পাহাড়ের গুচ্ছগ্রামে রেশন কার্ডের বন্ধকী ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার ঋণের ৩০ হাজার টাকা শোধ দিতে ১০ বছর আগে মুদি দোকানদার আলী মিয়ার কাছে রেশনকার্ড বন্ধক রেখেছিলেন আছিয়া বেগমের (৩৬) বাবা। তাঁর বাবা মারা গেছেন বেশ আগে। কিন্তু অভাব-অনটনের কারণে আলী মিয়ার ঋণ শোধ করে যেতে পারেননি তিনি। বাবার ঋণ শোধ করতে পারেননি আছিয়াও। তাই সরকারি রেশন এলে তুলে নেন আলী মিয়া। জীর্ণশীর্ণ রোগাক্রান্ত শরীর নিয়ে খাগড়াছড়ি সদরের কুমিল্লাটিলা গুচ্ছগ্রামে প্রায় ২২ বছর ধরে বাস করছেন আছিয়া। আছিয়া জানান, দ্বিতীয় সন্তানের জন্মের পর দারিদ্র্যের কষ্ট সইতে না পেরে নিরুদ্দেশ হয়ে যান স্বামী নুরুল আলম। সেই থেকে জীবনযুদ্ধে একাই লড়ে যাচ্ছেন তিনি। আছিয়ার মতো পক্ষাঘাতগ্রস্ত নজির আহমদ (৬২), প্রতিবন্ধী আলী আক্কাস (৫০), দিনমজুর নুরুল ইসলাম (৬০), হেকিম আলী (৫৫), মহরম আলীসহ অনেকে নগদ অর্থের প্রয়োজনে ২০-৩০ হাজার টাকা ঋণ নিয়ে বছরের পর বছর বন্ধক দিয়ে রেখেছেন তাঁদের রেশনকার্ড। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, কার্ডের মালিক তাঁরা। কিন্তু বন্ধক রাখায় এসব কার্ডের বিপরীতে সরকারি বরাদ্দের চাল-গম তুলে নিচ্ছেন এলাকার সচ্ছল ব্যক্তিরা। তাঁরা সরকারি চাল-গম বিক্রি করে দিচ্ছেন স্থানীয় খাদ্যশস্য ব্যবসায়ীদের কাছে। ফলে গুচ্ছগ্রামের গরিব মানুষকে খাদ্যসহায়তার যে ব্যবস্থা সরকার চালু রেখেছে, তা কোনো সুফল বয়ে আনছে না।জানা গেছে, পাহাড়ি জনপদে একসময় শান্তি বাহিনীর ব্যাপক হামলা-লুটপাট-অগ্নিসংযোগের পরিপ্রেক্ষিতে ১৯৮৮ সালে সেনাবাহিনী পাহাড়ে বিচ্ছিন্নভাবে বসবাসরত বাঙালিদের পরিবারগুলোকে নিজ নিজ বাড়িঘর থেকে তুলে এনে একটি নির্দিষ্ট এলাকায় বসবাসের সুযোগ করে দেয়। পরে ওই নির্দিষ্ট এলাকাকে গুচ্ছগ্রাম নাম দেওয়া হয়। পর্যায়ক্রমে তালিকা করে গুচ্ছগ্রামের পরিবারপ্রতি রেশন দেওয়া শুরু হয়।১৯৯৭ সালের ৪ ডিসেম্বর পার্বত্য চুক্তি সই হওয়ার পর শান্তি বাহিনীর বেশির ভাগ সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসে। পাহাড়ের পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু গুচ্ছগ্রামের রেশন দেওয়া চালু থাকে। গুচ্ছগ্রামগুলো ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গুচ্ছগ্রামে বসবাসকারীদের জটিল রোগের চিকিত্সা, ছেলেমেয়ের বিয়েশাদি কিংবা আগের ঋণ পরিশোধের জন্য নগদ টাকার দরকার হলে কার্ড বন্ধক দেওয়া হয়। খাগড়াছড়ি ও রাঙামাটির ৮৬টি গুচ্ছগ্রামে প্রায় ২৭ হাজার ৭০৬টি রেশনকার্ড দেওয়া হয়েছে। এর বিপরীতে বছরে খাদ্যশস্যের বরাদ্দ দেওয়া হয় ২৮ হাজার ৩৭৯ মেট্রিক টন। এসব রেশনকার্ডের মধ্যে ১২ থেকে ১৫ হাজার বন্ধক আছে। আরও প্রায় পাঁচ-সাত হাজার কার্ডের চাল-গম তুলনামূলক কম দামে অগ্রিম বিক্রি করে দেওয়া হয়। প্রতিটি কার্ডের বিপরীতে প্রতি মাসে ৮৫ দশমিক শূন্য ৬ কেজি চাল-গম ভাগাভাগি করে, আবার কখনো এককভাবে চাল কিংবা গম দেওয়া হয়।খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, গুচ্ছগ্রামে রেশন বিতরণে সরকারের কেন্দ্র থেকে কোনো নীতিমালা নেই। জেলা প্রশাসন থেকে নীতিমালা করে এটা চালু রাখা হয়েছে। প্রয়োজনে এ নীতিমালা পরিবর্তন করা হয়।কার্ড বন্ধক রাখার বিষয়টি স্বীকার করে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘এ রেশন বিতরণ পদ্ধতির যথেষ্ট অপব্যবহার হচ্ছে—এটা ঠিক। আমরা একটি নীতিমালা করে বিতরণব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করছি।’ জানা গেছে, ইউএনওর বরাদ্দপত্র অনুযায়ী স্থানীয় খাদ্যগুদাম থেকে চাল-গম তুলে প্রকল্প চেয়ারম্যানরা এলাকায় বিতরণ করেন। একটি গুচ্ছগ্রামের জন্য একজন প্রকল্প চেয়ারম্যান থাকেন। তবে যেসব কার্ড বন্ধক রয়েছে বা যাঁরা রেশনের বিপরীতে কারও কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে যান—সেসব কার্ডের বিপরীতে চাল-গম গুদাম থেকে নেওয়া হয় না। যাঁরা কার্ড বন্ধক নিয়েছেন বা অগ্রিম অর্থ দিয়ে রেশন কিনেছেন, তাঁরা এসে গুদাম থেকে চাল-গম নিয়ে যান।গত ২৪ জানুয়ারি ভুয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর থেকে রেশন বিতরণ হয়। এ গুচ্ছগ্রামে মোট রেশনকার্ডের সংখ্যা ৪১৩টি। কিন্তু রেশন আনতে গেছেন ২৫০ জন। ফলে বেলা সাড়ে তিনটার মধ্যেই রেশন বিতরণ শেষ হয়। পরদিন ২৫ জানুয়ারি কুমিল্লা টিলা গুচ্ছগ্রামের ১৫৬টি রেশনকার্ডের বিপরীতে খাদ্যশস্য বিতরণ হয়। সেখানে উপস্থিত আবদুল আউয়াল বলেন, এখানে ২০-২৫ জনের গম বিতরণ হয়েছে। বাকিটা যাঁরা কার্ড বন্ধক নিয়েছেন কিংবা অগ্রিম কিনেছেন, তাঁরা খাদ্যগুদাম বা অন্য কোথাও থেকে সরবরাহ নেবেন।খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শাহে আলম বলেন, দীর্ঘদিন ধরে এই রেশনিং ব্যবস্থা চালু রেখে গুচ্ছগ্রামের বাসিন্দাদের কার্যত অলস করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থার সুফল কিছু নেই, বরং চাল-গম বিতরণে অনিয়ম-দুর্নীতি, বাল্যবিবাহ এবং বেশি বেশি পুষ্টিহীন সন্তান জন্মদানের মতো কুফল আছে। রেশনের ক্রেতা খাদ্য ব্যবসায়ীরা: খাগড়াছড়ির গুচ্ছগ্রামের রেশনকার্ডের খাদ্যশস্যের ক্রেতা স্থানীয় কয়েকজন খাদ্য ব্যবসায়ী কিংবা ডিলার। অভিযোগ রয়েছে, জেলা সদরের বড় ব্যবসায়ীরা এ চাল-গম কেনার জন্য উপজেলা পর্যায়ে কিছু ব্যবসায়ীকে কমিশনের ভিত্তিতে ঠিক করেন। এ ব্যবসায়ীদের মধ্যে জেলা সদরের ডিলার (মেসার্স দেবনাথ ব্রাদার্সের মালিক) স্বপন চন্দ্র দেবনাথের নাম অনেকেই বলেছেন। এ ছাড়া রয়েছেন পানছড়ির আমিন শরীফ, মাটিরাঙ্গার জসিম ডিলার, মানিকছড়ির আবদুল জব্বার, দীঘিনালার আবুল কাশেম।স্বপন অবশ্য দাবি করেন, ‘আমি গুচ্ছগ্রামের রেশন কিনি না। আমি বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের কাছ থেকে চাল-গম কিনি।’ তিনি বলেন, ‘একবার টিআর ও কাবিখার খাদ্যশস্য নিয়ে প্রশাসন ঝামেলা করার পর থেকে আমি প্রকল্পের খাদ্যশস্য কেনা ছেড়ে দিই।’