পাহাড়ে প্যাশন ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এখন হরেক রকমের মৌসুমি ফলের সমারোহ। বাংলাদেশে ফলের জগতে নতুন সংযোজন ঘটেছে প্যাশন ফল। খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় এ ফলের চাষাবাদ হচ্ছে সফলভাবে। ফলটির স্থানীয় আবহাওয়ার উপযোগী একটি নতুন জাতও উদ্ভাবিত হয়েছে।অনেকেই অজ্ঞতার কারণে প্যাশন ফলকে ট্যাং ফল বলে অভিহিত করেন। খরতাপে প্যাশন ফল তৃষ্ণা নিবারণ এবং মনে প্রশান্তি আনে। এর বৈজ্ঞানিক নাম Passiflora edulis var. flavicarpa। বিদেশি হলেও বেশ কয়েক বছর ধরে এ দেশের পাহাড়ি এলাকায় এ ফলের চাষাবাদ হয়ে আসছে। কৃষিবিজ্ঞানীরা পর্যবেক্ষণে দেখেছেন, দেশের পাহাড়ি এলাকা প্যাশন ফল চাষের জন্য বেশ উপযোগী। এ ছাড়া বারি প্যাশন ফল-১ নামের একটি জাতও উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। এই নতুন জাতটি উদ্ভাবিত হয়েছে ২০০৩ সালে। পার্বত্য অঞ্চলে এর চাষাবাদ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। স্থানীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানান, প্যাশন ফল একটি বহুবর্ষজীবী লতাজাতীয় উদ্ভিদ; আদিনিবাস ব্রাজিলের আমাজন অঞ্চলের রেইন ফরেস্টের নিকটবর্তী স্থান, প্যারাগুয়ে ও উত্তর আর্জেন্টিনা। বাংলাদেশের সর্বত্র প্যাশন ফলের চাষ হয় না। পাহাড়ি এলাকায় প্যাশন ফল চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। বর্তমানে খাগড়াছড়ি জেলায় এটি একটি লাভজনক ফসল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্যাশন ফল ভিটামিন-সি-সমৃদ্ধ। এ ফলের বীজকে আবৃত করে থাকা সুগন্ধিযুক্ত হলুদ ‘পাল্প’কে পানিতে দ্রবীভূত করে খুবই উপাদেয় শরবত প্রস্তুত করা যায়। এটিকে অন্যান্য ফলের রসের সঙ্গেও মিশিয়ে খাওয়া যায়। খাগড়াছড়ির কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, চারা রোপণের ১৫-১৮ মাসের মধ্যে ফল পাওয়া যায়। মার্চ মাস ফুল আসার প্রধান মৌসুম এবং জুন-জুলাই মাসে ফল পাওয়া যায়। জুলাই-আগস্ট মাসেও কিছু ফুল আসে এবং ডিসেম্বর মাসে ফল দেয়। প্যাশন ফল সাধারণত তিন ধরনের হয়—বেগুনি, হলুদ ও হাইব্রিড পার্পল প্যাশন ফল। বারি প্যাশন ফল-১-এর আকার ৬ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৮ সেন্টিমিটার। ফলের গড় ওজন ৬৮ গ্রাম এবং ৩০ গ্রাম জুস আহরণ করা যায়। জুসের রং হলুদ। হলুদ প্যাশন ফল সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০০ মিটার উচ্চতা পর্যন্ত ভালো জন্মে। এ ফল প্রচুর বৃষ্টিপাতসহ গ্রীষ্মমণ্ডল ও অগ্রীষ্মমণ্ডল অঞ্চলে অভিযোজিত। প্যাশন ফল চাষের জন্য অত্যধিক তাপ ও ঠান্ডামুক্ত মৃদু জলবায়ু প্রয়োজন। বছরে ১২০ মিলিমিটার সমভাবে বণ্টিত বৃষ্টিপাত ফল চাষের উপযোগী। এই ফল চাষের উপযুক্ত তাপমাত্রা হচ্ছে ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে বৃদ্ধি এবং ফুল ফোটা বাধাগ্রস্ত হয়। এমনকি কম তাপমাত্রায় পরাগায়নও ব্যাহত হয়। প্যাশন ফল লতানো হওয়ায় বাতাসের প্রতি খুবই সংবেদনশীল। ঝোড়ো বাতাসে এর শাখা ভেঙে যায়, ফল ও ফুল ঝরে পড়ে এবং কখনো শাখা-প্রশাখা মারা যায়। সাধারণত বীজ থেকে এর বংশবিস্তার হয়। পাল্প থেকে বীজ আলাদা করে পানিতে ধুয়ে ছায়ায় শুকিয়ে সংরক্ষণ করা হয়। চারায় দু-তিনটি পাতা গজালে বীজতলা থেকে তুলে পলিথিন ব্যাগে স্থানান্তর করতে হয়। চারা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং তিন-চার মাস পর ২০-২৫ সেন্টিমিটার লম্বা হলে মূল জমিতে রোপণের উপযুক্ত হয়। প্যাশন ফলের ক্ষেত্রে অধিকাংশ সময় স্বপরাগায়ন হয় না এবং সফলভাবে ফল ধারণের জন্য পরপরাগায়ন সংঘটিত হয়। পরপরাগায়নের ফলে উৎপাদিত ফলের ওজন, রসের পরিমাণ এবং বীজের সংখ্যা বৃদ্ধি পায়। সাধারণত কার্পেন্টার মাছি, মৌমাছি, বোলতা দ্বারা পরপরাগায়ন সম্পন্ন হয়। নিষেক প্রক্রিয়া থেকে শুরু করে ফলের পরিপক্বতা আসতে প্রায় ৯০ দিন সময় লাগে। ফল সংগ্রহের পর কয়েক দিন রেখে দিলে চামড়া কুঁচকে যায় এবং সুগন্ধ কিছুটা নষ্ট হয়। অপর পক্ষে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৮০-৯০ শতাংশ আপেক্ষিক আর্দ্রতায় এ ফল খুব সহজেই চার-পাঁচ সপ্তাহ সংরক্ষণ করা যায়। বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, বাড়ির পাশে মাচা করে অথবা যেকোনো পুরোনো বড় বৃক্ষের ডালে উঠিয়ে দিয়ে সহজে প্যাশন ফলের চাষ করা যায়। এমনিতে এ ফলে রোগের আক্রমণ কম হয় এবং এ জাতটির চাষে বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না।