পাহাড়সমান প্রতিজ্ঞা হার মানল এভারেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি যদি লক্ষ্য স্থির করি যে কিছু একটা করব, মনে রেখো, আমি সেটা যেকোনো উপায়েই করে ছাড়ব।’ মুসা ইব্রাহীম লিখে রেখেছেন ফেসবুকের পরিচিতিতে, তাঁর নিজের সম্পর্কে (অ্যাবাউট মি)। প্রায় একক প্রচেষ্টায় মুসা ইব্রাহীম এভারেস্ট জয় করে গতকাল ২৩ মে ২০১০ তাঁর এই কথা প্রমাণ করলেন।‘একক চেষ্টায়’ কথাটা বললাম দায়িত্ব নিয়েই। আমি নর্থ আলপাইন ক্লাবের সভাপতি। নামেই সভাপতি। সাধারণ সম্পাদক মুসা ইব্রাহীম আমার বাসায় এসে একদিন এই দায়িত্ব দিয়ে গেছেন। ২০০৭ সালে যাত্রা শুরু এই নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের। এর স্লোগান মুসাই দিয়েছেন—ভিশন ২০১০, মিশন এভারেস্ট: মেক ইট হ্যাপেন। অর্থাৎ ২০১০ সালে এভারেস্ট জয়: এটা করতেই হবে।এই জিদ, এই লক্ষ্য স্থির রেখে কাজ করে যাওয়া, এই পাহাড়সমান প্রতিজ্ঞাই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে মুসা ইব্রাহীমকে।মুসা ইব্রাহীম বাংলাদেশের নিঃসঙ্গ শেরপা। আমাদের মুসা ইব্রাহীম। মুসা প্রথম আলো-অন্তঃপ্রাণ। গত বছর অন্নপূর্ণা-৪-এ গিয়ে তিনি ও তৌহিদ হোসেন ২৪ হাজার ৬৮২ ফুট উঁচুতে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন, তার পরই তিনি তুলে ধরেছেন প্রথম আলোর ব্যানার। তিনি দীর্ঘদিন প্রথম আলোয় নিয়মিত লিখেছেন। এখন তিনি ডেইলি স্টার-এ সহসম্পাদক পদে কর্মরত।২০০২ সালে অন্নপূর্ণা পর্বতে ১২ হাজার ৪৬৪ ফুট ওঠার মধ্য দিয়ে তাঁর এই পাগলামোর শুরু। ২০১০ সালে এভারেস্টে বাংলাদেশ থেকে ১০ জনের একটা দল পাঠানোর লক্ষ্যে ২০০৪ সালেই পরিকল্পনা গ্রহণ করেন মুসা। তখন বাজেট ধরা হয় দুই কোটি ৭০ লাখ টাকা। সেই টাকা কিছুতেই জোগাড় করা যাচ্ছিল না। শেষে, তহবিলস্বল্পতার কারণেই সিদ্ধান্ত হয়, মুসা একা যাবেন। কিন্তু তাঁর জন্য দরকার প্রায় ৫০ লাখ টাকা। সেই টাকা আসবে কোত্থেকে? দিনের পর দিন মুসা ইব্রাহীম যোগাযোগ করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে। আমার কাছে তিনি এসেছেন কয়েক শ বার। পিঠে একটা ব্যাকপ্যাক। সেটা খুবই ওজস্বী। তিনি সেটা নামাতেনও না। চুপ করে দাঁড়িয়ে থাকতেন। অনেকক্ষণ পরে তাঁর দিকে তাকিয়ে বলতাম, ‘পিঠের বোঝাটা নামান।’ তিনি বলতেন, ‘পাহাড়ে উঠব তো। প্র্যাকটিস করছি।’টাকাটা আমরা তাঁকে জোগাড় করে দিতে পারিনি। মতি ভাই (মতিউর রহমান) কয়েকজনকে অনুরোধ করে লাখ ১২ টাকা জোগাড় করে দিতে পেরেছিলেন। নাভানা, সামিট, কোহিনূর গ্রুপ এবার সহযোগিতা করেছে এই অঙ্কের প্রাথমিক তহবিল গঠনে। মাত্রা-এর কাছ থেকে নানা ধরনের সহযোগিতা পাওয়া গেছে। গত বছর অন্নপূর্ণা-৪ অভিযানের সময়ও তহবিল সংগ্রহে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে হয়েছে। জামিলুর রেজা চৌধুরী, মুহম্মদ জাফর ইকবাল, দ্য বাংলাদেশ মনিটর-এর কাজী ওয়াহিদুল আলম প্রমুখ বিভিন্ন সময়ে নর্থ আলপাইন ক্লাবের কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। মাত্রার সানাউল আরেফীন, চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগরের কাছ থেকে নানা রকম সহযোগিতা নেওয়া হয়েছে। গণিত অলিম্পিয়াডের মুনির হাসান, ঢাকা ব্যাংকের ফখরুল আবেদিন তো আমাদের ক্লাবেরই কর্মকর্তা।