পায়রার গানের অ্যালবাম বাজারে
বৈশাখ উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘পায়রা’ চলচ্চিত্রের গানের অ্যালবাম। পায়রা ছবির গানের অ্যালবামের প্রকাশ উপলক্ষে সম্প্রতি বেইলি রোডের একটি রেস্টুরেন্টে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অ্যালবাম-সংশ্লিষ্ট শিল্পী-সুরকার-গীতিকাররা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ, সংগীত পরিচালক ইমন সাহা ও সুমন কল্যাণ। উপস্থিত ছিলেন পায়রার পরিচালক আহমেদ আজিম, নায়ক ইমন ও নায়িকা দীপালি। অনুষ্ঠানে মোড়ক উন্মোচন শেষে চলচ্চিত্রটির প্রধান সংগীত পরিচালক কিশোর বলেন, ‘চলচ্চিত্রে এটা আমার প্রথম কাজ। এর আগে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেও সরাসরি সংগীত পরিচালনা এটাই প্রথম। পায়রা ছবির কাজ করতে গিয়ে সৌভাগ্য হয়েছে কুমার বিশ্বজিত্ স্যারের জন্য একটি গান করার।’কিশোর আরও বলেন, ‘আমার খুবই ভালো লেগেছে প্রথম ছবির গানের অনুষ্ঠানে আমাকে আশীর্বাদ করতে এসেছেন আমার তিন গুরু; প্রিন্স মাহমুদ, ইমন সাহা ও সুমন কল্যাণ। এই তিনজন মানুষ আমাকে এই অল্প সময়ে অনেক কিছু দিয়েছেন। আজ নিজেকে অনেক বেশি গর্বিত মনে করছি, এই তিনজন মানুষকে সঙ্গে পেয়ে। আশা করছি, পায়রার গানগুলো সবার ভালো লাগবে।’ উল্লেখ্য, পায়রা অ্যালবামে গান রয়েছে মোট ছয়টি। এর মধ্যে চারটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর আর একটি গান করেছেন আরেক ক্লোজআপ তারকা সাব্বির। পায়রা ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্, সামিনা চৌধুরী, কনা, মুহিন, নিশিতা, শফিক তুহিন, রন্টি দাশসহ আরও অনেকে। আর গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, জাহিদ আকবর, গুঞ্জন চৌধুরী, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর প্রমুখ।