পাহাড়ি ছড়ায় চার নবজাতকের লাশ ভাসিয়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরে নালায় ভাসছিল চার নবজাতকের লাশ। দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আশপাশের এলাকায় খোঁজ নেয়। একসঙ্গে চারটি লাশ কোথা থেকে এলো বা কারা ফেলল—তার কোনো হদিস না পেয়ে নালার পাশের একটি পাহাড়ি ছড়ায় ভাসিয়ে দেওয়া হয় লাশগুলো। সিলেট নগরের অভিজাত আবাসিক এলাকা হাউজিং এস্টেট এলাকায় গতকাল শুক্রবার ঘটেছে এ ঘটনা।কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হাউজিং এস্টেট এলাকায় দুপুরে মালনীছড়া সেতুর নিচে নালায় দুটি শিশুর লাশ ভাসতে দেখা যায়। ঘণ্টাখানেক পর গোয়াইছড়া থেকে ওই নালায় ভেসে আসে আরও দুটি লাশ। এলাকাবাসী তখন পুলিশকে খবর দেয়। সিলেট কোতোয়ালি থানার আম্বরখানা ফাঁড়ির একদল পুলিশ অনুসন্ধান চালিয়ে নবজাতকের লাশ সম্পর্কে কোনো তথ্য না পেয়ে গোয়াইছড়ায় দিয়ে ভাসিয়ে দেয়।আম্বরখানা ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বলেন, নবজাতকগুলোর বয়স এক-দুদিনের বলে মনে হয়েছে। মৃত অবস্থায় প্রসব হওয়ায় হয়তো কোনো ক্লিনিক থেকে নালায় ফেলা হয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে এলাকাবাসীর পরামর্শে চারটি লাশ গোয়াইছড়া দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। ওই এলাকায় নবজাতক-সম্পর্কিত কোনো অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে ঘটনা খতিয়ে দেখবে বলে তিনি জানান।