পাহাড়ে গ্যাস-পানি-বিদ্যুৎ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত
পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বাসবাসরত ব্যক্তিদের গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ সাত দিনের মধ্যে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগুলোকে অনুরোধ জানানো হয়েছে।আজ সোমবার চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে কমিটির দশম সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আলেফউদ্দিন।কমিটির আগের সভাগুলোতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত এবং সুপারিশ করা হয়েছিল। আজকের বৈঠকে ওই সব সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) প্রকল্পের পক্ষ থেকে আর্থিক ও কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।প্রকল্পের পরিচালক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল কাইয়ুম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আশ্বাস দেন।চট্টগ্রাম জেলায় সম্প্রতি ভারী বর্ষণের কারণে পাহাড় ও ভূমিধসে ২৬ জন নিহত হয়।