পি সি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের ব্যাপ্তি প্রায় ১৭ বছর। এই দীর্ঘ সময়ে তিনটি স্কুল, একটি কলেজ ও দুটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আমার হয়েছে। এর প্রায় সব কটিই বাংলাদেশের। শুধু স্নাতকোত্তর শিক্ষার সময় একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে চার বছর শিক্ষা ও গবেষণাকাজে নিয়োজিত ছিলাম। এককভাবে ‘আমার প্রিয় শিক্ষক’ চিহ্নিত করা বেশ কঠিন কাজ। এর পরও সেই কঠিন কাজটি আমি করেছি। আমার মাধ্যমিক পর্যায়ের গণিতের শিক্ষক পি সি সরকার স্যারকে আমার প্রিয় শিক্ষকের আসনে অধিষ্ঠিত করেছি। ১৯৫৪ সালে ঢাকার সেন্ট গ্রেগরীজ স্কুলে ক্লাস এইটে পড়ার সময় তাঁকে আমরা পাই গণিতের শিক্ষক হিসেবে। এরপর তিন বছর ধরে তিনি গণিতের প্রতি আমার যে আগ্রহ সৃষ্টি করেছেন ও গণিতের বিভিন্ন শাখায় সুদৃঢ় ভিত্তি স্থাপনে সহায়তা করেছেন, পরবর্তী সময়ে তা আমার কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনে উল্লেখযোগ্য অবদান রেখেছে।উপমহাদেশের শ্রেষ্ঠ জাদুকর পি সি সরকারের নামের মিল থাকায় অনেকে তাঁকে ‘গণিতের জাদুকর’ বলেও ডাকত। এখন মনে হয়, আসলেই তিনি ছিলেন গণিতের এক জাদুকর। গণিতের দুরূহ সমস্যাগুলো যেন তাঁর জাদুতে সহজ হয়ে যেত। তাঁর নামের দুটি আদ্যক্ষর ‘পি’ ও ‘সি’-তে কী হয়, তা কখনো জানার চেষ্টা করিনি। মাত্র কয়েক বছর আগে আমাদেরই আরেক সহপাঠীর কাছ থেকে জানতে পারি ‘পি, সি’ হলো ‘ফুল চাঁদ’-এর সংক্ষিপ্ত রূপ। আমরা যখন তাঁকে শিক্ষক হিসেবে পেয়েছি, তাঁর বয়স তখন পঞ্চাশের কাছাকাছি। অত্যন্ত ধীরস্থির ও শান্ত প্রকৃতির মানুষ। একবারই তিনি আমাদের ক্লাসের ওপর রুষ্ট হয়েছিলেন, তবে পড়ালেখার জন্য নয়। একটি সহজ অঙ্কের সমাধান ভুল করায় তিনি একটি দুষ্টু ছেলেকে মৃদু ভর্ৎসনা করেন। পরদিন ছেলেটি স্যারের চেয়ারে ‘বিড়াল চিমটির’ গুঁড়া (যা শরীরে লাগলে খুবই চুলকানি হয়) ছিটিয়ে রাখে। স্যার চেয়ারে বসে অস্বস্তিকর অবস্থায় পড়েন। শেষ পর্যন্ত ক্লাস না নিয়েই চলে যান। তিনি অবশ্যই রুষ্ট হন, কিন্তু সংযম হারাননি। প্রধান শিক্ষক ব্রাদার জেমসের কাছে অভিযোগ করেন। তিনি ক্লাসে এসে যখন জানতে চান, কে এই জঘন্য কাজটি করেছে, সহপাঠীর প্রতি সহমর্মিতার কারণে আমরা চুপ করে থাকি। ফলে স্কুলের নিয়ম অনুযায়ী ক্লাসের সবাইকে ঘণ্টা খানেক ‘ডিটেনশনে’ থাকতে হয়। আমার ভাবতে অবাক লাগে, সরকার স্যার তাৎক্ষণিকভাবে আমাদের প্রতি ক্ষিপ্ত না হয়ে কীভাবে অত্যন্ত সংযমের সঙ্গে নিয়মের মধ্য দিয়ে সমস্যার মোকাবিলা করেছিলেন। এরপর আর আমাদের ক্লাসে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সরকার স্যার বেশভূষায় অত্যন্ত সাদাসিধে ছিলেন। সাদা ফুল শার্ট ও ধুতি ছাড়া অন্য কোনো পোশাকে কোনো দিন তাঁকে দেখিনি। সব সময় সাইকেলে চলাফেরা করতেন। এটাই ছিল তাঁর বাহন।