পাহাড়ধসে সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশী থানাধীন আকবর শাহ মাজার ও বিশ্বকলোনি এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে পৃথক পাহাড়ধসে অন্তত ৫২টি বসতঘর মাটির নিচে চাপা পড়েছে। গতকাল রাত ১২টা পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। ধসে যাওয়া পাহাড়ের নিচে অন্তত ২৫ জন চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নগরের একাধিক স্থানে পাহাড় ও দেয়ালধসের ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল রাতের পাহাড়ধসের ঘটনার পর আকবর শাহ মাজার এলাকার ধ্বংসস্তূপ থেকে রাতে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাজার এলাকায় নিহত তিনজনের নাম বানু (৪০), সানু (৩৮) ও উর্মি (৮)। বিশ্বকলোনি এলাকায় মারা গেছেন রাবেয়া বেগম (৬০), মাছুম (২), খালেক (৫৫) ও হাসনা বানু (৩৫)। এ ছাড়া নগরের আমবাগান এলাকায় রাত সাড়ে সাতটার দিকে দেয়ালধসে আবুল হোসেন (৮) নামের এক শিশু মারা গেছে। ঘটনার পর রাত পৌনে নয়টার দিকে দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর একটি দল তাতে যোগ দেয়।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন রাত সাড়ে ১০টার দিকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত এক নারীর লাশ উদ্ধার করেছি। তিনজনকে আহত অবস্থায় পেয়েছি। এ ছাড়া অপর এক শিশুর হাত দেখা যাচ্ছে। মনে হচ্ছে সে মৃত।’দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শাবনাজ আক্তার জানান, সন্ধ্যার পর বিকট শব্দে পাশের পাহাড়টি ইয়াছিন কলোনির ঘরগুলোর ওপর পড়ে। প্রতিটি এক কক্ষবিশিষ্ট ঘরে পৃথক পরিবার বাস করত। শাবনাজের বড় বোন ও বাবা ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে তিনি জানান।একইভাবে ছামিরা নামে অপর একজন তাঁর দুই স্বজন মাটির নিচে চাপা পড়ে রয়েছে বলে জানান।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম ধ্বংসস্তূপে ১৫-২০ জন রয়েছে বলে ধারণা করছেন। তিনি বলেন, ‘অন্তত ৫০টি ঘর চাপা পড়েছে। এতে ১৫-২০ জন মারা যেতে পারে।’দুর্ঘটনার পরপর সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও জেলা প্রশাসক ফয়েজ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ফয়েজ আহমদ বলেন, ‘বারবার মাইকিং সত্ত্বেও তারা এখান থেকে সরে যায়নি। আমরা উদ্ধারকাজে সেনাবাহিনীকে নিয়োজিত করেছি।’জানা গেছে, রেলওয়ের মালিকানাধীন পাহাড়ের নিচের অংশ কেটে এই ঘরগুলো তৈরি করা হয়েছিল।