পাহাড়ে কাজুবাদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজুবাদাম খুবই সুস্বাদু। দারুণ স্বাদের এ বাদামের চাষ হয় দেশের পার্বত্য চট্টগ্রামেও। কাজুবাদামের উৎপত্তিস্থল ব্রাজিল। বর্তমানে প্রধানত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, কেনিয়া, মোজাম্বিক, তানজানিয়া, মাদাগাস্কার প্রভৃতি দেশে কাজুবাদাম উৎপাদিত হয়ে থাকে।খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, হর্টিকালচার সেন্টার খেজুরবাগান, সেনানিবাস, হর্টিকালচার সেন্টার নারানখাইয়া, পানখাইয়া পাড়া, কমলছড়ি ও জামতলী এলাকায় কাজুবাদামের গাছ চোখে পড়ে। এ ছাড়া, রামগড় উপজেলার হর্টিকালচার সেন্টারেও রয়েছে কাজুবাদামের বাগান।রামগড় উপজেলার হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জামিনুল রহমান জানান, ওই সেন্টারে সাতটি কাজুবাদামের গাছ আছে। গাছগুলোর বয়স আট থেকে ১৪ বছর। এ মৌসুমে একটি গাছে ১২ কেজি করে বাদাম পাওয়া গেছে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, কাজুবাদামের বৈজ্ঞানিক নাম Anacardium occidentale। Anacardiaceae পরিবারের সদস্য এটি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কাজুবাদাম চাষ সম্প্রসারণের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মাঝারি আকারে কাজুবাদামের চাষ হচ্ছে। অনাবাদি জমিতে পরিকল্পিতভাবে কাজুবাদাম চাষের যথেষ্ট সুযোগ আছে। ভবিষ্যতে খাগড়াছড়ির কৃষিপণ্যের মধ্যে কাজুবাদামও একটি বিশেষ স্থান করে নিতে পারে।খাগড়াছড়ি সদরের খেজুরবাগান হর্টিকালচার সেন্টারের সহকারী উদ্যানতত্ত্ববিদ ওমর ফারুক জানান, প্রক্রিয়াজাতকরণের সঠিক কারিগরি জ্ঞান না থাকায় পার্বত্য চট্টগ্রামে কাজুবাদাম জনপ্রিয় করা যাচ্ছে না। তিনি জানান, ১৯৯৩ সালে চারটি কাজুবাদামের গাছ রোপণ করা হয়েছে। চার বছর ধরে ফল দিয়ে আসছে।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহব্বত উল্যা বলেন, কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ কষ্টসাধ্য এবং বাজারজাতকরণের সমস্যাও রয়েছে। তিনি বলেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কাজুবাদাম চাষের জন্য বিশেষ উপযোগী।কাজুবাদাম সাধারণত ভেজে খাওয়া হয়। পাহাড়ি এলাকায় সাধারণত কাজুবাদামকে দা দিয়ে কেটে খুঁচিয়ে শাঁস বের করা হয়। তারপর রোদে শুকিয়ে বীজের আবরণ তুলে ফেলা হয়। লবণ-পানিতে কিছুক্ষণ ভিজিয়ে তারপর ভাজা হয়। এতে লবণাক্ত স্বাদের কাজুবাদাম পাওয়া যায়। আর মিষ্টি স্বাদের কাজুবাদামের জন্য বাদাম ভাজার পর চিনির শিরায় ডুবিয়ে নেওয়া হয়।বিভিন্ন খাদ্যের স্বাদ বাড়ানোর জন্যও কাজুবাদাম ব্যবহার করা হয়। প্রতি ১০০ গ্রাম কাজুবাদামে ৩০.১৯ গ্রাম শর্করা, ১৮.২২ গ্রাম আমিষ, ৪৩.৮৫ গ্রাম চর্বি থাকে। কাজুবাদামে বিভিন্ন ভিটামিন, লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক খনিজ উপাদান রয়েছে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানান, পূর্ণবয়স্ক গাছ ১০ থেকে ১২ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। পাতা অর্ধডিম্বাকার, দেখতে কাঁঠালের পাতার মতো। নভেম্বর থেকে জানুয়ারি ফুল ফোটার সময়। এপ্রিল থেকে জুন মাসে ফল সংগ্রহ করা হয়। কাজুবাদামের দৈর্ঘ্য ৪ থেকে ৫ সেন্টিমিটার। এর ওজন ৫ থেকে ২০ গ্রাম হয়ে থাকে।কাজুবাদামের গাছে যে ফল ধরে তাকে কাজু আপেল বলে। কাজু আপেলও সুমিষ্ট ও সুগন্ধযুক্ত। কাজু আপেলের একটি মাত্র বীজ থাকে, যা কাজুবাদাম নামে পরিচিত। ফল পাকলে গাছ থেকে এমনিতেই ঝরে পড়ে গাছের নিচে।সূর্যালোকপ্রিয় কাজুবাদামের গাছ বেশি ছায়া সহ্য করতে পারে না। ভারী বেলে দো-আঁশ মাটি এ গাছের জন্য সবচেয়ে উপযোগী।