গণিতে আমি বরাবর ভালো ছিলাম বলে বোধ হয় আমার প্রতি তাঁর কিছুটা অতিরিক্ত আগ্রহ বা স্নেহ ছিল। এর ফলে অনেক সময় আমার কাছে তাঁর প্রত্যাশাও ছিল অনেক বেশি। বীজগণিতের একটি সমস্যার কথা এখনো আমার মনে আছে। আমরা মাত্র (a+b)2 সূত্র ব্যবহার করা শিখেছি। ক্লাসে এসে স্যার বললেন, ab-কে দুটি সংখ্যার বর্গের বিয়োগফল হিসেবে কীভাবে লেখা যায়, তা বের করতে। আমার মনে আছে, আমি সমাধানটা করতে না পারায় আমাকে সেবার শাস্তি পেতে হয়েছিল। এতে লাভ হয়েছে এই, আজ ৫৭ বছর পরও আমি যেকোনো সংখ্যা (যেমন রাস্তায় একটি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর) দেখলেই মনে মনে সেই ফর্মুলা ব্যবহার করে দুটি সংখ্যার বর্গের বিয়োগফল হিসেবে বের করার চেষ্টা করি।১৯৫৫ সালে আমরা ক্লাস নাইনের ছাত্র। স্কুল পরিদর্শনে এলেন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক। কালো শেরওয়ানি ও সাদা পায়জামা পরিহিত শেরেবাংলা যখন ক্লাসে ঢুকলেন, তখন ক্লাস নিচ্ছিলেন সরকার স্যার। শেরেবাংলা সরকার স্যারকে জিজ্ঞাসা করলেন, তিনি কী বিষয় পড়াচ্ছেন। স্যার বললেন বীজগণিত। স্যারের হাত থেকে চক নিয়ে শেরেবাংলা ব্ল্যাকবোর্ডের এক কোনায় একটি সমস্যা লিখে বললেন, ‘দেখি, এটা তোমরা সমাধান করতে পারো কি না।’ এরপর তিনি বেরিয়ে পাশের ক্লাসে গেলেন। আমি খুব তাড়াতাড়ি সমস্যাটি সমাধান করে সরকার স্যারকে দেখালে তিনি বললেন, ‘শেরেবাংলাকে দেখিয়ে নিয়ে আসো।’ আমি খাতা নিয়ে শেরেবাংলাকে দেখালে তিনি খুব খুশি হয়ে অনেক প্রশংসা করলেন। আর ক্লাসে ফেরার পর সরকার স্যার আমাকে অভিনন্দন জানালেন। আমি সে সময় তাঁর দৃষ্টিতে যে আনন্দ ও আত্মতৃপ্তি দেখেছি, তাতে সহজেই বুঝতে পেরেছি, ছাত্রের কৃতিত্বে তিনি অত্যন্ত প্রীত হয়েছেন।পরবর্তী শিক্ষাজীবনে আরও অনেক ভালো শিক্ষকের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু সরকার স্যার যেভাবে অত্যন্ত সহজ ভাষায় গণিতের বেসিক প্রিন্সিপলস বুঝিয়ে দিয়েছিলেন, তার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে প্রকৌশল শিক্ষায় বিভিন্ন বিষয়ে গাণিতিক প্রিন্সিপল প্রয়োগ আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। সোজা কথায় বলতে হয়, আমার জীবনের দিকনির্দেশনায় তাঁর শিক্ষার যথেষ্ট প্রভাব রয়েছে। এমনকি এখনো গণিতের প্রতি আমার যে ভালোবাসা, পরবর্তী প্রজন্মকে গণিতের প্রতি আগ্রহী করার যে উদ্যম—এ সবকিছুর মূলেই রয়েছে সরকার স্যারের অবদান। এ জন্য আমি সরকার স্যারের কাছে চিরঋণী।