পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি উচ্ছেদে অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসের পর পাহাড়ের পাদদেশে থাকা ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল ১০টা থেকে টেকনাফ সদর উপজেলার ফকিরামুড়া পাহাড়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ পর্যন্ত প্রায় শতাধিক ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহা, জেলা দক্ষিণ বন বিভাগের বন সংরক্ষক কাজী নুরুল করিম, টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসাইন ও আনসার বাহিনীর সদস্যদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদকৃত বাড়ির বাসিন্দাসহ অন্যদেরও দুই-এক দিনের মধ্যে অন্যত্র চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তাঁরা। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে উচ্ছেদকারী দল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কোনো বাধায় এই উচ্ছেদ অভিযান বন্ধ করা হবে না।