পাহাড়ে কফি চাষে সাফল্য
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পরীক্ষামূলকভাবে কফির চাষ করে প্রচুর ফলন পাওয়া গেছে। বোঝা গেছে, এখানকার মাটি ও আবহাওয়া কফি চাষের উপযোগী। খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা পরীক্ষা করে এ সিদ্ধান্তে এসেছেন। অন্যদিকে কফি চাষে সফল হওয়া কৃষকেরা বলেছেন, প্রচুর পরিমাণে উন্নত মানের কফি উৎপাদন সম্ভব হলেও এর প্রক্রিয়াজাতের সুবিধা না থাকায় কৃষকদের মধ্যে কফি চাষে তেমন আগ্রহ নেই।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম বলেন, ‘গবেষণা কেন্দ্রের ভেতর কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে কফির চাষ করা হয়েছে। এতে যে ফলন হয়েছে, তাতে আমরা খুবই উজ্জীবিত। ফলের মানও ভালো। এই এলাকায় বাণিজ্যিকভাবে চাষাবাদ করে প্রচুর পরিমাণে উন্নত মানের কফি উৎপাদন করা সম্ভব।’ তিনি জানান, খাগড়াছড়ির পাহাড়ের ঢালে কিছুটা ছায়াদানকারী গাছের নিচে কফি চাষ করতে হয়। এতে ফলন ভালো হয়। কৃষকেরা কফি চাষে আগ্রহী হলে তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। কফিগাছের ফল সংগ্রহের পর প্রক্রিয়াজাত করে কফি তৈরি করা হয়। এই মুহূর্তে এখানে প্রক্রিয়াজাতে কিছুটা সমস্যা আছে।পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীন কফি চাষের প্রকল্পে হাতেকলমে কাজ করেছেন কৃষিবিদ শ্যামল বিকাশ চাকমা। তিনি জানান, পাহাড়ের মাটি ও আবহাওয়া যে কফি চাষের উপযোগী, এ প্রকল্পের সাফল্যে তার প্রমাণ পাওয়া গেছে। এখন প্রক্রিয়াজাতের প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে।রামগড় উপজেলার বড় পিলাক এলাকার কৃষক নূর হোসেন জানান, তিনি এক একরের বেশি জায়গায় কফির বাগান করেছেন। তাঁর কাছে এখন পাঁচ মণ কফির বীজ মজুদ আছে, কিন্তু ক্রেতা না থাকায় তা বিক্রি করতে পারছেন না।