এপ্রিল মাসের প্রথম দিকের কথা। টাকা জোগাড় হয়নি। প্রথম আলোর কার্যালয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন মুসা। সঙ্গে তাঁর স্ত্রী আমাদের লেখিকা সরাবন তহুরা। আমরা ভাবলাম, এবার আর হলো না।কিন্তু মুসা তো তাঁর ফেসবুকে নিজের পরিচিতিতে লিখেই রেখেছেন, ‘ইফ আই টার্গেট সামথিং টু ডু, মাইন্ড ইট—আই উইল ডু ইট বাই অ্যানি মিনস।’ আমরা জানলাম, মুসা রওনা হয়ে গেছেন। ওর প্রবাসী বড় বোন মনির ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ধার নিয়ে মুসা রওনা হয়ে গেছেন স্বপ্নপূরণের অনিশ্চিত পথে।পেছনে পড়ে রইল তাঁর দেড় বছরের ছেলে ওয়াসি। তাঁর স্ত্রী, তাঁর মা-বাবা, আত্মীয়স্বজন।এভারেস্ট অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সপ্তাহ খানেক আগে বিবিসি রেডিওর ওয়ার্ল্ড সার্ভিস শুনছি। একজন এভারেস্ট বিজয়ীর সাক্ষাৎকার প্রচারিত হচ্ছে। তিনি বর্ণনা করছেন তাঁর ভয়াবহ অভিজ্ঞতা। এমনই একদিন তিনি গিয়েছিলেন শেষবার এভারেস্টে। তাঁর সঙ্গীরা কেউ রয়েছেন সর্বশেষ বেসক্যাম্পে। কেউ বা তাঁর সঙ্গে চূড়া থেকে নামছেন। হঠাৎ উঠল তুষারঝড়। এসে দেখলেন, ক্যাম্প নেই। সঙ্গীরাও নেই। শুনে আমার আত্মা শুকিয়ে এল। মুসার কোনো খবর নেই। মুসা কী করছেন?মাত্র গতকাল সকালে নর্থ আলপাইন ক্লাবের এভারেস্ট অভিযানের ফেসবুকের পাতায় বার্তা রাখলাম, ‘মুসা, আপনি কই? আমেরিকানদের ১৩ বছরের কিশোর উঠল, পশ্চিমবঙ্গ থেকে এভারেস্ট জয়ের খবর এল। মনের ওপর বেশি চাপ নেবেন না। আপনার সাফল্য, সুস্থতা আর নিরাপদে ফিরে আসা কামনা করছি।’কিছুক্ষণ পরই সেই খবর। মুসা জয় করে নিয়েছেন এভারেস্ট।আজ যে মুসার জয়গান আমরা গাইব, তিনি লালমনিরহাটের, প্রথম আলোর, ডেইলি স্টার-এর, নর্থ আলপাইন ক্লাবের মুসা নন, তিনি বাংলাদেশের মুসা। তাঁর জয়গান গাইবে সমগ্র বাংলাদেশ।মুসা ইব্রাহীম বাংলাদেশের নাম এভারেস্টের উঁচুতে নিয়ে গেছেন। এই শেরপা নিঃসঙ্গ। আবার নিঃসঙ্গ নয়ও। বাংলাদেশের ১৫ কোটি হূদয়ের অভিনন্দন এখন আছে মুসার সঙ্গে।আমরা সবাই চাইব, মুসা নিরাপদে ফিরে আসুন। নামার পথটা একটু দ্রুত অতিক্রম করা যায়, তবে বিপদ তো একই রকমের। এভারেস্ট বিজয়ী একমাত্র বাংলাদেশি মুসা ইব্রাহীম সুস্থ দেহে নিরাপদে ফিরে আসুন আমাদের মধ্যে। আসুন, আমরা সবাই মিলে সেই প্রত্যাশা করি।বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে বাধা অনেক। মুসা দেখিয়ে দিলেন অর্থনৈতিক সীমাবদ্ধতা, প্রতিকূল পরিবেশ—কোনো কিছুই শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় না যদি থাকে প্রতিজ্ঞা, একাগ্রতা, চেষ্টা আর অধ্যবসায়। মুসার বিজয় আমাদের সাহসী করে তুলছে। বাংলাদেশ বিজয়ী হবেই।