পাহাড়ে-সমুদ্রে গণিতের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুই অঙ্ক গত্থে হোচপাঙ। সংখ্যালয় বিশ্বজয় গুরিবার সাঙ। অঙ্কলয় বদলেম বাংলাদেশ। বদলেম নিজোরে।’ রাঙামাটি আঞ্চলিক গণিত উৎসবে চাকমা ভাষায় নিজের স্বপ্নের কথা বলছিল সুপ্রিয় দেওয়ান। রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সুপ্রিয়র বন্ধু সৈকত এ কথার সঙ্গে মিল রেখে বলে, ‘সুপ্রিয়র মতো আমিও গণিত করতে ভালোবাসি, সংখ্যা দিয়ে করতে চাই বিশ্বজয়। গণিত দিয়ে বদলাব বাংলাদেশ, বদলাব নিজেকে।’ গণিতের ভাষায় কথা বলতে, স্বপ্ন দেখতে সুপ্রিয় ও সৈকতের মতো সহস্রাধিক খুদে গণিতবিদ জড়ো হয়েছিল পার্বত্য রাঙামাটি ও সাগরতীর চট্টগ্রামের আঞ্চলিক গণিত উৎসবে। তীব্র শীত, কুয়াশার চাদর, কনকনে বাতাস খুদে গণিতবিদদের উৎসবে আসা আটকাতে পারেনি। ১৩ জানুয়ারি পাহাড়ের ওপর শতবর্ষের পুরোনো রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে জমে উঠেছিল ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২০ জন শিক্ষার্থীকে নিয়ে পার্বত্য জেলাগুলোর গণিত উৎসব। পরদিন বন্দরনগর চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুলে ১০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৬৬ জন খুদে গণিতবিদ চট্টগ্রামের আঞ্চলিক উৎসবে গণিত জয়ের আনন্দে মেতে ওঠে।গণিত উৎসবের উদ্বোধন হয় কুয়াশার চাদরে ঢাকা সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। রাঙামাটি ও চট্টগ্রাম উৎসব উদ্বোধন করেন যথাক্রমে ভেন্যু স্কুলের প্রধান শিক্ষক হরিশংকর দাশ ও ব্রাদার মন্ত্রজয় ত্রিপুরা। যথারীতি চিরতরুণ বরেণ্য গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক এ কে এম লুৎফুজ্জামান ও অধ্যাপক মো. কায়কোবাদের উপস্থিতি খুদে গণিতবিদদের আগ্রহ বাড়িয়েছে। এ ছাড়া চট্টগ্রাম উৎসবে ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মাহমুদ আকতার, কবি আবুল মোমেন, মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল আর আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম, গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর এস এম মামুন অর রশীদ, তামিম শাহরিয়ার সুবিন, মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।সূর্যের দেখা নেই। তার পরও প্রত্যন্ত কাপ্তাই ও খাগড়াছড়ির দুর্গম এলাকা থেকে উৎসব প্রাঙ্গণে খুদে গণিতবিদেরা অভিভাবক নিয়ে হাজির। উদ্বোধনীর আগে শিক্ষার্থীদের ‘গণিত উৎসবের দশ বছর’ শীর্ষক বিশাল ব্যানার ঘিরে জটলা পাকাতে দেখা যায়। উদ্বোধনীর পর শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে বন্ধুসভার বন্ধুদের সহযোগিতায় বিভিন্ন পরীক্ষাকক্ষে প্রবেশ করে।নতুন শেখার আনন্দসোয়া এক ঘণ্টার গণিতজয়ের পর শিক্ষার্থীদের শামিয়ানার নিচে গণিত উৎসবের গান দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বন্ধুসভার বন্ধু আর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাঙামাটি উৎসবে কবিগুরুর ‘গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ’ গান উপস্থিত সবাইকে বিমোহিত করে। কয়েকটি দেশাত্মবোধক গানের আবহসংগীতে বন্ধুসভার নাটক পরিবেশনা চট্টগ্রাম উৎসবের সূচনাকে প্রাণবন্ত করে তোলে। চট্টগ্রামে সমাপ্তি বড়ুয়ার গান ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ আর রাঙামাটিতে ছড়া ও নৃত্য পরিবেশনা ছিল বেশ উপভোগ্য।