পাহাড়ের ফুল পানিসরা
হেমন্তের মিষ্টি এক সকাল। চারপাশে সোনারোদ ছড়ানো। কুয়াশা মোড়ানো দূরের পাহাড়ে স্পষ্ট ভ্রমণের ইঙ্গিত। এমন একটি চমৎকার সকালে কি ঘরে বসে থাকা যায়! চায়ের কাপে শেষ চুমুক দেওয়ার আগেই বান্দরবানের স্থানীয় সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা উপস্থিত। সকাল নয়টার দিকে আমরা বান্দরবানের মিলনছড়ি রিসোর্ট থেকে নীলগিরির উদ্দেশে বেরিয়ে পড়ি।পথের দুপাশে বিচিত্র ফুল, ফল আর লতাগুল্মের ঠাসবুনন। আঁকাবাঁকা পথে প্রতি মুহূর্তেই অদৃশ্য হয়ে যাচ্ছিল মনোলোভা সব দৃশ্য। হঠাৎ করেই দৃষ্টি কাড়ল অচেনা একটি ফুল। গাড়ি থামিয়ে ছবি তুলে নমুনা সংগ্রহ করে নিয়ে এলাম। বই-পুস্তক ঘেঁটে দেখি, গাছটির নাম ‘পানিসরা’। চাকমাদের দেওয়া নাম ‘মৌনছবা’। প্রচলিত অন্যান্য নামের মধ্যে ‘পিচান্দি’, ‘চুংচুংগি আন্নল’, ‘মনসিমুত্তা’, ‘কাটা হারসাঙ্গা’ ইত্যাদি উল্লেখযোগ্য। হিন্দি নাম ‘ভানসুলি’।পানিসরা (Grewia serrulata. Syn-G. laevigata) সিলেট ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের গাছ। সাধারণত বড় ধরনের গুল্ম বা ছোটখাটো বৃক্ষ হতে পারে। পাতা ভল্লাকার, ৫ থেকে ২০ সেন্টিমিটার দীর্ঘ। মঞ্জরিদণ্ড পুষ্পবৃন্তের সমান লম্বা। ফুল সাদা, আড়াই থেকে ৩ সেন্টিমিটার চওড়া, কাক্ষিক ও কুঁড়ি আয়তাকার। বৃত্যংশ পাঁচটি, আয়তাকার, রসালো, দুই খাঁজযুক্ত। বাইরে সবুজ, ভেতরে সাদা। পাপড়ির সংখ্যা পাঁচ, ডিম্বাকার, সাদা, ঝিল্লিময়, রোমহীন ও শীর্ষ ভোঁতা। পুংকেশর অসংখ্য। গর্ভাশয় রোমশ, গর্ভদণ্ড রোমহীন।ফুল ও ফলের মৌসুম ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিস্তৃত। তবে প্রধান প্রস্ফুটনকাল শরৎ-হেমন্ত। বাংলাদেশের বাইরে ভারত, নেপাল, ভুটান, অস্ট্রেলিয়া, আফ্রিকার উষ্ণমণ্ডল এবং মিয়ানমারেও সহজলভ্য। এ গাছ হাড়ভাঙা, বদহজম, বাতজ্বর, পক্ষাঘাত ও নাকের পলিপ রোগে ব্যবহার্য। পাতা গোখাদ্য, বাকলের তন্তু থেকে দড়ি বানানো যায়। কাঠ সাধারণত জ্বালানি হিসেবেই কাজে লাগে।