পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ১১০
চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড়ধস, পানিতে ডুবে এবং বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ১১০ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ওই জেলাগুলো থেকে ১১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ৪১ জন, বান্দরবানে ৩৬ জন, চট্টগ্রামে ৩১ জন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।গতকাল সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। এর আগে গত বুধবারের তথ্য বিবরণীতে ৯১ জনের মৃত্যুর খবর বলা হয়েছিল।কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়েছে আটজন: কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদী থেকে গতকাল চার ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। একই দিন উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের সমুদ্রসৈকতসংলগ্ন হিমছড়ি পাহাড় থেকে অজ্ঞাতনামা আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। গত বুধবার রাতে পাহাড়ধস ও ঢলে এরা ভেসে যায় বলে সন্দেহ করা হচ্ছে।এ ছাড়া গতকাল ঢলের পানিতে ভেসে জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলায় তিন শিশুর মৃত্যু হয়। এ ব্যাপারে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জাকির হোসেন বলেন, গতকাল সকালে উপজেলার খুটাখালী ছড়াখালে ঢলের পানিতে ভেসে উত্তর ফুলছড়ি গ্রামের কবির আহমদের ছেলে তাসফিক (৫) ও কলিম উল্লাহর ছেলে মো. শামীমের (৫) মৃত্যু হয়।পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, একই সময় ঢলের পানিতে ভেসে মারা গেছে উপজেলার নন্দীরপাড় গ্রামের সালেহ আহমদের ছেলে জোবায়ের (৬)।রামু উপজেলা থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন জোয়ারিয়ানালা ইউনিয়নের পশ্চিম নুনাছড়ি গ্রামের মকবুল আহমদের স্ত্রী ছমুদা খাতুন, মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আরফান (৩), রাজারকুল দিয়াং পাড়ার রশিদ আহমদের ছেলে মো. বাবুল (৩৫) ও কাউয়ারকুপ এলাকার মো. হানিফ (২৭)। এর সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মো. নজিবুল ইসলাম বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সমুদ্র উপকূলের হিমছড়ি ঝর্না পাহাড় এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে। সন্ধ্যা পর্যন্ত এলাকায় মাইকিং করেও ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। পাহাড়ধসের ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।চট্টগ্রামে বেড়েছে এক: মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের আকবর শাহ মাজার এলাকায় পাহাড়ধসের ঘটনায় গতকাল ধ্বংসস্তূপ থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম বানু আক্তার (৩০)। এ নিয়ে চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনায় ২৩ জনের মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ওই নারীর লাশ উদ্ধারের পর উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।বান্দরবানে আরও একজনের লাশ: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে দুর্গম লেমুছড়ি রাইয়োপাড়ায় গতকাল ধসে পড়া পাহাড়ি মাটি থেকে গতকাল নেংক্লাং ম্রো নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এই নিয়ে বান্দরবান জেলায় পাহাড়ধসে মৃতের সংখ্যা ৩৭ জনে দাঁড়াল।বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের সহকারী কমিশনার মাইনুদ্দিন ইকবাল জানান, সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পাঠানো মাঠপর্যায়ের প্রতিবেদনে জেলায় ১২ হাজার ২২৫ পরিবারের ৪৭ হাজার ৭৭ জন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে লামায় ২৭ জন নিহত, ৪২৮ জন আহত এবং নাইক্ষ্যংছড়িতে ১০ জন নিহত হয়েছে। এ ছাড়া আলীকদমে পাঁচজন আহত হয়েছে। লামার ইউএনও সাইফুল ইসলাম বলেন, ঘরবাড়ি ভেসে যাওয়া, বিধ্বস্ত হওয়া, গবাদিপশুর মৃত্যু, মাছের খামার তলিয়ে যাওয়া—সব মিলিয়ে শুধু লামা উপজেলায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে।নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে রয়েছে এ রকম পরিবারের সংখ্যা তিন শতাধিক। বন্যার পানি সরে গেলেও এখন বিশুদ্ধ পানীয়জলের সংকটে ডায়রিয়া দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ।ত্রাণ তৎপরতা, দায়িত্ব বণ্টন: এদিকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত কয়েক দিনের অতিবর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের এ পর্যন্ত এক কোটি ২০ লাখ টাকা ও এক হাজার ৭৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এ জন্য চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোর ত্রাণ কার্যক্রম সমন্বয় ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুট মণি চট্টগ্রামে অবস্থান করবেন। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের তিনজন পরিচালক ও দুজন উপপরিচালককে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচটি জেলার ত্রাণ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তা করা ও সার্বিক সমন্বয়ের জন্য পাঠানো হয়েছে। জেলাগুলো হলো: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট ও সুনামগঞ্জ।গতকাল মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব এম আসলাম আলম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠক করেন।বৈঠকে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল ওয়াজেদকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের সার্বিক দায়িত্ব দেওয়া হয়।কোন জেলায় কত ত্রাণ: বরাদ্দকৃত এক কোটি ২০ লাখ টাকা ও এক হাজার ৭৫০ মেট্রিক টন চালের মধ্যে চট্টগ্রামে ৪০ লাখ টাকা ও ৬০০ মেট্রিক টন চাল, কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৫০০ টন চাল, বান্দরবানে ১০ লাখ টাকা, সিলেটে ১০ লাখ টাকা ও ২৫০ টন চাল, ফেনীতে পাঁচ লাখ টাকা ও ৫০ টন চাল, নেত্রকোনায় দুই লাখ টাকা, ভোলায় দুই লাখ টাকা, পিরোজপুরে দুই লাখ টাকা ও ৫০ টন চাল, হবিগঞ্জে পাঁচ লাখ টাকা, মৌলভীবাজারে পাঁচ লাখ টাকা, ২০০ টন চাল ও গৃহনির্মাণ বাবদ পাঁচ লাখ টাকা এবং মানিকগঞ্জে চার লাখ টাকা ও ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার এবং বান্দরবান প্রতিনিধি]