স্মৃতিসৌধ নির্মাণ ও গণকবর সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহর নেতৃত্বে সাত সদস্যের ওই কমিটি বধ্যভূমি এলাকা সরেজমিন পরিদর্শন ও সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ বিষয়ে একটি প্রতিবেদন সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এরপর প্রতিবেদনটি আদালতেও জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কে এম সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বধ্যভূমিটি কোথায় ছিল, সেই জায়গাটি চিহ্নিত করে আমরা প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছি।’তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নুরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, প্রতিবেদনের তথ্য সঠিক নয়। জায়গা নিয়েও কোনো সমস্যা নেই। কারণ জায়গা কেনার পর কারও আপত্তি আছে কি না তা জানার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। পরে চট্টগ্রাম সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বধ্যভূমির জন্য তিনি ২০ শতাংশ জমি দিয়েছেন।চট্টগ্রামের পূর্ব পাহাড়তলীর এই বধ্যভূমি দেশের অন্যতম। এই বধ্যভূমি সংরক্ষণের বিষয়ে মুহম্মদ জাফর ইকবালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আদালতে রিট আবেদন করেন। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বধ্যভূমির স্থান নির্ধারণে জন্য সাত সদস্যের কমিটি গঠন করে। কে এম সফিউল্লাহর নেতৃত্বে ওই কমিটিতে ছিলেন শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, মাহফুজুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধি, ইউএসটিসির রেজিস্ট্রার ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ মজিবুল হক (সদস্য সচিব)।মন্ত্রণালয় ও কমিটি সূত্রে জানা গেছে, কমিটি তিনটি সভার পাশাপাশি গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে। সেখানে কমিটির সদস্যরা প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ করেন। এর ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার (বর্তমান খুলসী) পূর্ব পাহাড়তলী এলাকার বিএস খতিয়ান নং ৫০, ৫১; বিএস দাগ নং ১৫২, ১৫৩ নম্বরে মোট এক দশমিক ৭৫৪ একর জমির ওপর বধ্যভূমিটি অবস্থিত।পরিদর্শনের সময় দেখা যায়, বধ্যভূমির মূল অংশে ইউএসটিসির স্টিল স্ট্রাকচার বেজমেন্টসহ চারতলা স্থাপনা নির্মিত হচ্ছে, পশ্চিম প্রান্তে একটি ছোট স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। ইউএসটিসির নির্মাণাধীন ভবনের পেছনের অংশে অনেক নির্মাণসামগ্রী রাখা হয়েছে। স্থানীয় জনগণ ও শহীদ পরিবারের সদস্যরা জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় প্রায় সময় রাতে নির্মাণকাজ করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, এই বধ্যভূমিতে ১৯৭১ সালের মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত স্থানীয় শহীদ লেন (আগের পাঞ্জাবী লেন), মাস্টার লেন, আমবাগান, সারাইপাড় ডিজেল কলোনিসহ শহরের বিভিন্ন স্থান থেকে বুদ্ধিজীবী, সাহিত্যিক, রাজনৈতিক, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষকে ধরে এনে জবাই করা হতো। সবচেয়ে উল্লেখযোগ্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ১৯৭১ সালের ১০ নভেম্বর। এদিন স্থানীয় ঝাউতলা স্টেশনে গাড়ি থামিয়ে দোহাজারী ও নাজিরহাট ট্রেন থেকে যাত্রীদের এবং পার্শ্ববর্তী রেলওয়ে কলোনি থেকে কর্মকর্তা-কর্মচারীদের ধরে এনে হত্যা করা হয়।১৯৭১ সালে এলাকাটি ছিল নির্জন উঁচু-নিচু জঙ্গল। ফলে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীরা এ স্থানকে বধ্যভূমি হিসেবে বেছে নিয়েছিল। তখন স্থানীয়দের কাছে বধ্যভূমিটি জল্লাদখানা হিসেবে পরিচিত ছিল।প্রতিবেদনে বলা হয়, কমিটি ইউএসটিসির উপাচার্য জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের সাক্ষাৎকার নেয়। তিনি জানান, বধ্যভূমির এক পাশে ইউএসটিসি থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে ২০ শতাংশ জমি দিয়েছে। ওই জমিতে গণপূর্ত বিভাগ বধ্যভূমি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে। তবে কমিটি বলছে, বর্তমানে যেখানে স্মৃতিস্তম্ভ করা হয়েছে এটি একটি পাহাড়ি ঝরনা ছিল।