সাংস্কৃতিক অনুষ্ঠানের পর খুদে শিক্ষার্থীরা অতিথিদের নিয়ে মজেছিল প্রশ্নোত্তর পর্বে। শিক্ষার্থীদের কঠিন কঠিন প্রশ্নে জর্জরিত হতে থাকেন অতিথিরা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানের পরিচালনায় এই পর্বে শিক্ষার্থীদের গণিত, রসায়ন, মনস্তত্ত্ববিষয়ক নানা প্রশ্ন অতিথি, অধ্যাপক ও বিশেষজ্ঞদের শীতের সকালে ঘাম ঝরিয়ে অস্থির করে দেয়। ‘ভালো প্রশ্ন, ভালো বই পুরস্কার’ মন্ত্রটি শিক্ষার্থীদের প্রশ্ন কঠিন থেকে কঠিনতর করে ফেলে। গণিত কীভাবে সৃষ্টি হলো, বাংলাদেশের ক্ষেত্রফল কীভাবে মাপা হয়েছে, শূন্য কেন গোল, মহাবিশ্বের শুরু কবে, চিন্তা কোথা থেকে আসে, মনোযোগ বাড়ানোর উপায় কী, তারা এসব পশ্নে করে অতিথিদের ব্যতিব্যস্ত করে রাখে। ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলে এবং একই সঙ্গে প্রতিদিন একবার মাকে খুশি করারও অঙ্গীকার করে। মুখস্থবিদ্যা যে শিম্পাঞ্জিদের বড় বিদ্যা, তা গণিতবিদেরা জেনেছে। একফাঁকে খুদে গণিতবিদেরা সর্বশেষ কী কী ভালো কাজ করেছে তা সবাইকে জানিয়ে দেয়। গ্যাসের অপচয় রোধ, ইভ টিজিংয়ের বিরুদ্ধে, শীতার্ত ব্যক্তিদের সহযোগিতার কথা বলেছে। বিশ্বকাপ ক্রিকেটে সবাই বাংলাদেশকে ফাইনালে দেখতে চায় বলে চিৎকার করেছে। চট্টগ্রামে অধ্যাপক কায়কোবাদের তিন বন্ধুর মাছ ধরা নিয়ে গাণিতিক সমস্যার চ্যালেঞ্জ একটু সময় নিয়েই শিক্ষার্থীরা সমাধান করেছে। খুদে গণিতবিদ নাইম প্রথম সমস্যাটির গাণিতিক সমাধান দেয়। প্রশ্নোত্তর পর্বের পর এক মিনিট আগে গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান শিক্ষার্থীদের জানার আগ্রহ বৃদ্ধির মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান করেন। অধ্যাপক লুৎফুজ্জামান আর শিক্ষার্থীদের মা ও মাতৃভূমিকে ভালোবাসতে বলেন। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল গণিত শিখে গণিতের মতো যৌক্তিক হতে উৎসাহ দেন শিক্ষার্থীদের।পড়ন্ত দুপুরে হয়ে যায় রুবিক্স কিউবের এক অসাধারণ প্রতিযোগিতা। দুই রাউন্ডের প্রতিযোগিতা এক শ্বাসরুদ্ধকর পরিবেশের সৃষ্টি করে। চট্টগ্রামে একসঙ্গে আটজন শিক্ষার্থী এলোমেলো কিউবের সমাধান করে। শেষ পর্যন্ত সৌরভ ও রিয়াজ সবচেয়ে কম সময়ে কিউবের সমাধান করে পুরস্কার জিতে নেয়। আইএমওতে পদক বিজয়ী তারিক আদনান এক মিনিটের কম সময়ে কিউবের সমাধান করে শিক্ষার্থীদের রুবিক্স কিউবের সঙ্গে গণিতের সম্পর্ক জানায়। মুনির হাসান বাংলাদেশকে বদলানোর স্বপ্ন দেখতে বলেন। শিক্ষার্থীদের চট্টগ্রামের ঐতিহ্যের কথা বলতে গিয়ে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সূচনায় চট্টগ্রামের মানুষের ভূমিকার কথা বলেন। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কথা বলেন। প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী খুদে গণিতবিদদের ইভ টিজিং ও এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আলোকিত হওয়ার আহ্বান জানান।