লঙ্কা বা মরিচ সবার কাছেই সুপরিচিত। তবে পাকা লঙ্কা দেখতে দৃষ্টিনন্দন হলেও কখনো কখনো ঝালের কারণে খেতে ততটা উপাদেয় না-ও হতে পারে। আমাদের দেশে তরিতরকারি রান্নায় মরিচের ব্যবহার তুলনামূলক বেশি। কিন্তু অসুস্থতা বা অন্যান্য কারণে যাদের খাবারে মরিচের ঝাল নিষিদ্ধ, তারা কি ঝাল ছাড়াই তরকারি খাবে! এ ক্ষেত্রে প্রকৃতি তার একটি বিকল্প ব্যবস্থাও রেখেছে, তা হচ্ছে গোলমরিচের ব্যবহার। বিশেষত রোগীর পথ্যে মরিচের বিকল্প হিসেবে গোলমরিচই বেশি ব্যবহূত হতে দেখা যায়। ধারণা ছিল, গোলমরিচ উঁচু ধরনের কোনো গাছে জন্মে। ভুল ভাঙল সম্প্রতি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বসু ফ্রুটস ভ্যালিতে গিয়ে দেখেছি, কয়েকটি সতেজ গাছে স্বাভাবিকভাবেই জন্মেছে গোলমরিচের লতানো গাছ। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, প্রতিটি লতাই একেকটি জীবন্ত গাছের আশ্রয়ে বেড়ে উঠেছে। এ কারণেই গোলমরিচ চাষের জন্য বাড়তি কোনো স্থান বা বাহনের প্রয়োজন নেই। বাগানের মালী আমাদের কয়েকটি পরিপক্ব গোলমরিচ দিয়ে বললেন, ‘একটু মুখে দিয়ে দেখুন না।’ দেখতে অনেকটা পুঁইশাকের বীজের মতো দানাদার এই মসলা মুখে দেওয়ার আগে অন্তত এটুকু নিশ্চিত হয়েছি যে টক বা মিষ্টি কিছু খাচ্ছি না! গোলমরিচ আমাদের দেশে মরিচের বিকল্প হিসেবে ব্যবহূত হলেও সারা বিশ্বে মূলত ফল হিসেবেই পরিচিত। গোলমরিচ (Piper nigrum) স্বাস্থ্যসম্মত মসলা হিসেবে বিশ্বখ্যাত। ইংরেজি নাম Black Pepper। এ ছাড়া পৃথিবীতে লাল, সাদা, কমলা ও সবুজ রঙের গোলমরিচও রয়েছে। আমাদের দেশে এই মসলার চাষ না হলেও প্রতিবেশী দেশ ভারতের আসাম ও মিয়ানমারে প্রচুর পরিমাণে জন্মে। এ দুটি স্থানই ভৌগোলিকভাবে আমাদের খুব কাছাকাছি। ফলে মৃত্তিকা ও আবহাওয়ার দিক থেকে বেশ সাদৃশ্যপূর্ণ হওয়ায় আমাদের দেশেও গোলমরিচ চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি বিভাগ ব্যাপক হারে চারা বিতরণ করলে গোলমরিচের চাষ অতি দ্রুত ছড়িয়ে পড়বে। পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশসহ ব্রাজিল, নাইজেরিয়া, আফ্রিকা ও মাদাগাস্কারে প্রচুর পরিমাণে গোলমরিচ উৎপন্ন হয়। আদি আবাস মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ। মোটা ধরনের কাষ্ঠল লতার গাছ। বাহন পেলে পাঁচ মিটারের মতো লম্বা হতে পারে। পাতা দেখতে পানের মতো, ১২ থেকে ১৪ সে.মি. লম্বা, ডিম্বাকৃতি, বৃন্ত সরু ও গোলাকার, পাঁচটি স্পষ্ট শিরাযুক্ত। পটোলগাছের মতো কোনো কোনো গাছে পুংপুষ্প (পুরুষ ফুল) কোনো কোনোটিতে স্ত্রীপুষ্প থাকে। ফুল ততটা সুদর্শন নয়। ফল গোলাকার, বোঁটা ছোট। পরিপক্ব রঙ প্রজাতিভেদে নানা রকম হতে পারে। গ্রীষ্ম-বর্ষা ফুল ও ফলের মৌসুম। সাধারণত জ্বর, সর্দি, গনোরিয়া ও পেট ফাঁপায় গোলমরিচ বেশ কার্যকর। তা ছাড়া গোলমরিচ ও পেঁয়াজবাটা একসঙ্গে চুলের জন্য পুষ্টিকর।গোলমরিচের চাষ সহজসাধ্য হওয়ায় দেশের প্রায় সর্বত্রই উৎপন্ন করা যেতে পারে। তাহলে দেশে কিছুটা হলেও আমদানি-নির্ভরতা কমবে।