পাহাড়ের নেশা আর কাটে না
দুই দিন ধরে ওয়াসি ইব্রাহীমের জ্বর। এর মধ্যেই আদালতে যাওয়া। সকালে (গতকাল রোববার) উঠে রান্না, দেড় বছরের ওয়াসিকে তৈরি করা, বাক্স-প্যাটরা নিয়ে ময়মনসিংহ আদালতে নিজের কক্ষে গিয়ে ওয়াসিকে রাখা, ওকে খাইয়ে ঘুম পাড়ানো, ১১টায় আবার এজলাস...। সব মিলিয়ে সহকারী জজ উম্মে সরাবন তহুরার কান্নাই পাচ্ছিল। সহকর্মীর সঙ্গে মনের এই অবস্থা বর্ণনা করছিলেন সরাবন, ‘আমি একা একা আর পারি না। আরেকজন তো (মুসা) এভারেস্টে উঠে বসে আছে...।’ কিন্তু তখনো সরাবন জানেন না সত্যি সত্যি তাঁর স্বামী মুসা ইব্রাহীমের স্বপ্ন পূরণ হয়েছে, মুসা এভারেস্টে উঠেছেন।মুসা ইব্রাহীম ও সরাবন তহুরা দুজনই ছিলেন প্রথম আলোর ফিচার বিভাগের নিয়মিত প্রদায়ক। মুসা বর্তমানে ডেইলি স্টার-এর সহসম্পাদক। গতকালের আনন্দসংবাদটি কখন, কীভাবে পাওয়া? এর উত্তরে সরাবন বললেন, ‘১১টায় এজলাস শুরু হয়ে চলছিল দুপুর দেড়টা পর্যন্ত। মামলার সাক্ষী এবং উকিল তৈরি ছিলেন না বলে বিরতি। তাকিয়ে দেখি মোবাইলে ১০-১২টা মিসকল। অনিক খান নেপাল থেকে জানিয়েছে খবরটা। সেটাই মুসার বন্ধু তুষার আমাকে জানিয়েছে। তাড়াতাড়ি কম্পিউটারের সামনে যাই। দেখি নেপাল থেকে কমল আরিয়াল (মুক্তিনাথ ট্র্যাভেলস) আমাকে অভিনন্দন জানিয়ে সুসংবাদটি দিয়েছেন ই-মেইলে। কান্না চাপতে পারলাম না। “পাহাড়, পাহাড়” করে মুসা নিজের পেশাজীবনের দিকে তাকায়নি। আমার যদি ক্ষমতা থাকত, স্বপ্নপূরণের ধৈর্যের জন্য ওকে আমি নোবেল পুরস্কার দিতাম। তবে ওর এই স্বপ্ন এবার পূরণ হলো ওর বড় বোন (নূর আয়শা) আর মতি ভাইয়ের জন্য (প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান)।’মুসার বড় বোন নূর আয়শা জাতিসংঘের হয়ে কাজ করেন সুদানে। সহযোগী রিপোর্ট কর্মকর্তা। গত শুক্রবার ঢাকায় এসেছিলেন। টেলিফোনে বলছিলেন, ‘ঝুঁকিপূর্ণ স্বপ্ন, তাই বাবা-মা মুসাকে সমর্থন করতেন না। আমি দেখলাম ভাইটা যাবেই। তাই ওকে নিষেধ করিনি। ওকে প্রশ্রয় দেই বলে বাবা-মা আমার সঙ্গেও রাগ করেছেন। কিন্তু তাঁরা জানতেন না অনেক ঘুরে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ ফোনটা ও আমাকে করে। ওর যাওয়ার জন্য শুরুতে দরকার ছিল অনুমতির অর্থ। সেটা দিলাম। পরবর্তীকালেও পুরো টাকাটা যখন জোগাড় হলো না, তখন শেষমেশ আবার ফোন। “আপা, তোর কাছ থেকে ধার নেয়া ছাড়া উপায় নেই।” আবার সম্মতি। ওকে থামানো যেত না। তাই...।’মেয়ের কাছে সুদানে বেড়াতে গিয়েছিলেন আনসার আলী ও বিলকিস বেগম। তাই মুসা অভিযানে যাওয়ার সময় দেখা হয়নি। এখন তাঁরা ঢাকায়। বাবা আনসার আলী বললেন, ‘ওর মা কিংবা আমি কখনো চাইনি মুসা পাহাড়ে যাক। ভয় পেতাম, যদি ওর কিছু হয়! এখন অবশ্য অনেক ভালো লাগছে। তবে দোয়া করি ও যেন ভালোমতো নেমে আসতে পারে।’ মুসার মায়ের সঙ্গে কথা বলা যাবে?নিশ্চয়ই। ও তো এখানেই। আগেও কাঁদত, এখনো কাঁদছে।বিলকিস বেগম ফোন ধরলেন।আপনি নাকি চাননি মুসা এভারেস্টে যাক?কখনোই না। এত ঝুঁকি, এত ভয়! আমি তো মা। ভাবলাম, বিয়ের পর ছেলে স্থির হবে। হয় না। ভাবলাম, বাবা হলে পাহাড়ের নেশা কাটবে। কাটে না। ওর জন্য সারাক্ষণ নামাজ পড়েছি, দোয়া করেছি। কোরবানি দিয়েছি।এখন কেমন লাগছে?ভালো লাগছে, আনন্দ লাগছে (কাঁদতে কাঁদতে)। তবে এ কাজ বড় ঝুঁকির কাজ।মুসার ছেলেবেলার কথা বলবেন?আমরা তখন পঞ্চগড়ে। আট-নয় বছর বয়স থেকে ও শুধু নদীর ধারে ধারে ঘুরে বেড়াত। তবে ছোটবেলা থেকেই লেখাপড়ায় ভালো ছিল। বৃত্তি পেয়েছে।পাহাড়ে যাওয়ার নেশা কবে থেকে?বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর এ নেশা যেন ওকে ছাড়ে না।ওর জন্য কিছু বলবেন?কী বলব? শুধু দোয়া করি।