পাহাড়ে পাহাড়ে আনারস
পাহাড়ি এলাকার হাওয়ায় এখন পাকা আনারসের ঘ্রাণ। হলদে রং ধরা আনারস বাজারে আসতে শুরু করেছে। চাষিরা ভালো দামও পাচ্ছেন। বিভিন্ন নৌযান আর সড়কপথে রাঙামাটি শহরে আসা আনারসের খুচরা দাম এখন আকারভেদে ১৫ থেকে ৩০ টাকা। তবে আকারে বড় আনারস আসতে আরও ২০ থেকে ২৫ দিন লাগবে বলে চাষিরা জানান।রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা পবন কুমার চাকমা জানান, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও টাঙ্গাইল জেলায় আনারসের বাণিজ্যিক চাষ হয়। এসব এলাকায় এই পুষ্টিকর ও সুস্বাদু ফলটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। রাঙামাটি জেলায় ‘হানিকুইন’ জাতের আনারস সবচেয়ে বেশি চাষ হয়। হানিকুইন পার্বত্য এলাকায় ‘দেশি আনারস’ নামেই পরিচিত। এ জাতের আনারস অন্যান্য স্থানে ‘বিলেটি’ নামে পরিচিত। অন্য আনারসের চেয়ে হানিকুইন অনেক বেশি মিষ্টি, শাঁস গাঢ় হলুদ ও আঁশ কম। গাছ অপেক্ষাকৃত ছোট, পাতা কাঁটাময় এবং কাঁটা নিচের দিকে বাঁকানো, ফল আকারে ছোট এবং ওজন হয় ৫০০ গ্রাম থেকে এক কেজি। তবে তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আনারসে প্রচুর ‘সি’ ভিটামিন আর কিছু পরিমাণ ‘এ’ ও ‘বি’ ভিটামিন রয়েছে। চাষিরা জানান, দেশি আনারস কচি অবস্থায় চোখ থাকে সামান্য লালচে। ধীরে ধীরে পরিপক্ব হওয়ার সময় সবুজ রং ধারণ করে এবং পাকার সময় ত্বক হয়ে ওঠে লালচে হলুদ।রাঙামাটি কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর রাঙামাটি জেলায় আনারস আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় এক হাজার ৮৫০ হেক্টর। এখানে একবার আনারস রোপণের পর কমপক্ষে দুই বছর ফলন হয়। তাই লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জায়গায় আনারস উৎপাদন হয়। হানিকুইন আনারসের উৎপাদন প্রতি হেক্টরে ২৫ থেকে ৩০ মেট্রিক টন। আনারস রোপণের জন্য প্রথমে পাহাড়ি ঢালের জমির জঙ্গল কেটে শুকিয়ে আগুন লাগাতে হয়। তা না হলে জমিতে আগাছার প্রকোপ বেশি হয় এবং চাষের খরচ বেড়ে যায়। তারপর আবর্জনা পরিষ্কার করে পাহাড়ের ঢালে আড়াআড়ি, অর্থাৎ বিপরীত লাইনে ৫০ থেকে ১০০ সেন্টিমিটার ফাঁক রেখে চারা লাগাতে হয়। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে চারা রোপণ করতে হয়। তবে সেচের সুবিধা থাকলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রোপণ করা যায়। রোপাণের ১৫-১৬ মাস পর অর্থাৎ ফেব্রুয়ারি-মার্চ মাসে ফুল আসে এবং এপ্রিলের শেষ দিকে পাকতে শুরু করে জুলাই পর্যন্ত থাকে।আনারসচাষিরা জানান, আনারসের মৌসুমের শুরুতে হলে ভালো দাম পাওয়া যায়। এ সময় অন্য কোনো ফল বাজারে না থাকায় বিক্রিও ভালো হয়। বৃষ্টি শুরু হলে আনারসও দ্রুত পাকতে শুরু করে। তখন মিষ্টিও কিছু কমে যায়। আর অন্য ফলও পাকতে শুরু করে। ফলে দাম পড়ে যায়।রাঙামাটি সদর উপজেলার কাটাছড়ি নোয়াদামের চাষি বিপ্লব চাকমা জানান, প্রতি হেক্টর জমিতে ৮৫ হাজার থেকে এক লাখ চারা রোপণ করা হয়। এক হেক্টর জমিতে আনারস চাষে দেড় লাখ টাকার বেশি খরচ পড়ে। ভালোভাবে পরিচর্যা করতে পারলে আনারস চাষে ভালো লাভ পাওয়া যায়। তবে দ্বিতীয় বছরে চারা বড় হলে পরিচর্যা বেশ কষ্টকর। এবার আনারসের ফলন ভালো হওয়ায় পার্বত্য এলাকার চাষিরা লাভের আশায় রয়েছেন।