পায়ে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় আজ মঙ্গলবার বিকেলে প্রকাশ্যে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আউয়াল প্রথম আলো ডটকমকে বলেন, আরমানিটোলা তারা মসজিদ-সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৩৫) ও আমির হোসেন (৪০)। নলগোলা এলাকার বাঁধন মেটাল নামের একটি দোকানের মালিক রফিকুল। আর ব্যবস্থাপক আমির। তাঁদের দুজনেরই পায়ে গুলি লেগেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রফিকুল বলেন, নবাবপুর ইসলামী ব্যাংক থেকে ২৫ লাখ ৭০ হাজার টাকা তুলে তাঁরা নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। পথে আরমানিটোলা তারা মসজিদের সামনে থেকে দুটি মোটরসাইকেল করে চারজন যুবক তাঁদের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। এ নিয়ে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা দুজনেরই পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।