পাড়ায় পাড়ায় ক্রিকেট
পিচঢালা পথটাকে ক্রিকেট পিচ, আর দুই পাশের ইট-কাঠের দালানকে বাউন্ডারির সীমানা বানিয়ে পাড়ার গলিতে গলিতে ধুমছে চলছে ক্রিকেট খেলা। আইসিসির নিয়মে নয়, গলির চওড়ার ওপর নির্ভর করে সেসব খেলায় নিজেরাই নিয়ম বানিয়ে নেয় পাড়ার ক্রিকেটাররা। যেমন, লাল রঙের গেটের ভেতরে বল ঢুকলে চার, অথচ তার পাশের বাড়ির গেটের ভেতরে ঢুকলেই আউট! কারণ, সেই বাড়ির মালিক বলটা পেলে সেটি ফেরত আনতে বেশ বেগ পেতে হয়, উপরন্তু খেতে হয় বকাঝকা। এমন অভিজ্ঞতার কথা জানায় মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একাধিক ক্রিকেটপ্রেমী।সলিমুল্লাহ রোডের ৪ নম্বর রাস্তায় প্রতিদিনই বিকেলে জমে ওঠে ক্রিকেট। সেখানে ১২-১৩ জনের দলে তৃতীয় শ্রেণীর ছাত্র আরিফ আছে, আবার আছেন বয়স্ক জাভেদ সাহেব। এক বিকেলে গিয়ে দেখা গেল, সেখানে খেলছে ১৩ জন। এক দলে ১২ জন, আরেক দলে মাত্র একজন। একজন ব্যাট করছে, আর অন্যরা ফিল্ডিং। এখানে কে ব্যাটিং করবে, তা নির্ধারিত হয় একটি মজার প্রক্রিয়ায়। এক থেকে ১৩ পর্যন্ত সংখ্যাগুলো মাটিতে লেখা হয় গোপনে। প্রতিটি সংখ্যা থেকে একটি রেখা টানা হয়। এলোমেলো করে লেখা অক্ষরগুলো ঢেকে দেওয়া হয় ব্যাট দিয়ে। সবাই রেখার ওপর আঙুল রেখে ব্যাট তোলার পর যার যে সংখ্যা রেখাসংলগ্ন থাকে, সে ব্যাট করে তত নম্বরে।মিরপুর এক নম্বর সেকশন টোলারবাগের এক গলিতে খেলছিল কয়েকজন কিশোর। চক দিয়ে ১২ থেকে ১৪ ফুটের একটি গোল রেখা টানা হয়েছে। বল ব্যাটে লেগে যদি রেখার বাইরে যায় তবে ব্যাটসম্যান আউট। বল ভেতর থেকে গড়িয়ে বাইরে গেলে চার। মুনতাদিন নামে এক খেলোয়াড় জানায়, এই খেলার নাম শর্ট পিচ ক্রিকেট।মিরপুর ১ নম্বর সেকশনে মণিকানন উচ্চবিদ্যালয়ের সামনে একদল ছেলেকে দেখা গেল ব্যাট-বল হাতে। কোথায় খেলবে, সেই জায়গা খুঁজছে তারা। সাদমান সাদিত নামে এক কিশোর বলছিল, ‘এ রাস্তায় যানবাহন চলাচল কম করে, এখানেই খেলা হোক।’ ব্যস, শুরু হয়ে গেল খেলা।মিরপুর ২ নম্বর সেকশনের ৩৬-এফ রোডে দেখা গেল ভিন্ন চিত্র। তিনটি মেয়েও ক্রিকেট খেলছে। ফারিহা নামে একজন বলল, ‘বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাইয়ার সঙ্গে খেলছি।’ মিরপুর ২ নম্বর সেকশন রোডে বালুর বস্তাকে স্টাম্প বানিয়ে খেলছিল ছয়টি ছেলে। ক্লাস সিক্সের অনিক ব্যাট করছিল, যে-ই না বল মেরেছে, গিয়ে লাগল এক পথচারীর পায়ে। অনিকের বারবার ‘সরি’ বলায় পথচারীই যেন খানিকটা বিব্রত হয়ে গেলেন। শ্যামলী রিং রোডের লাভ ওয়ে নামের রাস্তায় খেলছিল কয়েকজন ছেলে, সবার পরনে পাঞ্জাবি। কথা বলে জানা গেল, তারা সবাই মাদ্রাসায় পড়ে।বিকেলে ধানমন্ডির বিভিন্ন মহল্লার রাস্তায়ও ক্রিকেট খেলতে দেখা যায়। ধানমন্ডি ১৫-এ সড়কে আটজন ছেলে মত্ত ছিল ক্রিকেটে। ‘বল লেগে পথচারীরা তো আঘাত পেতে পারে?’ এমন প্রশ্নে জিহান নামে এক ছেলে বলল, ‘মাঠে খেলার সুযোগ নেই, তাই রাস্তায় খেলি?’এদিকে পুরান ঢাকার অলিগলিতেও বিকেল হলে ক্রিকেট খেলা জমে ওঠে। লালবাগের শায়েস্তা খান রোডের পাশে হাজি বক্স লেনে খেলছিল কয়েকজন। তাদেরই একজন আবিদ বলল, ‘মাঠ নাই, এ জন্য গলিতে খেলছি।’ ওই লেনের পাশের ভবনের বাসিন্দা নুরুল ইসলাম বললেন, ‘ছরকারি জায়গ্যা ভরাট কইরা অনেকে বিল্ডিং বানাইতাছে, ছরকার চাইলে এছব উদ্ধার কইরা খেলার মাঠ বানাই দিতে পারে।’গলিতে ক্রিকেট খেলা হলে প্রায়ই বল লাগে পথচারীর গায়ে। আবার বলের আঘাতে জানালার কাচও ভেঙে যায়। তাই বাড়িওয়ালারা গলির ক্রিকেটের ঘোরবিরোধী। ক্রিকেটপ্রেমী কিশোরেরা তবু মেতে থাকে ক্রিকেটে। বাড়িওয়ালা বা পাড়ার মুরব্বিদের তাড়া খেয়ে প্রায়ই পালাতে হয় তাদের। এ ব্যাপারে ক্রিকেটপ্রেমী ও ক্রিকেটবিদ্বেষী সবার দাবি, নগরের প্রতিটি এলাকায় খেলার মাঠ চাই।