এ ছাড়া স্কুলপ্রাঙ্গণে ছিল গণিতের বইসহ তাম্রলিপি, সময় প্রকাশন, বিজ্ঞান একাডেমির বইয়ের স্টল। ‘গণিতের বই সব সময় সব জায়গায় পাওয়া যায় না বলে এতগুলো বই কিনলাম।’ বলছিল নবম শ্রেণীর শিক্ষার্থী আনিষা বড়ুয়া। আনিষার মা মিসেস পারুল বড়ুয়া গণিতের প্রতি মেয়ের আগ্রহ দেখে বই বাছাই করতে সাহায্য করছিলেন। দেখা গেল, আনিষার হাতে গণিতের ছয়টি বইয়ের বাদামি বিশাল প্যাকেট। চট্টগ্রাম উৎসবে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দেওয়ার সুযোগ করে দেয় চিটাগং লিও ক্লাব।উদ্ভাবনের আলোয় সাজাই বাংলাদেশ‘১৬ কোটি মানুষের এই দেশে সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে দরকার উদ্ভাবনী ও উদ্যমী উদ্যোক্তার। গণিত উৎসবের এবারের উপজীব্য ‘উদ্যোক্তা সৃষ্টি’। রাঙামাটি উৎসবে পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী উদ্যোক্তা আদিবাসী বস্ত্রশিল্পের প্রতিষ্ঠান বেইন টেক্সটাইলের স্বত্বাধিকারী মঞ্জুলিকা চাকমার উপস্থিতি এবং তাঁর শিক্ষকতা জীবন থেকে সফল উদ্যোক্তা হওয়ার গল্প শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায়। তিনি তাঁর বক্তব্যে সবাইকে চাকরির পেছনে না ছুটে নিজেদের ভিন্নধর্মী কাজ করে সাবলম্বী হওয়ার আহ্বান জানান। দেশের মানুষের জন্য কিছু করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবার দৃষ্টি আর্কষণ করেন। মধ্যদুপুরে খুদে গণিতবিদেরা অধীর আগ্রহ নিয়ে উদ্যোক্তা হওয়ার গল্প শুনছিল। পুরস্কারপ্রাপ্তি: নতুন লক্ষ্য, নতুন প্রেরণা রাঙামাটি উৎসবে নাজমুস সাকিব গণিত করছিল আর এবারের আইএমওতে নেদারল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু তার আপাতত লক্ষ্য গণিত উৎসবের জাতীয় পর্ব। সাকিব সেকেন্ডারি পর্যায়ে বিজয়ী হয়। চট্টগ্রামে বিএন স্কুলের ছাত্র শামীম হাসানের মুখটা বিজয়ী না হওয়ার জন্য মলিন হলেও তার আত্মবিশ্বাস বেড়ে গেছে। শামীম বলছিল, ‘পদক না পেলে কী হয়েছে, উৎসবে গণিতজয়ের যে প্রেরণা পেয়েছি, তা কোনো অংশে কম নয়।’ সারা দিনের উৎসবের শেষে সূর্য যখন পশ্চিম আকাশে, তখনো স্কুলপ্রাঙ্গণে শিক্ষার্থীদের উৎসাহে ভাটা পড়ে না। সবাই ফল ঘোষণা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। ফল ঘোষণা করেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর তামিম শাহরিয়ার সুবীন। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা যে অন্য অঞ্চল থেকে পিছিয়ে নেই, তা রাঙামাটি উৎসবের ফল দেখলেই বোঝা যায়। অপরদিকে চট্টগ্রাম কলেজের ছাত্র ধনঞ্জয় বিশ্বাস গণিত উৎসবের আঞ্চলিক পর্বে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ১০ নম্বরের মধ্যে পূর্ণ নম্বর পেয়ে সবাইকে চমকে দেয়। বিএন স্কুলের রিফাদ ও মুনতাহা প্রাথমিক বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সেকি দৌড়! এ দৌড় পুরস্কার বিজয়ের, না গণিতজয়ের? সবাই পুরস্কার বিজয়ের আনন্দ না পেলেও সবার মুখে এসে পড়েছিল শীতের শেষ বিকেলের সোনালি রোদ আর শোভা পাচ্ছিল গণিতজয়ের হাসি, নতুন কিছু শেখার আনন্দ।