পায়েসের জায়গায় হালিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় খুলনাঞ্চলের সাধারণ মানুষের জনপ্রিয় ইফতারি ছিল গুড়-নারকেল দিয়ে তৈরি পায়েস। আর ছিল গুড়-নারকেল ও কলা দিয়ে মাখা চিড়া। সঙ্গে বিভিন্ন রকম পিঠা। এ ছাড়া ছিল দেশীয় মৌসুমি ফল। এসব এখন অতীত। সেই জায়গায় এখন এসেছে হালিম। দুই দশক ধরে খুলনার মানুষের ইফতারে ঘরোয়া ও ছোট-বড় পার্টিতে হালিম থাকছেই। হালিমের টানে দুপুরের পর থেকে ক্রেতারা ছুটছেন নগরের বিশেষ কয়েকটি ইফতারির দোকানে। নগরের বিভিন্ন স্থানে হালিম বিক্রি হলেও খুলনার সিটি ইন, ক্যাসেল সালাম ও রয়েল হোটেলের বিশেষ হালিম এবং সাউথ সেন্ট্রাল রোডের ‘নানা’ হালিমের কদর একটু বেশিই যেন। এই হালিমের গরম গরম স্বাদ পেতে ক্রেতারা যেন মুখিয়ে থাকেন।নগরের ডাকবাংলো মোড়, হেলাতলা মোড়, বড় বাজার এলাকা, ফেরিঘাট মোড়, সাউথ সেন্ট্রাল রোড, পিটিআই মোড়, রয়েলের মোড়, শিববাড়ি মোড়, নিউ মার্কেট এলাকা, ময়লাপোতা মোড়, রূপসা ফেরিঘাট, খালিশপুর এলাকা ও দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় দুপুরের পর থেকে চালু হয়ে যায় ইফতারির বাজার।এসব ইফতারির বাজারে বিক্রি হচ্ছে খেজুর, ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনি, আলু ও ডিমের চপ, পাকোড়া, কলার মোচার চপ, সবজির চপ, ফুলুরি, হালিম, চানা মসলা, ঘোল, মাঠা, ফিরনি, পিঠা, শাহি জিলাপিসহ আরও অনেক কিছু।নগরের অভিজাত ইফতারির দোকানগুলোতে বিক্রি হচ্ছে দইবড়া, ক্রিসপি চিকেন, চিকেন ললি, চিকেন গ্রিল, চিকেন ফ্রাই, চিকেন টিক্কা, চিকেন রোস্ট, গরু ও খাসির কাবাব, চিকেন কিমাকাবাব, পটেটো কুকিজ, প্রণ টোস্ট, বসনিয়ান পরোটা, আলু পরোটা, বানানাপাই, ম্যাঙ্গোপাই ইত্যাদি হরেক রকম উপাদেয় খাবার। তবে এগুলো সাধারণত কিনছেন মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর মানুষজন। দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত এসব বাজারে কেনাকাটার ধুম পড়ে যায়। মিষ্টিজাতীয় খাবারের মধ্যে খুলনার বিশেষত্ব হচ্ছে ফিরনি, পায়েস, হরেক রকম জিলাপি ও পাটিসাপটা পিঠা।প্রতিদিনই নগরের বিভিন্ন এলাকায় হোটেল-রেস্তোরাঁয় চলছে ইফতার পার্টির ধুম। এসব পার্টিতে একধরনের প্রতিযোগিতা চলছে, কে কত নতুন পদ যোগ করতে পারে।খুলনার অন্যতম ইফতারি পসরার স্বত্বাধিকারী ও নগরের অভিজাত সিটি ইন হোটেলের মালিক মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, নগরের ইফতারির বাজারে অনেকেই হালিম বিক্রি করেন। কিন্তু ক্রেতাদের কাছে ভালো ও সুস্বাদু হালিম পছন্দ। ক্রেতাদের কথা মাথায় রেখে তাঁরা ১৬ বছর ধরে ‘স্পেশাল হালিম’ বিক্রি করছেন। পাশাপাশি দইবড়াও বেশ জনপ্রিয়। খোঁজ নিয়ে জানা গেছে, ফ্যামিলিপ্যাক একটি বড় মালসার হালিম বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়, যা চার-পাঁচজন খেতে পারবেন। দইবড়া ৩০-৩৫ টাকা, ক্রিসপি চিকেন ৬০ টাকা, চিকেন ললি ৫০ টাকা, চিকেন গ্রিল ১০০ টাকা। বানানাপাই ও ম্যাঙ্গোপাই ৩০ টাকা করে বিক্রি হচ্ছে।খুলনার ইতিহাস ও ঐতিহ্য-গবেষক গোলাম মোস্তফা সিন্দাইনি জানান, ১৯৪৭-এর আগে খুলনা তথা দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের ইফতার ছিল খুবই সাদামাটা। তাঁরা চালের জাউ, নারকেল, গুড়, চিড়া, মুড়ি, খই, কলা ও মৌসুমি ফলফলাদি দিয়ে ইফতার সারতেন। পরবর্তী সময়ে পাকিস্তান হওয়ার পর খুলনা অঞ্চলে অবাঙালি বিহারিদের বিপুলসংখ্যক জনগোষ্ঠী বসবাস শুরু করেন। তাঁরা ইফতারিতে নানা পদের সমাবেশ ঘটাতে থাকেন। এর পর থেকে খুলনার ইফতারিতেও দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। বিহারিরা ছোলা ভুনা, পেঁয়াজু, বেগুনির পাশাপাশি খিচুড়ি, তেহারি, কাবাব, শাহি জিলাপির প্রচলন ঘটান। এসব উপাদেয় খাদ্য দ্রুত খুলনার মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।