পাহাড়েও গলা কাটা লাশ
কক্সবাজারের টেকনাফে মোচনি পাহাড়ের ফুলে জিরি এলাকা থেকে আজ শুক্রবার বিকেলে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ওই ব্যক্তির স্ত্রী খোরশেদা বেগম (৩২) স্বামীর মরদেহ শনাক্ত করেন।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম মোচনিপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ আলম (৪৫) পাশের পাহাড়ে ছনের খেতে যান। কিন্তু মধ্যরাত পর্যন্ত তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানায়। স্থানীয় কয়েকজন কাঠুরিয়া আজ অন্যদিনের মতো কাঠ কাটতে গিয়ে পাহাড়ের ওই স্থানে গলা ও ডান পা কাটা ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে এলাকায় খবর দেন। এ সময় লোকজন টেকনাফ থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাহাড় থেকে লাশটি উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।