পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম। সংখ্যালঘু ও দরিদ্র ‘ঢের’ সম্প্রদায়ের প্রায় ২০০ বাসিন্দা থাকে। গ্রামে কোনো বিদ্যালয় ছিল না। ছিল আড়াই কিলোমিটার দূরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে লেখাপড়া করানোর ইচ্ছা ও সামর্থ্য কোনোটাই ছিল না ঢেরদের। তাই তো পাহাড়ে কাঠ কেটে ও পেয়ারাবাগানে কাজ করেই বেড়ে উঠছিল শিশুরা।সেই শিশুরা এখন নিয়মিত বিদ্যালয়ে যায়। পড়াশোনা করে অনেক বড় হতে চায়।শিশুদের বিদ্যালয়মুখী করার নেপথ্যে আছেন দুই তরুণ। গড়েছেন বিনা বেতনের বিদ্যালয়। নাম ‘স্বপ্ননগর বিদ্যানিকেতন’। তবে ঢেরপাড়াবাসী গ্রামটিকে স্বপ্ননগর নামেই ডাকে। গ্রামবাসী বলেন, এটা তাঁদের প্রাণের স্কুল।দুই তরুণের স্বপ্ন: চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে ঢেরপাড়া গ্রাম। গ্রামের পার্শ্ববর্তী কাঞ্চননগর গ্রামের দুই বন্ধু রফিকুল ইসলাম ও মো. ওয়াসিম উদ্দিন। দুজনের বয়সই ২৮। নিজেদের বাগান দেখাশোনা করতে তাঁরা কচুয়াইয়ের দক্ষিণ জঙ্গল শ্রীমাই এলাকার পাহাড়ে নিয়মিত যেতেন। ওই পাহাড়ের কোলেই ঢেরপাড়া গ্রাম।২০০৪ সাল। রফিকুল ও ওয়াসিম তখন উচ্চমাধ্যমিকের ছাত্র। ওয়াসিম বলেন, ‘একদিন সন্ধ্যায় অন্ধকার নামতেই দেখি নিস্তব্ধ ঢেরপাড়া। সচরাচর সন্ধ্যার পর ছেলেমেয়েরা পড়তে বসে। কিন্তু ওই গ্রামটিতে পড়াশোনার কোনো আওয়াজ পাওয়া যায়নি।’রফিকুল বলেন, ‘জানতে পারি, ঢেরপাড়ায় কোনো বিদ্যালয় নেই। গ্রামের শিশুদের জন্য কিছু করার চিন্তা করি। শুরুতে গ্রামবাসীকে বোঝাই, শিক্ষা সবার অধিকার, আপনাদেরও অধিকার। তারপর বিদ্যালয় তৈরির কথা ঠিক করি। প্রথমে বাড়ির উঠানে শুরু হয় পাঠদান।’গ্রামবাসী বানান স্কুলঘর: ২০০৫ সালের শুরুর দিকে বিদ্যালয়ের কক্ষ বানানোর উদ্যোগ নেওয়া হয়। যোগ দেন আরও কয়েকজন তরুণ। তাঁদেরই একজন ধ্রুবজ্যোতি হোড় (৩২) বলেন, ‘পটিয়া খরনা চা-বাগানের কারখানা ছিল ঢেরপাড়ায়। ১৯৮৫ সালে বাগানটি বন্ধ হওয়ার পর কারখানার ছাদ ধসে যায়। বিদ্যালয় তৈরির জন্য গ্রামবাসীকে নিয়ে জঞ্জালে ভরা কারখানার কক্ষ পরিষ্কার করি। গ্রামবাসী পাহাড় থেকে নিয়ে আসে শণ, বাঁশ ও কাঠ। মাত্র ২০০ টাকার সরঞ্জাম কিনি। সারা দিন পরিশ্রমের পর বানানো হয় স্কুলের একটি ঘর। বিদ্যালয়ের ভবিষ্যৎ আয়ের জন্য রাস্তার দুপাশে লাগানো হয় প্রায় ৩০০ সেগুনগাছের চারা।’বিরতির পর যাত্রা: উদ্যোক্তাদের ব্যক্তিগত সীমাবদ্ধতায় ২০০৬ সালের শেষ দিকে বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৩০ জন শিক্ষার্থীকে পূর্ব কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন উদ্যোক্তারা।শুরু থেকেই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রধান শিক্ষক সুজা আল মামুন। তিনি বলেন, ‘ঢের সম্প্রদায়ের লোকজন আগে চা-শ্রমিকের কাজ করতেন। এ কারণে তাঁদের সন্তানদের তুচ্ছতাচ্ছিল্য করত কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহপাঠীরা। এর সঙ্গে যোগ হয় পথের দূরত্ব। তাই দু-একজন ছাড়া সব শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দেয়।’২০০৮ সালের শেষ দিকে আবার ফেরেন উদ্যোক্তারা। গ্রামবাসীর অংশগ্রহণে আবার তৈরি হয় দুটি ঘর। শিক্ষার্থীরাও ফেরে নিজেদের বিদ্যালয়ে। দুজন শিক্ষক ও একজন শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়।