নিবিড় সবুজের সমারোহ চারপাশে। দূরে নীলরঙা উঁচু-নিচু পাহাড়। তার ওপর বাঁশের মাচানে বাঁধা কুটিরের সারি। পাহাড়ের পাদদেশে বয়ে যাচ্ছে শীর্ণকায়া স্বচ্ছ সলিল শঙ্খ নদ। ঘাটে বাঁধা কয়েকটি ডিঙ্গি নৌকা। নির্বাক প্রকৃতি বাঙ্ময় হয়ে আছে তার অনির্বচনীয় সৌন্দর্যে।কানন থেকে মালঞ্চে নানা বর্ণের পুষ্প চয়নের মতো শিল্পী কনকচাঁপা চাকমা তাঁর ক্যানভাসে তুলে এনেছেন পাহাড়ি প্রকৃতির নয়নাভিরাম রূপ, সেখানে বসবাসকারী আদিবাসী মানুষের লাবণ্যময় মুখ, জীবন-যাপনের নানা অনুষঙ্গ। সেসব নিয়েই তাঁর সপ্তদশ একক প্রদর্শনী শুরু হলো গতকাল শনিবার থেকে। গ্রিন রোডসংলগ্ন ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির গ্যালারি চিত্রকে বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন লেখক ও সমাজসেবী জিয়ং ম্রো, সভাপতিত্ব করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। স্বাগত বক্তৃতা করেন চিত্রকের পরিচালক শিল্পী মনিরুজ্জামান, শিল্পী কনক চাঁপা চাকমা প্রদর্শনীর প্রেক্ষিত তুলে ধরেন। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৫৩টি। অধিকাংশই ক্যানভাসে অ্যাক্রোলিকে আঁকা। কিছু আছে কাগজে চারকোলের অঙ্কন ও মিশ্র মাধ্যমের কাজ। প্রদর্শনী চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।পার্বত্য অঞ্চলের নিসর্গ ও আদিবাসীদের জীবনাচার নিয়ে কনক চাঁপার কাজ নতুন নয়। দীর্ঘদিন থেকে এই বিষয়টিকে উপজীব্য করেই তিনি শিল্পচর্চা অব্যাহত রেখেছেন। এবারের প্রদর্শনীর নতুনত্ব হলো, তিনি আরও সুনির্দিষ্টভাবে, আরও গভীর অনুসন্ধিৎসা নিয়ে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছেন। কনকচাঁপা জানান, যদিও অনেক দিন থেকেই তিনি আদিবাসীদের নিয়ে কাজ করছেন, তবে সেসব কাজে স্বতন্ত্রভাবে কোনো বিশেষ নৃগোষ্ঠীর পরিচয় উঠে আসেনি। এবার থেকে তিনি পার্বত্যাঞ্চল এবং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে নিয়ে স্বতন্ত্রভাবে একেকটি প্রদর্শনী করবেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রথম হচ্ছে ম্রোদের নিয়ে এই প্রদর্শনী।‘স্বপ্নরোপণ’ নামের এই প্রদর্শনীর সবগুলো কাজই ম্রো সম্প্রদায়ের ওপর। ম্রোরা সাধারণত পাহাড়ের মাঝামাঝি অংশে বসবাস করে। তারা প্রকৃতি উপাসক। তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানেই তাদের সংখ্যাধিক্য। কনকচাঁপা জানালেন, পার্বত্য আদিবাসীদের মধ্যে ম্রোদের পোশাক-আশাক, গয়না, সাজসজ্জা সবচেয়ে জমকালো আর বর্ণাঢ্য। নারী-পুরুষ উভয়ই সাজতে খুবই পছন্দ করে। বুনোফুলে নারীদের করবী বা বিবাহ-ইচ্ছুক অবিবাহিত তরুণদের মাথায় লম্বা চুলের বাঁধা চূড়া সজ্জিত থাকে। শিকার করতে পছন্দ করে তারা। ওদের উৎসবগুলোও খুবই জমকালো। ম্রোদের শিকার উৎসব, সজ্জা, কাপড় বুনন, চোলাই মদ তৈরি, পাহাড়ে জীবনাকরণ অনুসন্ধান, সন্তান লালন-পালন, তাদের মুখাকৃতি, তাদের ঘরের ভেতরের বৈশিষ্ট্য এসব তুলে এনেছেন তিনি। আত্মজীবন সঞ্জাত প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে এই গভীর পর্যবেক্ষণ, নান্দনিক বোধ ও আদিবাসীর প্রতি নিবিড় মমতায় প্রদর্শনীর কাজগুলো এক বিশেষ মানবিক মহিমামণ্ডিত হয়ে উঠেছে।কনকচাঁপা চাকমা ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ সম্পন্ন করে যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। বিশ্বের বহু দেশে তাঁর একক ও যৌথ প্রদর্শনী হয়েছে। এবারের প্রদর্শনীর কাজগুলো নিয়ে একটি চমৎকার ফলিও প্রকাশিত হয়েছে। এ ছাড়া ম্রোদের জীবন নিয়ে আনুমানিক ২০০ পাতার একটি সচিত্র গ্রন্থও প্রকাশিত হবে প্রদর্শনীর শেষ দিনে।