পাহাড়ধসে মানুষ মরে, দায়ীদের শাস্তি হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বারবার পাহাড়ধস হচ্ছে। ঘটছে প্রাণহানি। সর্বশেষ টাইগারপাসের বাটালি হিল এলাকায় পাহাড়ের প্রতিরক্ষা-দেয়ালধসে ১৭ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। কিন্তু দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়নি। নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা।জানা গেছে, নগরের বাটালি হিলে ১ জুলাইয়ের দুর্ঘটনায় পাঁচটি অপমৃত্যুর মামলা হয়। অথচ এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে বলে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা বলছেন।পুলিশ সূত্র জানায়, ১ জুলাই হতাহতের ঘটনায় খুলশী থানায় পাঁচটি অপমৃত্যুর মামলা হয়। এর আগে ২০০৭ সালের ১১ জুন পাহাড়ধসে ১২৭ জনের মৃত্যু হয়। তখন হাটহাজারী ও নগরের খুলশী থানায় অপমৃত্যুর মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) হয়। এতে উল্লেখ করা হয়, এর জন্য কেউ দায়ী নয়। লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য জিডি করা হয়েছিল।চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘পাহাড় কিংবা পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় কারও অবহেলা প্রমাণিত হলে ফৌজদারি দণ্ডবিধির ৩০৪-এর “ক” ধারায় মামলা হবে। কারণ, পাহাড় কাটা নিয়ে ফৌজদারি আইন রয়েছে। তা ছাড়া পাহাড়ের পাশে দেয়াল নির্মাণ করেছে মানুষ। ওই দেয়াল ধসে মৃত্যু হলে অবশ্যই ফৌজদারি মামলা হবে।’পিপি বলেন, ‘পাহাড়ের পাশে যারা বস্তিঘর তুলে ভাড়া দিয়ে লোকগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের বিরুদ্ধে সিটি করপোরেশন চাইলে মামলা হতে পারে।’এদিকে বাটালি হিল এলাকায় পাহাড়ের ঢালে যাঁরা বস্তিঘর তুলে ভাড়া দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি। গত বৃহস্পতিবার কমিটির সভায় এ ব্যাপারে সিটি করপোরেশনকে পদক্ষেপ নিতে বলা হয়। কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুযায়ী, ‘কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা কর্তন বা মোচন করা যাবে না।’এ-জাতীয় প্রথম অপরাধের ক্ষেত্রে অনধিক দুই বছর কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন দুই থেকে ১০ বছর কারাদণ্ড বা দুই থেকে ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) মো. তাজমিনুর রহমান বলেন, পাহাড়ের ঢালে ঝুঁকিতে বসবাসের সমস্যার সমাধানে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি কাজ করছে।সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. বাবুল আক্তার বলেন, ‘পাহাড়ধসের ঘটনায় কেউ কাউকে দায়ী করে মামলা করলে আমরা নেব। পাহাড়ের ঢালের কোনো ক্ষতিগ্রস্ত ভাড়াটে চাইলে ঘরের মালিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করতে পারেন।’১ জুলাই বাটালি হিল এলাকায় পাহাড়ের ঢালে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘরগুলো তুলে ভাড়া দিয়েছিলেন মো. আইয়ুব। ওই জায়গার মালিক বাংলাদেশ রেলওয়ে ও গণপূর্ত বিভাগ। দুর্ঘটনার পর থেকে আইয়ুবকে ওই এলাকায় আর দেখা যায়নি।২০০৭ সালে ধসে পড়া কুসুমবাগ এলাকার পাহাড়ের ঢালে ঘর তুলে ভাড়া দেন স্থানীয় জসিম উদ্দিন। তবে তিনি এই জায়গা তাঁর কেনা বলে দাবি করেন। তিনি বলেন, ‘পুলিশ লাইন পাহাড়ের পেছনে আমাদের বাসা রয়েছে। জায়গাটি আমাদের কেনা। দখলের অভিযোগ এনে পুলিশ কিছুদিন আগে আমাদের জায়গায় দেয়াল দিয়েছে। তাই আমাদের জায়গা এখন কমে গেছে।’জসিম উদ্দিন বলেন, কুসুমবাগ এলাকায় আরও অনেকে সরকারি পাহাড় দখল করে বসবাস করছে।জানা গেছে, ১ জুলাইয়ের দুর্ঘটনায় একটি পরিবারের একজন ছাড়া বাকি চার পরিবারের কেউ বেঁচে নেই। বেঁচে যাওয়া রিকশাচালক বাচ্চু মিয়া স্ত্রী ও চার সন্তানকে হারান। ওই দিনই তাঁকে দিয়ে খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা করানো হয়। বাকি চার পরিবারের স্বজনদের দিয়ে অন্য চারটি মামলা করানো হয়।পাঁচটি মামলার ভাষ্য প্রায় একই রকম। মামলায় বলা হয়, ‘দেয়াল ও পাহাড়ধসে আমার পরিবারের সদস্য কিংবা আমার স্বজন নিহত হয়েছেন। এতে কারো দোষ নাই। কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। কারো বিরুদ্ধে মামলাও করবো না।’সংশ্লিষ্ট সূত্র জানায়, পাঁচটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত হলেও বাদীরা এ বিষয়ে তেমন কিছু জানেন না। মামলা করেছেন কি না, জানতে চাইলে বাচ্চু মিয়া বলেন, ‘আমি কোনো মামলা করিনি। তবে ঘটনার পর লাশ নিয়ে যাওয়ার আগে আমার কাছ থেকে স্যারেরা সাদা কাগজে টিপ-সই নিয়েছিলেন।’ফৌজদারি মামলা করবেন কি না, জানতে চাইলে বাচ্চু বলেন, ‘আমি এগুলো বুঝি না। আর আমি আমার পোলা-মাইয়াকে হারিয়েছি। তাদের কি আর ফিরে পাব?’