বর্তমানে স্বপ্ননগরের শিক্ষার্থীর সংখ্যা ৭০ জন। এর মধ্যে প্রাকপ্রাথমিক শ্রেণীতে ২৬ জন, প্রথম শ্রেণীতে ১১ জন, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে ১০ জন করে, চতুর্থ শ্রেণীতে সাতজন ও পঞ্চম শ্রেণীতে ছয়জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর মধ্যে পাশের কাঞ্চননগর গ্রামের ২৫ জন শিশুও আছে।ফুল দিয়ে গণনা: সম্প্রতি এক সকালে ভাঙাচোরা রাস্তা পেরিয়ে ঢেরপাড়া গ্রামে ঢুকতেই দেখা যায়, দল বেঁধে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের কক্ষ ও উঠান ঝাড়ু দেয় তারাই। এরপর শুরু হয় পাঠদান।বিদ্যালয়ে ফুল ও পাতা দিয়ে শেখানো হয় গণনা। অঙ্কুরোদ্গম শেখাতে আগে মাটি কেটে বীজ বপন করা হয়। চারা হলে তবেই শ্রেণীকক্ষে পড়ানো হয় অঙ্কুরোদ্গম।বিদ্যুতের সংযোগ না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ছেয়ে যায় পুরো ঢেরপাড়া। নিরক্ষর হওয়ায় অভিভাবকেরাও পড়া দেখিয়ে দিতে পারেন না। তাই ক্লাস চলাকালেই শিক্ষার্থীদের পড়া শেষ করা হয়।যেভাবে চলে: বর্তমানে সরকারিভাবে মেলে বিনা মূল্যের সরকারি বই। শিক্ষার্থীদের পোশাকের কাপড় বিনা মূল্যে দেন উদ্যোক্তারা। দেন শিক্ষকদের বেতন ও অন্যান্য খরচ। এ জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাতজন সদস্য ও ১৮ জন শিক্ষা অভিভাবক আর্থিক সহায়তা দেন। ব্যবস্থাপনা কমিটির সাত সদস্য হলেন: রফিকুল, ওয়াসিম, ধ্রুবজ্যোতি, নিলয় দাশ, ইশতিয়াক আল মাহমুদ, সুজা আল মামুন ও নাসিমা সিরাজী। এঁদের মধ্যে রফিকুল, নিলয় দাশ ও ইশতিয়াক পেশাগত কারণে ঢাকায় থাকেন।শিক্ষার্থীদের কথা: পাশের কাঞ্চননগর গ্রামের শাহিন আখতার ও শাকিনা বারেক বর্তমানে স্বপ্ননগর বিদ্যানিকেতনের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। ওরা বলে, ‘এখানে স্যার-ম্যাডামেরা হাতে ধরে সব শিখিয়ে দেয়।’তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ও ঢেরপাড়ার মাধব রায় বলে, ‘গ্রামে স্কুল না থাকায় বড় দুই ভাইবোন পড়তে পারেনি। বাবা-মা চান, আমি লেখাপড়া করে অনেক বড় হই।’এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দেবে বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। তাদের একজন যমুনা রায় জীবনে কখনো টেলিভিশন দেখেনি। তবে বিদ্যালয়ের নাটকে অভিনয় করেছে। যমুনা বলে, ‘বড় হয়ে আমি অভিনেত্রী হতে চাই।’লেখাপড়া শেষে ভালো কৃষক হতে চায় তৃতীয় শ্রেণীর জনি রায়।ঢেরপাড়াবাসীর কথা: শংকর রায় (৯০) বলেন, ‘চা-বাগানে কাজ করতাম। গ্রামে স্কুল না থাকায় আমি ও আমার দুই ছেলে পড়তে পারিনি। এখন নাতিরা স্কুলে যায়। লেখাপড়া শিখলে ওদের আর আমাদের মতো কষ্ট করতে হবে না।’দুলাল দাসের (৪০) তিন মেয়েই স্বপ্ননগর বিদ্যানিকেতনের শিক্ষার্থী। তিনি বলেন, ‘এখানে লেখাপড়া করতে কোনো টাকা লাগে না। আমি তো পড়তে পারিনি। মেয়েদের পড়াব। ওরা লেখাপড়া শিখে জীবনে ভালো কিছু করবে।’আলো ঘোষ বলেন, ‘একবার সরকারি লোকজন এসে চা-বাগানের জমিতে স্কুলঘর করার কারণ জানতে চান। তাঁদের বলেছি, এই স্কুল আমরা বানিয়েছি। স্কুলের সব কাজ আমরা মিলেমিশে করি। ছেলেমেয়েরা লেখাপড়া শিখলেই আমাদের দিন পাল্টাবে।’আশাবাদ: পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার বিল্লাহ প্রথম আলোকে বলেন, ‘একদল তরুণের চমৎকার উদ্যোগের ফসল স্বপ্ননগর বিদ্যানিকেতন। সারা দেশের তরুণেরা এ ধরনের উদ্যোগ নিলে বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে।’