পাহাড়ি পথে বনকাঞ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর নাগাদ আমরা নীলগিরি থেকে বান্দরবানের দিকে যাত্রা করি। পাহাড়ের ভাঁজে ভাঁজে সোনালি রোদ্দুর। দূরের পাহাড়ে হারিয়ে যাওয়ার হাতছানি। এসব দৃশ্য পাশ কাটিয়ে ছুটছে গাড়ি। কিন্তু মাঝপথে থামতে হলো। চা না হলে আর চলছে না। অতএব চা-বিরতি। কিন্তু সংক্ষিপ্ত চা-বিরতি প্রলম্বিত হলো। চা শেষ হতে না-হতেই সহযাত্রীরা ঢুকে পড়ল একটি ম্রো পল্লিতে। অগত্যা আমি আশপাশের ছবি তোলায় মন দিই। হঠাৎ ক্যামেরার লেন্স খুঁজে বের করল একটি ফুল। প্রথমে ভেবেছিলাম রক্তকাঞ্চন। পাহাড়ি বলে রং ও গড়নে কিছুটা ভিন্নতা থাকতেও পারে। কিন্তু পরে বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম প্রকাশিত Traditional Uses of Ethnomedicinal Plants of the Chittagong Hill Tracts গ্রন্থের পাতা ওল্টাতে গিয়ে ভুল ভাঙে। এটি আসলে ‘বনকাঞ্চন’ (Bauhinia malabarica)। স্থানীয় অন্যান্য নামের মধ্যে ‘করমি’, ‘আমলি’, ‘আমলোসা’, ‘নানকি’ ইত্যাদি উল্লেখযোগ্য।আমাদের দেশে সাধারণত ‘রক্তকাঞ্চন’, ‘শ্বেতকাঞ্চন’ ও ‘দেবকাঞ্চন’ সহজদৃষ্ট। এদের আদি আবাস ভারত। ইদানীং বিক্ষিপ্তভাবে বিভিন্ন বাগানে আরেকটি নতুন কাঞ্চন শোভা পাচ্ছে। ইংরেজি নাম ‘হংকং অর্কিড ট্রি’। বৈজ্ঞানিক নাম B. blakeane। এর জন্মস্থান থাইল্যান্ড। সম্ভবত সংকর। তবে সে তুলনায় বনকাঞ্চন সমতলে দুষ্প্রাপ্য। আদি আবাস বাংলাদেশ, ভারত, মিয়ানমারসহ দক্ষিণ এশিয়া থেকে একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। আমাদের পার্বত্য চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা।বনকাঞ্চন পাতাঝরা বৃক্ষ। ১৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পত্র সরল, একান্তর, উপপত্র দুটি, দুই থেকে তিন মিলিমিটার লম্বা। ফলক ডিম্বাকার থেকে গোলাকার, ৪৮ সেন্টিমিটার প্রশস্ত। অন্যান্য কাঞ্চনের তুলনায় পাতা ছোট, চওড়া, পুরু ও অসম্পূর্ণভাবে সজোড়। দেখতে দুটো জোড়া দেওয়া পাতার মতো। ফুল ফ্যাকাশে সাদা ও মেজেন্টা রঙের মিশেল। রক্তকাঞ্চনের সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। পাপড়ির সংখ্যা পাঁচ, আয়তাকার, সাদা ও বেগুনি রঙের মিশেল। একটি পাপড়ি কিছুটা ব্যতিক্রম, গোড়ার দিকটা গাঢ়-বেগুনি রঙে চিত্রিত এবং শিরাগুলো অত্যন্ত স্পষ্ট। পুংকেশর ১০টি। পাপড়ি অপেক্ষাকৃত ক্ষুদ্রতর, পুংদণ্ড রোমশ ও পরাগধানী দীর্ঘায়ত।ফুল ও ফলের মৌসুম বেশ দীর্ঘ, সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত। ফুল অবশিষ্ট থাকতে থাকতেই সিমের মতো চ্যাপ্টা ফল ধরে। ফলগুলো একসময় শুকিয়ে গিয়ে আপনা-আপনিই ফেটে যায়। তখন বীজগুলো ছড়িয়ে পড়ে। গাছ রোদ পছন্দ করে। বাকল ট্যানিং, রং ও দড়ির উপকরণ। বীজ-তৈল সস্তা জ্বালানি। শিকড় বিষাক্ত ও সর্পদংশনের প্রতিষেধক। হাঁপানি, ক্ষত এবং পেটের পীড়ায় গাছের নানা অংশ উপকারী। ভারতের কোনো কোনো অঞ্চলে পাতা খাদ্য হিসেবে ব্যবহূত। ইন্দোচীন ও ফিলিপাইনে সতেজ ফুল পানিতে ভিজিয়ে রেখে সেই পানি আমাশয় রোগ নিরাময়ে ব্যবহার করা হয়।